টাঙ্গাইলের দেলদুয়ার উপজেলার লাউহাটি ইউনিয়নের বর্ণী গ্রামে অর্ধশত বছরেরও বেশি পুরোনো জনসাধারণের চলাচলের রাস্তা বন্ধের চেষ্টার অভিযোগে সংবাদ সম্মেলন করেছেন স্থানীয় এলাকাবাসী। মঙ্গলবার দুপুরে টাঙ্গাইল প্রেসক্লাবের অডিটোরিয়ামে উপজেলার লাউহাটি ইউনিয়নের বর্ণী গ্রামের এলাকাবাসীর আয়োজনে এই সংবাদ সম্মেলন করা হয়। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন এলাকাবাসীর পক্ষে আব্দুল আউয়াল।
এ সময় তিনি লিখিত বক্তব্য বলেন, স্থানীয় একটি প্রভাবশালী মহলের বিরুদ্ধে রাস্তা দখল করে মানুষের চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি করা হচ্ছে। এতে দীর্ঘদিন ধরে রাস্তাটি ব্যবহার করে আসা গ্রামের সাধারণ মানুষ ও কৃষকেরা ভোগান্তির আশঙ্কায় রয়েছেন। দীর্ঘদিন ধরে গ্রামের মানুষ যাতায়াত এবং কৃষিপণ্য পরিবহনে ব্যবহার করে আসছেন এই রাস্তাটি।
তাঁর দাবি, ২০২৬ সালের ২ জুন নাগরপুর-দেলদুয়ারের সংসদ সদস্যের মাধ্যমে প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার কার্যালয়ের বরাদ্দে রাস্তাটিতে পুনরায় মাটি ফেলে সংস্কার করা হয়। এর আগে উপজেলা পরিষদের প্রকল্পেও রাস্তাটি সংস্কার করা হয়েছিল।
লিখিত বক্তব্যে আরও বলা হয়, ২০২৫ সালের ১৯ ফেব্রুয়ারি ৫৯৯/২৫ নম্বর দলিলের মাধ্যমে শিল্পী রানী দাস গং রাস্তাসংলগ্ন জমি হেরেন্ডপাড়া গ্রামের সেলিম রেজা গংয়ের কাছে বিক্রি করেন। রাস্তাটিতে গাছের চারা রোপণ করে চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টির অভিযোগও করেছেন তাঁরা। পরে স্থানীয় চেয়ারম্যান, ইউপি সদস্য ও গ্রাম পুলিশের সহযোগিতায় ওই প্রতিবন্ধকতা অপসারণ করা হয় বলে সংবাদ সম্মেলনে জানানো হয়।
সংবাদ সম্মেলনে বক্তারা নিরপেক্ষ তদন্তের দাবি জানান। একই সঙ্গে তদন্ত শেষ না হওয়া পর্যন্ত জনসাধারণের চলাচলে কোনো ধরনের প্রতিবন্ধকতা সৃষ্টি না করার জন্য প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন তাঁরা।
এসময় লাউহাটি ইউনিয়নের ২ নং ওয়াডে ইউপি সদস্য মো. নাসির উদ্দিন, বর্ণী গ্রামের মো. লিটন মিয়া, মো. আকতার হোসেন ,আঞ্জুমান আরা, সুশীল রাজবংশীসহ অন্যান্য ব্যক্তিবর্গও উপস্থিত ছিলেন।
পড়ুন : সরকারি দপ্তরে ৫ লাখের বেশি শূন্যপদ পূরণে ৩ ধাপের পরিকল্পনা


