খুলনার রূপসায় দোকানে ঢুকে বিএনপি নেতাকে গুলি করে হত্যা

খুলনার রূপসা উপজেলায় একটি দোকানের ভেতরে ঢুকে মো. জাকির হোসেন (৪৩) নামের এক বিএনপি নেতাকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। গতকাল বৃহস্পতিবার রাত সোয়া ১০টা থেকে সাড়ে ১০টার মধ্যে উপজেলার ৪ নম্বর টিএসবি ইউনিয়নের স্বল্পবাহিরদিয়া গ্রামের হীরকের দোকানে এই হত্যাকাণ্ড ঘটে।

বিজ্ঞাপন

খুলনা জেলা পুলিশ সুপার সরকার ওমর ফারুক এবং রূপসা থানার ওসি মাসুম খান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

নিহত শেখ জাকির হোসেন রূপসা থানার খাজাডাঙ্গা গ্রামের আবদুল জলিল শেখের ছেলে এবং রূপসা উপজেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক আবু সাঈদের ভাই। পেশায় ইট-বালুর ব্যবসায়ী জাকির টিএসবি ইউনিয়ন বিএনপির সার্চ কমিটির (সাংগঠনিক পুনর্গঠনের জন্য গঠিত বিশেষ কমিটি) সদস্য ছিলেন বলে নিশ্চিত করেছেন খুলনা মহানগর বিএনপির মিডিয়া সেলের আহ্বায়ক মিজানুর রহমান মিল্টন।

খুলনা জেলা পুলিশের বিজ্ঞপ্তি ও স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার রাতে জাকির হোসেন স্বল্পবাহিরদিয়া গ্রামের হীরকের দোকানে বসে ছিলেন। রাত ১০টা ২০ মিনিটের দিকে বাগেরহাটের ফকিরহাটের দিক থেকে হেলমেট পরা দুই ব্যক্তি একটি মোটরসাইকেলে করে এসে দোকানটির পাশে থামে। এরপর তাদের একজন দোকানের ভেতরে প্রবেশ করে জাকির হোসেনের মাথায় গুলি চালায় এবং দুজনই মোটরসাইকেলে করে পুনরায় ফকিরহাটের দিকে পালিয়ে যায়। স্থানীয়রা গুলিবিদ্ধ অবস্থায় জাকিরকে উদ্ধার করে রূপসা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।

ঘটনাস্থল পরিদর্শন ও আলামত সংগ্রহের বিষয়ে রূপসা থানার ওসি মাসুম খান বলেন, “ঘটনাস্থল থেকে বিভিন্ন আলামত সংগ্রহ করা হয়েছে। কী কারণে তাকে হত্যা করা হয়েছে, তা এখনো জানা যায়নি।”

এ বিষয়ে খুলনার অতিরিক্ত পুলিশ সুপার আবির সিদ্দিকী শুভ্র বলেন, “খবর পেয়ে রূপসা থানা-পুলিশ ঘটনাস্থলে যায়। হত্যাকাণ্ডের কারণ উদ্‌ঘাটন এবং জড়িত ব্যক্তিদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশি কার্যক্রম চলছে।”

উল্লেখ্য, ঠিক যে সময়ে রূপসায় এই হত্যাকাণ্ডটি ঘটে, তখন খুলনা সার্কিট হাউস মিলনায়তনে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিভিন্ন ইউনিটের জ্যেষ্ঠ কর্মকর্তাদের একটি জরুরি সভা চলছিল। রাত ১০টা ৫০ মিনিটে শেষ হওয়া ওই সভায় চলমান সন্ত্রাস ও চাঁদাবাজি দমনে যৌথ অভিযান জোরদার করার সিদ্ধান্ত নেওয়া হয় বলে জানান অতিরিক্ত পুলিশ সুপার।

খুলনায় সাম্প্রতিক আইনশৃঙ্খলা পরিস্থিতির পরিসংখ্যান অনুযায়ী, গত ২২ অক্টোবর থেকে ১২ নভেম্বর—এই ২০ দিনে ১৩ বার গুলির ঘটনা ঘটেছে, যাতে ৬ জন নিহত হয়েছেন। পাশাপাশি একই সময়ে ধারালো অস্ত্রের আঘাতে ২ জন ও পিটুনিতে ১ জনসহ মোট ৯টি হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে; যার মধ্যে ৫টি খুলনা নগরে এবং বাকি ৪টি জেলার রূপসা ও ডুমুরিয়া উপজেলায়। চলতি বছরের ১২ নভেম্বর পর্যন্ত খুলনা নগরে ৩৯টি ও জেলায় ৪০টি মিলিয়ে সর্বমোট ৭৯টি হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে। একের পর এক এমন গুলির ঘটনায় পুলিশি অভিযানে অস্ত্র উদ্ধার ও গ্রেপ্তার অব্যাহত থাকলেও সাধারণ মানুষের মধ্যে উদ্বেগ কাটছে না।

পড়ুন : ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে মোটরসাইকেলের দুই আরোহী নিহত

সা/

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন