সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের নামে অশ্লীল ও অসামাজিক ভিডিও ছড়িয়ে দেওয়ার অভিযোগ তুলে সংবাদ সম্মেলন করেছেন জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের নারায়ণগঞ্জ জেলা শাখার নেতা মাওলানা ফেরদাউসুর রহমান। এ ঘটনাকে সম্পূর্ণ মিথ্যা ও বানোয়াট দাবি করে এর পেছনে রাজনৈতিক ও সামাজিক প্রতিপক্ষের হাত রয়েছে বলে অভিযোগ করেছেন তিনি।
শুক্রবার (১৩ নভেম্বর) বিকেল সাড়ে ৩টায় নারায়ণগঞ্জ প্রেসক্লাবে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
লিখিত বক্তব্যে মাওলানা ফেরদাউসুর রহমান জানান, গত ১১ নভেম্বর রাত আনুমানিক ১২টার দিকে সামাজিক যোগাযোগমাধ্যমে তাকে কেন্দ্র করে একটি অশ্লীল ও অসামাজিক ভিডিও ভাইরাল হয়। ঘটনার সময় ঢাকার বাইরে থাকায় একদিন পর তিনি প্রতিবাদ জানান।
তিনি অভিযোগ করেন, রাজনৈতিক ও সামাজিকভাবে তাকে হেয়প্রতিপন্ন করার উদ্দেশ্যে একটি মহল ভিডিওটি ছড়িয়ে দিয়েছে। বিভিন্ন সময় একটি বিশেষ মহল তার বিরুদ্ধে পরিকল্পিতভাবে মিথ্যা ও বানোয়াট অপপ্রচার চালিয়ে আসছে।
তিনি বলেন, একজন রাজনৈতিক কর্মী হিসেবে বিভিন্ন সামাজিক অনুষ্ঠান ও ওয়াজ মাহফিলে অংশ নিতে হয়। সেখানে বিভিন্ন মতাদর্শের রাজনৈতিক নেতাদের সঙ্গে সাক্ষাৎ হয়। এসব বিষয়কে পুঁজি করে তার সম্মান ক্ষুণ্ণ করতে একটি গোষ্ঠী উঠে-পড়ে লেগেছে।
মাওলানা ফেরদাউসুর রহমান বলেন, তিনি কোনো অপরাধে জড়িত থাকলে দেশের প্রচলিত আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়ার সুযোগ রয়েছে। তিনি আইনের প্রতি শ্রদ্ধাশীল। ছাত্ররাজনীতি থেকে শুরু করে বিভিন্ন আন্দোলন-সংগ্রামে সামনের সারিতে থেকে ভূমিকা রেখেছেন দাবি করে তিনি জানান, বিগত সময়ে তার বিরুদ্ধে ফ্যাসিস্টদের দেওয়া ৪৬টি মামলা, জেল-জুলুম, নির্যাতন এবং দীর্ঘদিন পলাতক জীবন কাটাতে হয়েছে।
এ ধরনের অপপ্রচার দ্রুত নিয়ন্ত্রণে আনতে সরকারের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, এসব ঘটনার দ্রুত প্রতিকার প্রয়োজন। অন্যথায় কেউ নিরাপদ থাকবে না। সংবাদ সম্মেলনে তিনি সাংবাদিকসহ সবার সহযোগিতা কামনা করেন।
পড়ুন : আজ হুমায়ূন আহমেদের ৭৮তম জন্মদিন, নুহাশপল্লীতে নানা আয়োজন


