নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজারে আবারও বাড়তি দামের চাপ তৈরি হয়েছে। বিশেষ করে মসলা পণ্যের মধ্যে জিরা, এলাচ, লবঙ্গ ও আদার দাম বেড়েছে। গত দুই সপ্তাহের ব্যবধানে প্রতি কেজি জিরার দাম বেড়েছে ৪০ থেকে ৫০ টাকা। আর এলাচের দাম বেড়েছে প্রায় ৩০০ টাকা। একই সঙ্গে কিছুটা বেড়েছে চাল ও ছোলার দামও। তবে স্বস্তির খবর হচ্ছে, বাজারে শীতকালীন সবজির সরবরাহ বাড়তে শুরু করায় বেশ কয়েকটি সবজির দাম কমেছে। সবজির সরবরাহ বাড়ায় ডিম ও মুরগির বাজারেও বড় ধরনের অস্থিরতা দেখা যায়নি।
গতকাল বুধবার রাজধানীর আগারগাঁও, মহাখালী ও কারওয়ান বাজার ঘুরে এমন চিত্র পাওয়া গেছে। বাজারসংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, পাইকারি বাজারে দাম বাড়ার প্রভাব পড়ছে খুচরা পর্যায়ে। বিশেষ করে আন্তর্জাতিক বাজারে মসলার দাম বৃদ্ধি এবং পরিবহন ব্যয় বেড়ে যাওয়াকে দাম বাড়ার কারণ হিসেবে উল্লেখ করছেন ব্যবসায়ীরা।
খুচরা বাজারে বর্তমানে মানভেদে প্রতি কেজি জিরা বিক্রি হচ্ছে ৫৪০ থেকে ৬০০ টাকায়। অথচ দুই সপ্তাহ আগেও এই মসলার দাম ছিল ৫০০ থেকে ৫৫০ টাকা। অর্থাৎ অল্প সময়ের ব্যবধানে প্রতি কেজি জিরার দাম বেড়েছে ৪০ থেকে ৫০ টাকা।
জিরার চেয়েও বেশি বেড়েছে এলাচের দাম। ১৫ থেকে ২০ দিন আগে মানভেদে প্রতি কেজি এলাচ বিক্রি হয়েছিল ৪ হাজার ৩০০ থেকে ৫ হাজার ২০০ টাকায়। বর্তমানে তা বিক্রি হচ্ছে ৪ হাজার ৬০০ থেকে ৫ হাজার ৫০০ টাকায়। এতে প্রতি কেজি এলাচের দাম বেড়েছে প্রায় ৩০০ টাকা।
এ ছাড়া গত দেড় মাসে প্রতি কেজি লবঙ্গের দাম বেড়েছে প্রায় ৫০ টাকা। বর্তমানে খুচরা বাজারে লবঙ্গ বিক্রি হচ্ছে ১ হাজার ৪০০ থেকে ১ হাজার ৫০০ টাকায়। অন্যদিকে এক মাসের ব্যবধানে আদার দামও কেজিতে প্রায় ২০ টাকা বেড়েছে। বর্তমানে দেশি আদা ১২০ থেকে ১৫০ টাকা এবং আমদানি করা আদা ১৬০ থেকে ২০০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।
তবে পেঁয়াজের বাজারে বড় কোনো পরিবর্তন দেখা যায়নি। মান ও বাজারভেদে প্রতি কেজি পেঁয়াজ বিক্রি হচ্ছে ৪০ থেকে ৬০ টাকায়।
কারওয়ান বাজারের আব্দুর রব স্টোরের স্বত্বাধিকারী মো. নাঈম বলেন, ‘এলাচ আর জিরার দাম বেশি বেড়েছে। পাইকারি বাজারে বাড়ার কারণে খুচরায় বাড়ছে। পাইকারি ব্যবসায়ীরা জানিয়েছেন, বিশ্ববাজারে মসলার দাম এবং ট্রাকের ভাড়া বেড়েছে। এ কারণে তাঁদের দাম বাড়াতে হচ্ছে।’
তবে দীর্ঘমেয়াদি চিত্রে মসলার বাজারে ভিন্ন তথ্য পাওয়া যাচ্ছে। সরকারি সংস্থা ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) তথ্য অনুযায়ী, এক বছরের ব্যবধানে জিরা, এলাচ ও আদার দাম যথাক্রমে ১১, ১ ও ৫ শতাংশ কমেছে। বিপরীতে লবঙ্গের দাম বেড়েছে ৩ শতাংশের বেশি। একই সময়ে পেঁয়াজের দাম কমেছে ৫৭ শতাংশ। অর্থাৎ সাম্প্রতিক সময়ে কিছু পণ্যের দাম বাড়লেও এক বছরের তুলনায় কয়েকটি পণ্যের দাম এখনো কম রয়েছে।
মসলার পাশাপাশি চালের বাজারেও কিছুটা ঊর্ধ্বমুখী প্রবণতা দেখা গেছে। খুচরা বাজারে প্রতি কেজি সরু চাল বিক্রি হচ্ছে ৭০ থেকে ৮৫ টাকায়। মাঝারি মানের চালের দাম ৫৫ থেকে ৬৪ টাকা। সপ্তাহের ব্যবধানে এই দুই ধরনের চালের দাম কেজিতে ১ থেকে ২ টাকা বেড়েছে। তবে মোটা চালের দাম অপরিবর্তিত রয়েছে। প্রতি কেজি মোটা চাল বিক্রি হচ্ছে ৫০ থেকে ৫৫ টাকায়।
এদিকে ছোলার দামও বেড়েছে। এক মাসের ব্যবধানে পণ্যটির দাম প্রায় ১০ শতাংশ বৃদ্ধি পেয়েছে। বর্তমানে প্রতি কেজি ছোলা বিক্রি হচ্ছে ১০০ থেকে ১২০ টাকায়। রমজানসহ বিভিন্ন সময়ে ছোলার চাহিদা বাড়ার বিষয়টি গুরুত্বপূর্ণ হলেও বর্তমান বাজারে দাম বৃদ্ধির ফলে সাধারণ ক্রেতাদের বাড়তি খরচ করতে হচ্ছে।
মসলা ও চালের বাজারে যখন বাড়তি দামের চাপ, তখন শীতকালীন সবজির বাজারে কিছুটা স্বস্তি ফিরতে শুরু করেছে। বাজারে শীতের বিভিন্ন ধরনের সবজির সরবরাহ বাড়ছে। ফলে বেশ কয়েকটি সবজির দাম কমেছে। খুচরা বাজারে প্রতি কেজি শিম বিক্রি হচ্ছে ৫০ থেকে ৭০ টাকায়। পটোল, মুলা ও ঢ্যাঁড়শের দাম রয়েছে ৪০ থেকে ৫০ টাকার মধ্যে। উচ্ছে বিক্রি হচ্ছে ৬০ থেকে ৭০ টাকায়।
তবে সব ধরনের সবজির দাম কমেনি। বেগুনের দাম তুলনামূলক বেশি। বর্তমানে প্রতি কেজি লম্বা বেগুন কিনতে ক্রেতাদের গুনতে হচ্ছে ৬০ থেকে ৮০ টাকা। অন্যদিকে ফুলকপি ও বাঁধাকপির দাম এবার অনেকটাই স্বাভাবিক রয়েছে। মাঝারি আকারের প্রতিটি ফুলকপি ও বাঁধাকপি বিক্রি হচ্ছে ২৫ থেকে ৩৫ টাকায়।
কাঁচামরিচের দামও তুলনামূলক কম রয়েছে। বাজারে প্রতি কেজি কাঁচামরিচ বিক্রি হচ্ছে ৭০ থেকে ১২০ টাকায়। সরবরাহ বাড়ার কারণে এসব সবজির দাম আরও কমতে পারে বলে আশা করছেন বাজারসংশ্লিষ্ট ব্যক্তিরা।
সবজির সরবরাহ বাড়ায় ডিম ও মুরগির বাজারে আপাতত বড় ধরনের মূল্যবৃদ্ধি দেখা যাচ্ছে না। খুচরা বাজারে ফার্মের প্রতি ডজন ডিম বিক্রি হচ্ছে ১২৫ থেকে ১৩৫ টাকায়। ব্রয়লার মুরগির দাম গত সপ্তাহের মতোই রয়েছে। প্রতি কেজি ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে ১৭০ থেকে ১৮৫ টাকায়। আর সোনালি মুরগির কেজি বিক্রি হচ্ছে ২৫০ থেকে ২৮০ টাকায়।
অন্যদিকে মাছের বাজারে উল্লেখযোগ্য কোনো পরিবর্তন দেখা যায়নি। আগের দরেই বিভিন্ন ধরনের মাছ বিক্রি হচ্ছে বলে জানিয়েছেন ব্যবসায়ীরা।
সব মিলিয়ে রাজধানীর নিত্যপণ্যের বাজারে মিশ্র পরিস্থিতি বিরাজ করছে। একদিকে মসলা, চাল ও ছোলার দাম বাড়ায় ক্রেতাদের বাড়তি অর্থ ব্যয় করতে হচ্ছে, অন্যদিকে শীতকালীন সবজির সরবরাহ বৃদ্ধি কিছুটা স্বস্তি এনে দিয়েছে। তবে বাজারে পণ্যের দাম স্থিতিশীল রাখতে পাইকারি ও খুচরা পর্যায়ে নজরদারি বাড়ানোর পাশাপাশি সরবরাহব্যবস্থা স্বাভাবিক রাখার ওপর গুরুত্ব দিচ্ছেন সংশ্লিষ্টরা।
পড়ুন:ইন্দোনেশিয়ায় বিলিয়ন ডলার পণ্য রপ্তানির আহবান : চট্টগ্রাম চেম্বার সভাপতি
ইমি/


