ঝিনাইদহ সদর উপজেলার আসাননগর গ্রামে সদ্য শেষ হওয়া দুর্গা পূজার চাঁদা তোলা নিয়ে বিরোধের জেরে বিশ্বাস ও সেন গুষ্টির মারামারিতে ৫ জন আহত হয়েছে। আজ বৃহস্পতিবার বিকাল ৪ টার দিকে এ ঘটনা ঘটে।
আহতদের মধ্যে চয়ন, রনজিৎ সেন এবং রিপন বিশ্বাস ও দিপ্ত বিশ্বাস কে সদর হাসপাতালে ভর্তি রাখা হয়েছে। আহতদের সকলের বাড়িই আসাননগর গ্রামে।
পুলিশ এবং আহত সুত্রে জানা যায়, সদ্য শেষ হওয়া দুর্গা পূজার আনুষ্ঠানিকতার জন্য ঝিনাইদহ সদর উপজেলার সাধুহাটি ইউনিয়নের আসাননগর গ্রামে চাঁদা তোলা নিয়ে ওই গ্রামের সেন ও বিশ্বাস গুষ্টির মধ্যে কথা কাটাকাটি হয়েছিল। এ নিয়ে মাঝে মধ্যে এই দুই গুষ্টির মধ্যে তর্কাতর্কি চলছিল। এসবের জেরে বৃহস্পতিবার বিকালে আসাননগর গ্রামের দূর্গা মন্দিরের সামনে উভয় গুষ্টির কিছু ছেলে ধারালো অস্ত্র নিয়ে মারামারিতে জড়িয়ে পড়ে। এতে অন্তত ৫ জন আহত হয়। তবে এই দুই গুষ্টির মধ্যে জমি সংক্রান্ত বিষয় নিয়েও বিরোধ ছিল।
ঝিনাইদহ সদর থানার উপ-পরিদর্শক বিকাশ চন্দ্র মজুমদার বলেন, পূজার চাঁদা নিয়ে দুই গুষ্টির মধ্যে এই দ্বন্দের সৃষ্টি হয়েছে। এ ঘটনায় কাউকে আটক করা হয়নি। থানায় লিখিত অভিযোগ প্রাপ্তি সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
পড়ুন : সুবর্ণচরে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে তিন কিশোর নিহত


