চাঁপাইনবাবগঞ্জের বিচারিক আদালতের কয়েকজন কর্মকর্তা-কর্মচারীর বিরুদ্ধে ঘুষ বাণিজ্যের দাবি, বিচারপ্রার্থীদের হয়রানি এবং মামলার নথি ও নকল সরবরাহে অযৌক্তিক বিলম্বের গুরুতর অভিযোগ উঠেছে। দীর্ঘদিন ধরে আদালতে মামলা পরিচালনা করতে গিয়ে নানা ধরনের ভোগান্তির শিকার হচ্ছেন বলে দাবি করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের এক নেত্রী।
বুধবার (১১ নভেম্বর) দুপুরে চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব অভিযোগ তুলে ধরেন চাঁপাইনবাবগঞ্জ জেলা জাতীয়তাবাদী মহিলা দলের শিক্ষা বিষয়ক সম্পাদক ও ভোলাহাট উপজেলা পরিষদের সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান মোসা. শাহনাজ খাতুন।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে শাহনাজ খাতুন জানান, ২০১৮ সালে তাকে হয়রানির উদ্দেশ্যে পুলিশ গ্রেপ্তার করতে গেলে তাকে বাড়িতে না পেয়ে তার বোন আফরোজা বেগমকে আটক করে নিয়ে যায়। পরবর্তীতে তার বোনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়। মামলাটি দীর্ঘ প্রায় ৯ বছর ধরে বিচারাধীন রয়েছে এবং বর্তমানে রায়ের অপেক্ষায় রয়েছে বলে তিনি উল্লেখ করেন।
শাহনাজ খাতুনের অভিযোগ, দীর্ঘদিন ধরে চলমান ওই মামলাটি নিষ্পত্তির বিষয়ে সংশ্লিষ্ট আদালতের পেশকার মো. মোক্তার আলী তার কাছে এক লাখ টাকা ঘুষ দাবি করেন। কিন্তু দাবিকৃত টাকা দিতে অস্বীকৃতি জানানোয় মামলার রায় প্রভাবিত হতে পারে বলে আশঙ্কা করছেন তিনি। এ ঘটনায় তিনি চরম উদ্বেগ ও নিরাপত্তাহীনতায় ভুগছেন বলেও সংবাদ সম্মেলনে জানান।
এদিকে, চলতি বছরের ৬ মে প্রতিপক্ষের বিরুদ্ধে শাহনাজ খাতুন একটি মামলা দায়ের করেন। মামলাটি প্রায় পাঁচ মাস তদন্ত শেষে গত ২১ সেপ্টেম্বর পুলিশ আদালতে তদন্ত প্রতিবেদন দাখিল করে। প্রতিবেদন পর্যালোচনা করে আদালত সংশ্লিষ্ট আসামির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন।
তার অভিযোগ, এরপর ওই আদালতের পেশকার মো. মাসুদ তার কাছে ১৫ হাজার টাকা ঘুষ দাবি করেন। দাবিকৃত টাকা দিলে আসামিকে গ্রেপ্তার করে কারাগারে পাঠানোর ব্যবস্থা করা হবে বলে তাকে জানানো হয়। এ ঘটনায় আদালতের বিচারিক কার্যক্রম ও সাধারণ বিচারপ্রার্থীদের ভোগান্তি নিয়ে প্রশ্ন উঠেছে বলে মন্তব্য করেন তিনি।
শুধু পেশকারদের বিরুদ্ধেই নয়, চাঁপাইনবাবগঞ্জ জেলা জজ আদালতের নকল শাখার বিরুদ্ধেও অতিরিক্ত অর্থ আদায় ও হয়রানির অভিযোগ তুলেছেন শাহনাজ খাতুন। তিনি বলেন, মামলার প্রয়োজনীয় নথি কিংবা রায়ের নকল সংগ্রহ করতে গেলে নির্ধারিত ফির বাইরে অতিরিক্ত অর্থ দাবি করা হয়। দাবিকৃত অতিরিক্ত অর্থ দিতে না চাইলে নকল সরবরাহে অযৌক্তিক বিলম্ব করা হচ্ছে।
এক্ষেত্রে নকল শাখার প্রধান রুহুল আমিন ও শরিফা খাতুনের বিরুদ্ধে নথি ও নকল সরবরাহে অহেতুক বিলম্ব করার অভিযোগ করেন তিনি।
তার দাবি, আদালতের মতো গুরুত্বপূর্ণ ও সংবেদনশীল প্রতিষ্ঠানে বিচারপ্রার্থীদের হয়রানি কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। বিচারপ্রার্থীরা ন্যায়বিচারের আশায় আদালতের দ্বারস্থ হন। সেখানে যদি অর্থের বিনিময়ে কাজের গতি নির্ধারিত হয়, তাহলে সাধারণ মানুষের বিচার পাওয়ার অধিকার বাধাগ্রস্ত হওয়ার আশঙ্কা তৈরি হয়।
সংবাদ সম্মেলনে শাহনাজ খাতুন বলেন, আদালত মানুষের শেষ আশ্রয়স্থল। একজন সাধারণ বিচারপ্রার্থী ন্যায়বিচারের প্রত্যাশা নিয়ে আদালতে আসেন। কিন্তু সেখানে যদি ঘুষ দাবি ও হয়রানির শিকার হতে হয়, তাহলে বিচারব্যবস্থার প্রতি মানুষের আস্থা ক্ষতিগ্রস্ত হবে। তাই তার উত্থাপিত অভিযোগগুলো গুরুত্বের সঙ্গে তদন্ত করে প্রকৃত ঘটনা উদ্ঘাটন এবং জড়িতদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা জরুরি।
তিনি আরও বলেন, ব্যক্তিগত কোনো স্বার্থে নয়, বরং বিচারপ্রার্থীদের হয়রানি বন্ধ এবং আদালতের স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করার স্বার্থেই তিনি এসব অভিযোগ জনসমক্ষে তুলে ধরেছেন। একই সঙ্গে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে অভিযোগগুলোর নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান।
এ বিষয়ে অভিযুক্ত পেশকার মো. মোক্তার আলীর সঙ্গে যোগাযোগ করা হলে তিনি ঘুষ দাবির অভিযোগ অস্বীকার করেন। তিনি বলেন, ‘তিনি আমাকে ব্ল্যাকমেইল করতে চান।’
তবে সংবাদ সম্মেলনে অভিযোগের বিষয়ে সংশ্লিষ্ট পেশকার ও নকল শাখার দায়িত্বপ্রাপ্তদের বক্তব্য পাওয়া যায়নি। অভিযোগগুলোর বিষয়ে তাদের বক্তব্য পাওয়া গেলে তা গুরুত্বের সঙ্গে প্রকাশ করা হবে।
সংবাদ সম্মেলনে শাহনাজ খাতুনের ছোট বোন আফরোজা বেগম ও আত্মীয় রেজওয়ান উপস্থিত ছিলেন।
পড়ুন : নওগাঁয় সরকারি সেবা প্রাপ্তিতে নাগরিক সংলাপ


