সরকারি চাকরি ছেড়ে ইউপি নির্বাচনে প্রার্থী হওয়ার গুঞ্জন

ভোলার চরফ্যাশন উপজেলার এক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক দীর্ঘ ২৪ বছরেরও বেশি সময়ের সরকারি চাকরি থেকে স্বেচ্ছায় অবসরের জন্য আবেদন করেছেন। ব্যক্তিগত কারণের কথা উল্লেখ করে এই আবেদন করা হলেও, স্থানীয় রাজনৈতিক অঙ্গনে আলোচনা শুরু হয়েছে যে, আসন্ন ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করতেই তিনি শিক্ষকতা পেশা ছাড়ছেন।

চাকরি ছাড়ার আবেদনকারী মো. সিরাজ উদ্দিন মাসুম বর্তমানে উপজেলার দক্ষিণ মাদ্রাজ নিম্ন মাধ্যমিক বালিকা সংলগ্ন ‘রোকেয়া বেগম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের’ প্রধান শিক্ষক হিসেবে কর্মরত আছেন। গত ১০ নভেম্বর তিনি ভোলা জেলা প্রাথমিক শিক্ষা অফিসার বরাবর ‘স্বেচ্ছায় অবসর (পি.আর.এল গমন ব্যতীত) গ্রহণের অনুমতির আবেদন’পত্র পাঠান।

আবেদনে মো. সিরাজ উদ্দিন মাসুম উল্লেখ করেন, পারিবারিক ও ব্যক্তিগত কারণে তিনি চাকরি থেকে স্বেচ্ছায় অবসর নিতে ইচ্ছুক। ১৯৭৩ সালের ১৫ জুন জন্ম নেওয়া এই শিক্ষক ১৯৯৯ সালের ২০ জুন চাকরিতে যোগদান করেছিলেন। চাকরির মেয়াদ ২৪ বছর ৭ মাসের অধিক হওয়ায় তিনি সরকারি বিধি অনুযায়ী অবসরোত্তর ছুটি (পি.আর.এল) ভোগ না করেই স্বেচ্ছায় অবসরের অনুমতি চেয়েছেন। ইতিমধ্যে উপজেলা শিক্ষা অফিসারের কার্যালয় থেকে আবেদনপত্রটি গ্রহণ করা হয়েছে এবং বর্তমানে তা জেলা প্রাথমিক শিক্ষা অফিসারের দপ্তরে প্রক্রিয়াধীন রয়েছে।

এদিকে প্রধান শিক্ষকের এই সিদ্ধান্তকে কেন্দ্র করে স্থানীয় পর্যায়ে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। সামাজিক যোগাযোগমাধ্যমে কেউ কেউ শিক্ষকতা পেশা ছেড়ে রাজনীতিতে আসাকে ব্যক্তিগত সিদ্ধান্ত হিসেবে দেখছেন, আবার কেউ কেউ শিক্ষক পেশার মর্যাদার বিষয়টি তুলে ধরে এর সমালোচনাও করেছেন।

এওয়াজপুর ৫নং ওয়ার্ডের বাসিন্দা মো.মিজানুর রহমান সনি তার ফেসবুক আইডি ওই প্রধান শিক্ষকের ছবি পোস্ট করে লিখেন “মানুষ কতটা লোভী হলে সম্মানিত শিক্ষক পেশাকে ছেড়ে নোংরা রাজনীতির দিকে ধাবিত হয়? একজন সম্মানিত ব্যক্তি এবং সম্মানিত পেশা ছেড়ে রাজনীতিতে আসা কতটা যুক্তিসম্মত? রাজনীতিকে হয়তো এখন জমজমাট ব্যবসা, তার জন্যই হয়তো একজন প্রধান শিক্ষক সম্মানিত পেশা ছেড়ে এটার দিকে আসতে চাচ্ছে। উনি সাবেক চেয়ারম্যান তারপরও মনের ইচ্ছা পূরণ হয়নি উনার।”

আসন্ন নির্বাচনে অংশ নেওয়ার গুঞ্জনের বিষয়ে প্রধান শিক্ষক মো. সিরাজ উদ্দিন মাসুমের সাথে কথা হলে তিনি জানান, পারিবারিক কারণ, ব্যবসা-বাণিজ্য এবং এলাকাবাসীর প্রতি দায়বদ্ধতা থেকেই আগামী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন।স্থানীয় সরকার নির্বাচনে অংশগ্রহণের ক্ষেত্রে সরকারি চাকরিজীবীদের আইনগত কোনো বাধা নেই বলেও তিনি উল্লেখ করেন।

এ বিষয়ে চরফ্যাশন উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মিজানুর রহমান বলেন, “আমরা প্রধান শিক্ষকের স্বেচ্ছায় অবসরের আবেদনটি পেয়েছি। নিয়ম অনুযায়ী যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে বিষয়টি সুরাহা করা হবে।” জেলা প্রাথমিক শিক্ষা অফিসারের দপ্তর থেকে অনুমোদন পেলে তিনি আনুষ্ঠানিকভাবে তার কর্মজীবন থেকে অবসর গ্রহণ করবেন।

উল্লেখ্য, তিনি ইতোপূর্বে তার স্কুল বেসরকারি থাকায়কালীন ওই এলাকা থেকে চেয়ারম্যান পদে নির্বাচন করে বিজয়ী হয়েছেন। তার চেয়ারম্যান থাকার সময় বিভিন্ন বিষয় ব্যাপক আলোচনা ও সমালোচনা রয়েছে। তার এলাকার ফেসবুক ব্যবহারকারীরা, তার ছবি পোস্ট করে নেতিবাচক কথা বার্তা লিখছেন।

বিজ্ঞাপন

পড়ুন : সুবর্ণচরে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে তিন কিশোর নিহত

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন