রাজশাহী মহানগর দায়রা জজ মোহাম্মদ আবদুর রহমানের ছেলে তাওসিফ রহমান সুমন হত্যা মামলায় আলোচিত আসামি বরখাস্ত সেনাসদস্য লিমন মিয়াকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। মৃত্যুদণ্ডপ্রাপ্ত লিমন মিয়া গাইবান্ধার ফুলছড়ি উপজেলার মদনেরপাড়া গ্রামের মোহাম্মদ সোলাইমান শহিদের ছেলে। তার বাবা ফুলছড়ি উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ও সাবেক স্থানীয় ইউপি সদস্য।
গত বৃহস্পতিবার (১২ নভেম্বর) দুপুরে রাজশাহীর অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালত-২-এর বিচারক রেজাউল করিম জনাকীর্ণ আদালতে এই রায় ঘোষণা করেন। রায়ে ফাঁসির পাশাপাশি আসামিকে বিভিন্ন ধারায় কারাদণ্ড ও অর্থদণ্ড দেওয়া হয়েছে। মামলার রাষ্ট্রপক্ষের আইনজীবী আলী আশরাফ মাসুম এসব তথ্য নিশ্চিত করেছেন।
মামলার বিবরণে জানা যায়, ২০২৫ সালের ১৩ নভেম্বর রাজশাহী মহানগরীর তেরখাদিয়া ডাবতলা এলাকায় তৎকালীন মহানগর দায়রা জজ মোহাম্মদ আব্দুর রহমানের বাসায় আত্মীয় পরিচয় দিয়ে প্রবেশ করেন লিমন মিয়া। তিনি ওই পরিবারের পূর্বপরিচিত ছিলেন। বাসায় ঢোকার পর একপর্যায়ে তিনি অতর্কিত ছুরিকাঘাতে বিচারকের ছেলে তাওসিফ রহমান সুমনকে হত্যা করেন। এ সময় বাধা দিতে গেলে বিচারকের স্ত্রী তাসমিন নাহার লুসিওকেও গুরুতর আহত করেন তিনি। হত্যাকাণ্ডের পরদিন লিমন মিয়াকে একমাত্র আসামি করে রাজপাড়া থানায় হত্যা মামলা দায়ের করা হয়। দীর্ঘ সাক্ষ্যপ্রমাণ ও আইনি প্রক্রিয়া শেষে ঘটনার ঠিক এক বছরের মাথায় আদালত এই রায় প্রদান করলেন।
তদন্ত ও বিচার প্রক্রিয়ায় জানা যায়, দণ্ডপ্রাপ্ত লিমন মিয়া অতীতে সেনাবাহিনীতে সিপাহি পদে চাকরি করলেও শৃঙ্খলাভঙ্গের অভিযোগে ২০১৮ সালে তার চাকরি চলে যায়। পরবর্তীতে তিনি স্থানীয়ভাবে অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িয়ে পড়েন এবং এই হত্যাকাণ্ড ঘটান। রায়ের পর্যবেক্ষণে আদালত এই নৃশংস হত্যাকাণ্ডকে একটি ‘পরিকল্পিত অপরাধ এবং বিচার বিভাগের ওপর আঘাত’ বলে জোরালোভাবে উল্লেখ করেছেন।
পড়ুন : ধামরাইয়ে মহাসড়কে থ্রি-হুইলারের দৌরাত্ম্য, নিয়ন্ত্রণে হিমশিম পুলিশ


