নিলামের বালুতে মন ভরেনি! শিবচরে দিন ও রাতের আঁধারে সরকারি মাটি কাটার অভিযোগ

সরকারি বালু উত্তোলনের জন্য হয়েছে নিলাম, নির্ধারণ করা হয়েছে নির্দিষ্ট এলাকা ও পরিমাণ। সেতুর নিরাপত্তার স্বার্থে দেওয়া হয়েছে ৩০০ মিটারের মধ্যে বালু উত্তোলনে স্পষ্ট নিষেধাজ্ঞাও। কিন্তু অভিযোগ উঠেছে, কাগজে-কলমে থাকা সেই শর্তের তোয়াক্কা না করেই চলছে বালু কাটা। শুধু নিলামে কেনা বালু নয়, সরকারি সম্পত্তির অতিরিক্ত বালু-মাটিও কেটে নেওয়ার অভিযোগ উঠেছে ঠিকাদারি প্রতিষ্ঠানের বিরুদ্ধে। অভিযোগ রয়েছে,দিন ও রাতের আঁধারকে বেছে নিয়ে চলছে এই কর্মযজ্ঞ। ঘটনাস্থল মাদারীপুরের শিবচর উপজেলার নয়াবাজার সেতু এলাকা।

বিজ্ঞাপন

স্থানীয়দের অভিযোগ, প্রভাবশালী ঠিকাদারদের বালু উত্তোলনের কারণে এখন ঝুঁকির মুখে পড়েছে গুরুত্বপূর্ণ নয়াবাজার সেতু। তাঁদের প্রশ্ন, সরকারি নিলামের শর্ত যদি বাস্তবায়নই না হয়, তাহলে এত আয়োজন করে নিলাম ও মনিটরিং কমিটি গঠনের প্রয়োজন কী? আর সেতুর নিরাপত্তা বিঘ্নিত হওয়ার আশঙ্কা তৈরি হলেও সংশ্লিষ্ট দপ্তরগুলো কেন কার্যকর ব্যবস্থা নিচ্ছে না?

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, আড়িয়াল খাঁ নদসংলগ্ন এলাকায় ড্রেজিং ও ড্রেজড ম্যাটেরিয়াল ব্যবস্থাপনা প্রকল্পের আওতায় গত বছরের ডিসেম্বর মাসে পানি উন্নয়ন বোর্ডের মাধ্যমে শিবচর উপজেলার নয়াবাজারসহ জেলার কয়েকটি স্থানে উত্তোলিত বালু বিক্রির জন্য নিলাম বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। জেলা ড্রেজিং ও ড্রেজড ম্যাটেরিয়াল ব্যবস্থাপনা মনিটরিং কমিটির মাধ্যমে শর্তসাপেক্ষে পরিচালিত হয় নিলাম কার্যক্রম।

নিলাম বিজ্ঞপ্তির শর্তে স্পষ্ট উল্লেখ ছিল, নয়াবাজার সেতুর স্থায়ী নিরাপত্তা ও স্বার্থ বিবেচনায় সেতুর দক্ষিণ দিকের ৩০০ মিটারের মধ্যে কোনো ধরনের বালু আহরণ বা উত্তোলন করা যাবে না। অথচ স্থানীয়দের অভিযোগ, সেই নিষেধাজ্ঞাকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়েই সেতুর কাছাকাছি এলাকায় বালু উত্তোলন করা হয়েছে। দিনের পাশাপাশি রাতের আঁধারেও বালু কাটার অভিযোগ উঠেছে।

নিলাম-সংশ্লিষ্ট সূত্রের তথ্য অনুযায়ী, প্রকল্পের আওতায় মোট ১ কোটি ৭৫ লাখ ৮৩ হাজার ৪৫৬ ঘনফুট বালু বিক্রির জন্য নিলাম আহ্বান করা হয়েছিল। এর চুক্তিমূল্য নির্ধারণ করা হয় ১ কোটি ৩৮ লাখ ৭৫ হাজার টাকা। ভ্যাট ও ট্যাক্স বাদে সরকারি হিসাবে জমা পড়ে প্রায় ১৬ কোটি ৬৫ লাখ টাকা। চুক্তির শর্ত অনুযায়ী, ৯০ দিনের মধ্যে নির্ধারিত কার্যক্রম সম্পন্ন করার কথা ছিল।

নিলাম কার্যক্রম তদারকির জন্য জেলা প্রশাসককে সভাপতি করে গঠন করা হয় মনিটরিং কমিটি। এতে উপজেলা নির্বাহী কর্মকর্তা, পানি উন্নয়ন বোর্ড, বন বিভাগসহ সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরের প্রতিনিধিদের রাখা হয়।

সরেজমিনে স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা যায়, নিলামে নির্ধারিত বালুর বাইরেও অতিরিক্ত সরকারি বালু-মাটি কেটে নেওয়ার অভিযোগ রয়েছে। তাঁদের দাবি, সেতুর নিরাপত্তার জন্য নির্ধারিত নিষিদ্ধ এলাকার মধ্যেও বালু উত্তোলন করা হয়েছে। এতে সেতুর আশপাশের মাটি সরে গিয়ে স্থাপনার নিরাপত্তা বিঘ্নিত হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে।

স্থানীয় কয়েকজন বাসিন্দা ক্ষোভ প্রকাশ করে বলেন, বালু কাটার বিষয়ে প্রতিবাদ করতে গেলেই ভয়ভীতি ও মারধরের হুমকি দেওয়া হয়। তাঁদের ভাষায়, ‘আমরা কিছু বলতে গেলেই মারতে আসে। যেখান থেকে বালু কাটার কথা, সেখান থেকে না কেটে সরকারি মাটি কেটে নেওয়া হয়েছে। এখন নয়াবাজার সেতু হুমকির মুখে। তাঁরা প্রভাবশালী, তাঁদের বিরুদ্ধে কথা বলার সাহস কেউ পায় না। সরকারি লোকজনই যদি ব্যবস্থা নিতে না পারে, তাহলে সাধারণ মানুষ কী করবে?’

স্থানীয় আলমগীর হোসেন, রেদওয়ান হক, রুবেল মাতুব্বর ও জিসান সিকদারসহ কয়েকজন বলেন, সরকারি নিয়মনীতি উপেক্ষা করে বালু উত্তোলন করা হয়েছে। তাঁদের অভিযোগ, নিলামে কেনা বালুর পাশাপাশি সরকারি সম্পত্তির অন্য অংশ থেকেও মাটি কেটে নেওয়া হয়েছে। এভাবে চলতে থাকলে নয়াবাজার সেতুর নিরাপত্তা বড় ধরনের ঝুঁকিতে পড়তে পারে।

তাঁরা বলেন, ‘আমরা চাই প্রশাসন সরেজমিনে এসে বিষয়টি তদন্ত করুক। কোথা থেকে কতটুকু বালু কাটা হয়েছে, তা পরিমাপ করা হোক। সরকারি সম্পদ কেউ নিজের ইচ্ছেমতো নিয়ে যেতে পারে না।’

অভিযোগের বিষয়ে ঠিকাদার জাফর চৌধুরী বলেন, ‘আমরা যখন বালু নিলামে কিনেছিলাম, তখন তাদের কোনো শর্ত ছিল না। পরে যখন ওই মাটিগুলো কেটেছি, তখন তারা নোটিশ জারি করে শর্ত বসিয়েছে। এ বিষয়ে আমরা হাইকোর্টে যাব।’

অন্য ঠিকাদার শাহাদাত হোসেন বলেন, ‘বিষয়টি আমাদের ভুল হয়েছে। পরে আমরা প্রশাসনের সঙ্গে বসে যতটুকু বালু কাটা হয়েছে, ততটুকু ভরাট করে দেওয়ার কথা বলেছি।’

এ বিষয়ে মাদারীপুর পানি উন্নয়ন বোর্ডের উপবিভাগীয় প্রকৌশলী আবু সাদাত মো. হাসান কবির বলেন, ‘এ বিষয়ে একটি কমিটি গঠন করা হয়েছে। কমিটির প্রধান জেলা প্রশাসক। তিনি বিষয়টি ভালো বলতে পারবেন। তবে যারা সরকারি মাটি কেটে নিয়েছে, তারা ভরাট করে দেওয়ার কথা বলেছে।’

ব্যবস্থা নেওয়ার বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, ‘আমরা ব্যবস্থা নেওয়ার কেউ না। ব্যবস্থা নেওয়ার দায়িত্ব জেলা প্রশাসনের।’

অন্যদিকে শিবচর উপজেলা নির্বাহী কর্মকর্তা এইচ এম ইবনে মিজান বলেন, ‘বিষয়টি জানার পর আমরা সরেজমিনে তদন্ত করেছি। যারা বালু নিলাম কমিটির দায়িত্বে ছিলেন, তাঁদের বিষয়টি জানিয়েছি। সংশ্লিষ্ট কমিটিকে ব্যবস্থা নেওয়ার বিষয়ে অবগত করা হয়েছে।’

এ বিষয়ে বক্তব্য জানতে জেলা প্রশাসক মর্জিনা আক্তারের মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন কেটে দেওয়ায় তাঁর বক্তব্য পাওয়া যায়নি।

অভিযোগের সত্যতা যাচাই করে উত্তোলিত বালুর পরিমাণ নির্ধারণ, নিষিদ্ধ এলাকায় বালু কাটার বিষয়টি তদন্ত এবং দায়ীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন স্থানীয়রা।

পড়ুন : বিশ্ব নিউমোনিয়া দিবস আজ: দেশে শিশু মৃত্যুর নেপথ্যে তীব্র নিউমোনিয়া

সা/

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন