গাজীপুরের কালিয়াকৈরে রবিউল আলম মণ্ডল (৪০) নামে এক পোশাক শ্রমিকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
শুক্রবার (১৩ নভেম্বর) রাতে উপজেলার কালামপুর রেললাইন-সংলগ্ন পাকারমাথা এলাকা থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়।
নিহত রবিউল আলম মণ্ডল গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার সিংহডাঙ্গা গ্রামের রাজ্জাক মণ্ডলের ছেলে।
তিনি কালামপুর পাকারমাথা এলাকায় নিজস্ব বাড়িতে স্ত্রীকে নিয়ে বসবাস করতেন স্থানীয় একটি পোশাক কারখানায় চাকরি করতেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, প্রায় ১৪ বছর আগে পাশের গ্রামের শিলা বেগমের (৩৪) সঙ্গে পারিবারিকভাবে রবিউলের বিয়ে হয়। তাঁদের কোনো সন্তান ছিল না। এ নিয়ে পারিবারিকভাবে বিভিন্ন সময় স্বামী-স্ত্রীর মধ্যে মনোমালিন্য ও কলহ হতো বলে স্থানীয় সূত্রে জানা গেছে।
শুক্রবার সকালে তুচ্ছ বিষয় নিয়ে তাঁদের মধ্যে ঝগড়া হয়। একপর্যায়ে রবিউল তাঁর স্ত্রীকে মারধর করেন। পরে স্ত্রী শিলা বেগম নিরাপত্তার জন্য পাশের একটি বাড়িতে আশ্রয় নেন।
স্থানীয় সূত্র জানায়, বিকেল ৫টার দিকে পাশের কক্ষের এক ভাড়াটিয়া ঘর ভাড়া দেওয়ার উদ্দেশ্যে রবিউলের কক্ষের কাছে গিয়ে দরজা বন্ধ দেখতে পান। পরে ভেতরে তাঁর ঝুলন্ত মরদেহ দেখতে পেয়ে চিৎকার করেন। তাঁর চিৎকারে আশপাশের লোকজন ছুটে এসে পুলিশে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে দরজা খুলে মরদেহ উদ্ধার করে।
কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম জানান, এক পোশাক শ্রমিকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
পড়ুন : কালিয়াকৈরে কবর খুঁড়ে ৩টি কঙ্কাল চুরি, এলাকায় আতঙ্ক


