মাদারীপুর সদর উপজেলা খাদ্য নিয়ন্ত্রক শেখ জিকরুল আলমের পেশাগত দক্ষতা, সততা ও মানবিক আচরণের প্রশংসা করেছেন তাঁর সহকর্মী, স্থানীয় বাসিন্দা ও শুভাকাঙ্ক্ষীরা। দীর্ঘদিন ধরে দায়িত্ব পালনে নিষ্ঠা, সেবাগ্রহীতাদের সঙ্গে আন্তরিক আচরণ এবং দাপ্তরিক কাজে পেশাদারত্বের কারণে তিনি সংশ্লিষ্ট মহলে সুনাম অর্জন করেছেন বলে দাবি তাঁদের। তবে সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক ও কয়েকটি অনলাইন প্ল্যাটফর্মে তাঁকে ঘিরে নেতিবাচক তথ্য ও সমালোচনামূলক প্রচারণা ছড়িয়ে পড়ায় ক্ষোভ ও অসন্তোষ প্রকাশ করেছেন তাঁর সহকর্মী ও শুভাকাঙ্ক্ষীরা।
সংশ্লিষ্টদের ভাষ্য, প্রায় দুই বছর ধরে মাদারীপুর সদর উপজেলা খাদ্য নিয়ন্ত্রক হিসেবে দায়িত্ব পালন করছেন শেখ জিকরুল আলম। এ সময়ে তিনি সরকারি নিয়মনীতি অনুসরণ করে দায়িত্ব পালনের পাশাপাশি সাধারণ মানুষের সঙ্গে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক গড়ে তুলেছেন। সেবাপ্রত্যাশীদের সঙ্গে ভালো ব্যবহার এবং সমস্যা সমাধানে আন্তরিকতার কারণে স্থানীয়দের কাছেও তাঁর গ্রহণযোগ্যতা তৈরি হয়েছে।
তবে সম্প্রতি তাঁকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত বিভিন্ন নেতিবাচক বক্তব্য ও অভিযোগকে উদ্দেশ্যপ্রণোদিত বলে দাবি করছেন তাঁর সহকর্মী ও শুভাকাঙ্ক্ষীরা। তাঁদের অভিযোগ, ব্যক্তিগত ও পেশাগত ভাবমূর্তি ক্ষুণ্ন করতে একটি মহল ফেসবুকসহ বিভিন্ন অনলাইন মাধ্যমে বিভ্রান্তিকর তথ্য ছড়াচ্ছে। এসব প্রচারণার পেছনে প্রকৃত উদ্দেশ্য কী, তা খতিয়ে দেখার দাবি জানিয়েছেন তাঁরা।
মাদারীপুর সদর উপজেলার স্থানীয় বাসিন্দা সাব্বির হোসাইন রুবেল বলেন, “আমাদের সদর উপজেলার বর্তমান খাদ্য কর্মকর্তা অত্যন্ত ভালো মনের মানুষ। তিনি প্রত্যেককে সম্মান করেন এবং আন্তরিকতার সঙ্গে মানুষের সঙ্গে কথা বলেন। তাঁর আন্তরিকতা ও দায়িত্বশীলতায় জেলা খাদ্য অফিসের সেবার পরিবেশে ইতিবাচক পরিবর্তন এসেছে। তাঁর মতো কর্মকর্তা প্রতিটি উপজেলায় থাকলে সাধারণ মানুষ আরও ভালো সেবা পাবে। যারা তাঁর বিরুদ্ধে মিথ্যা অপপ্রচার চালাচ্ছে, তাদের শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানাই।”
বিসমিল্লাহ অটো রাইস মিলের মালিক বিপ্লব মাতুব্বর বলেন, “জিকরুল স্যার অত্যন্ত ভালো মানুষ। একটি কাজের জন্য তাঁর কাছে গিয়েছিলাম। তিনি যেভাবে আন্তরিকতার সঙ্গে আমার সমস্যার সমাধান করেছেন, তা সত্যিই প্রশংসনীয়। মাদারীপুরে তাঁর মতো সহযোগিতাপরায়ণ কর্মকর্তা খুব কমই দেখেছি।”
খাদ্য বিভাগের একাধিক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বলেন, শেখ জিকরুল আলম দায়িত্ব পালনে দক্ষ এবং নিয়মনীতি মেনে কাজ করেন। তাঁর কাজের প্রতি নিষ্ঠা ও পেশাগত দক্ষতা রয়েছে। অথচ তাঁকে ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে যেসব নেতিবাচক প্রচারণা চলছে, তা তাঁদের কাছে দুঃখজনক। এ ধরনের প্রচারণার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান তাঁরা।
তাঁদের আরও অভিযোগ, শেখ জিকরুল আলমের নিজ জেলা গোপালগঞ্জ হওয়াকে কেন্দ্র করে রাজনৈতিকভাবে হেয়প্রতিপন্ন করার চেষ্টা করা হচ্ছে। এমনকি সাংবাদিকতার পরিচয় ব্যবহার করে কিছু ব্যক্তি তাঁর বিরুদ্ধে কুৎসামূলক প্রচারণা চালাচ্ছেন বলেও অভিযোগ তাঁদের।
সংশ্লিষ্টরা মনে করেন, কোনো সরকারি কর্মকর্তার বিরুদ্ধে অনিয়ম বা দুর্নীতির অভিযোগ থাকলে তা যথাযথ তথ্য-প্রমাণের ভিত্তিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে উপস্থাপন করা উচিত। সামাজিক যোগাযোগমাধ্যমে যাচাই-বাছাই ছাড়া অভিযোগ ছড়িয়ে ব্যক্তিগত ও পেশাগত সম্মান ক্ষুণ্ন করা কাম্য নয়। একই সঙ্গে অভিযোগের সত্যতা থাকলে নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা প্রকাশেরও দাবি জানিয়েছেন তাঁরা।
এদিকে শেখ জিকরুল আলমকে ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া নেতিবাচক প্রচারণার প্রতিবাদ জানিয়েছেন মাদারীপুরের বিভিন্ন সাংবাদিক সংগঠনের নেতারাও। তাঁদের মতে, সাংবাদিকতার পরিচয় ব্যবহার করে কারও বিরুদ্ধে তথ্য-প্রমাণহীন প্রচারণা চালানো হলে তা পেশাদার সাংবাদিকতার ভাবমূর্তিকেও প্রশ্নবিদ্ধ করে।
সচেতন মহলের দাবি, ব্যক্তিগত আক্রমণ কিংবা উদ্দেশ্যপ্রণোদিত প্রচারণা নয়, বরং অভিযোগের সত্যতা যাচাই, নিরপেক্ষ অনুসন্ধান এবং তথ্যনির্ভর সংবাদ প্রকাশের মধ্য দিয়েই প্রকৃত ঘটনা সামনে আসা উচিত।
পড়ুন : সুবর্ণচরে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে তিন কিশোর নিহত


