খাদ্যশস্যের পুষ্টিমান বৃদ্ধি ও পুষ্টিবিষয়ক জনসচেতনতা তৈরির লক্ষ্যে ঠাকুরগাঁওয়ে কমিউনিটি ভলান্টিয়ার ও সম্প্রসারণকর্মীদের প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। এতে কমিউনিটি পর্যায়ে কর্মরত ২৫ জন ভলান্টিয়ার ও সম্প্রসারণকর্মী অংশ নেন।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) সকালে ঠাকুরগাঁও সদর উপজেলার মানবকল্যাণ পরিষদের সম্মেলন কক্ষে এ প্রশিক্ষণের আয়োজন করা হয়।
প্রাকৃতিক উপায়ে খাদ্যশস্যে জিংকের পরিমাণ বাড়িয়ে পুষ্টিমান উন্নয়নের বিশেষ পদ্ধতি বায়োফর্টিফিকেশন এবং পুষ্টিব্যবস্থার উন্নয়নে পরিচালিত রিঅ্যাক্টস-ইন প্রকল্পের আওতায় এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ সরকারের উদ্যোগে হারভেস্টপ্লাস সলিউশনস ও এনএএফ-বাংলাদেশের বাস্তবায়নে এবং কানাডা, হারভেস্টপ্লাস, নিউট্রিশন ইন্টারন্যাশনাল, ম্যাকগিল ও ওয়ার্ল্ড ভিশনের সহযোগিতায় প্রশিক্ষণ কার্যক্রম পরিচালিত হয়।
প্রশিক্ষণে অংশগ্রহণকারীদের পুষ্টিবিষয়ক জ্ঞান ও দক্ষতা বৃদ্ধি, জিংকসমৃদ্ধ খাদ্য উৎপাদন ও ব্যবহার সম্পর্কে সচেতনতা তৈরি এবং স্থানীয় পর্যায়ে বায়োফর্টিফিকেশন কার্যক্রম আরও কার্যকর করার বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হয়।
এ সময় উপস্থিত ছিলেন জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মো. মাজেদুল ইসলাম, হারভেস্টপ্লাস বাংলাদেশের প্রকল্প ব্যবস্থাপক মো. শাহিনুল কবির, প্রকল্প কর্মকর্তা আব্দুল্লাহ আল বাকি, মো. আবু তালহা (শিশির), মো. নজরুল ইসলামসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা।
প্রশিক্ষণ শেষে অংশগ্রহণকারীদের মধ্যে ব্যাগসহ বিভিন্ন উপকরণ বিতরণ করা হয়। পাশাপাশি প্রাকৃতিক উপায়ে খাদ্যশস্যে জিংকের পরিমাণ বাড়িয়ে মানুষের পুষ্টি উন্নয়নে বায়োফর্টিফিকেশনের গুরুত্ব তুলে ধরা হয়।
পড়ুন : বোদায় মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক দুর্ঘটনায় দুই বন্ধু নিহত, আহত এক


