ঐতিহাসিক অর্জনের স্মৃতি নিয়ে দেশে ফিরলেন শিপন মিয়া ও কোচ আব্দুল্লাহ হেল-কাফি

আন্তর্জাতিক ক্রীড়াঙ্গনে বাংলাদেশের জন্য নতুন ইতিহাস গড়ে দেশে ফিরেছেন তরুণ স্প্রিন্টার শিপন মিয়া। সেনেগালের রাজধানী ডাকারে অনুষ্ঠিত ৪র্থ ইয়ুথ অলিম্পিক গেমস-২০২৬-এ বাংলাদেশের প্রতিনিধিত্ব শেষে আজ বুধবার সকাল ৯টা ৪৮ মিনিটে ইথিওপিয়ান এয়ারলাইন্সের ET 680 ফ্লাইটযোগে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন শিপন মিয়া ও তাঁর কোচ জনাব আব্দুল্লাহ হেল-কাফি। একই ফ্লাইটে দেশে ফেরেন ৪র্থ ইয়ুথ অলিম্পিক গেমস-২০২৬-এ বাংলাদেশ দলের সেফ দ্য মিশন ও জাতীয় ক্রীড়া পরিষদের নির্বাহী পরিচালক জনাব মোঃ দৌলতুজ্জামান খাঁন।

এ সময় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বাংলাদেশ এ্যাথলেটিক্স ফেডারেশনের পক্ষ থেকে তাঁদের উষ্ণ অভ্যর্থনা জানানো হয়। ফেডারেশনের কার্যনির্বাহী সদস্য জনাব মহিউদ্দিন আহমেদ মোস্তাক ও জনাব মোঃ মিলজার হোসেন এবং জাতীয় এ্যাথলেট মিসেস রেহেনা পারভীন ফুলেল শুভেচ্ছার মাধ্যমে শিপন মিয়া, তাঁর কোচ কাম ম্যানেজার জনাব আব্দুল্লাহ হেল-কাফি এবং দলের সেফ দ্য মিশন জনাব মোঃ দৌলতুজ্জামান খাঁনকে বরণ করে নেন। এ সময় তাঁদের দেশে প্রত্যাবর্তনে আনন্দ ও শুভেচ্ছা বিনিময়ের মধ্য দিয়ে এক আন্তরিক ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশের সৃষ্টি হয়।

ডাকার যুব অলিম্পিকে পুরুষদের ১০০ মিটার স্প্রিন্টে দুর্দান্ত পারফরম্যান্সের নিজের পারসোনাল বেস্ট ১১.০৯ সেকেন্ড সময় নিয়ে সেমিফাইনালে ১৫জনের মধ্যে ৭তম স্থান অর্জন করে ফাইনালে জায়গা করে নেন শিপন মিয়া। ফাইনালে ১১.১৮ সেকেন্ড সময় নিয়ে ৯ জন প্রতিযোগীর মধ্যে সপ্তম স্থান অর্জন করেন তিনি।

শুধু ফাইনালে অংশগ্রহণই নয়, শিপন মিয়ার এই অর্জন বাংলাদেশের এ্যাথলেটিক্স ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক। যুব অলিম্পিক গেমসের ইতিহাসে ১০০ মিটার স্প্রিন্টের ফাইনালে অংশগ্রহণকারী প্রথম বাংলাদেশি এ্যাথলেট হিসেবে নিজের নাম ইতিহাসের পাতায় স্থান করে নিয়েছেন তিনি।

তাঁর এই সাফল্য দেশের তরুণ এ্যাথলেটদের জন্য নতুন অনুপ্রেরণা এবং আন্তর্জাতিক পর্যায়ে বাংলাদেশের এ্যাথলেটিক্সের অগ্রযাত্রায় একটি আশাব্যঞ্জক অধ্যায়। বাংলাদেশ এ্যাথলেটিক্স ফেডারেশনের পক্ষ থেকে শিপন মিয়া ও কোচ জনাব আব্দুল্লাহ হেল-কাফিকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানানো হচ্ছে। তাঁদের এই অভিজ্ঞতা ও অর্জন ভবিষ্যতে দেশের এ্যাথলেটিক্সকে আরও এগিয়ে নিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে ফেডারেশন আশাবাদী। স্বপ্ন হোক আরও বড়, লক্ষ্য হোক বিশ্বজয়। লাল-সবুজের পতাকা উড়ুক আন্তর্জাতিক এ্যাথলেটিক্সের প্রতিটি মঞ্চে।

বিজ্ঞাপন

পড়ুন : অধিনায়ক হামজা চৌধুরী, একাদশে তিন পরিবর্তন বাংলাদেশের

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন