কালিয়াকৈরে আবারও উত্তাল শিল্পাঞ্চল, ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধে তীব্র যানজট

গাজীপুরের কালিয়াকৈর শিল্পাঞ্চলে শ্রমিক অসন্তোষকে কেন্দ্র করে আবারও উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি হয়েছে। শ্রমিকদের বিক্ষোভ ও ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধের কারণে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। এ সময় খোলা কয়েকটি কারখানায় হামলা, কাজে যোগ দিতে আসা শ্রমিকদের বাধা এবং সংবাদ সংগ্রহ করতে গিয়ে সাংবাদিকদের হেনস্তার অভিযোগ উঠেছে।

বিজ্ঞাপন

শনিবার (১৪ নভেম্বর) সকাল ৭টা ৪০ মিনিট থেকে উপজেলার পল্লীবিদ্যুৎ এলাকায় শ্রমিকদের বিক্ষোভ শুরু হয়। পরে মৌচাক, সফিপুর, চন্দ্রা এলাকার বিভিন্ন স্থানে শ্রমিকেরা জড়ো হন। একপর্যায়ে বিক্ষোভকারীদের একটি অংশ ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে অবস্থান নিয়ে অবরোধ সৃষ্টি করেন।

এতে মহাসড়কের উভয় পাশে কয়েক কিলোমিটারজুড়ে যানবাহনের দীর্ঘ সারি তৈরি হয়। চরম ভোগান্তিতে পড়েন দূরপাল্লার যাত্রী, পরিবহন শ্রমিক ও সাধারণ মানুষ।

মহাসড়কে আটকে থাকা হাসান নামের এক যাত্রী বলেন, সকাল থেকে যানবাহনে বসে আছেন। সামনে এগোনোর কোনো সুযোগ নেই। শ্রমিকদের দাবি থাকতে পারে, তবে মহাসড়ক বন্ধ করে সাধারণ মানুষকে ভোগান্তিতে ফেলা উচিত নয়।

এদিকে শ্রমিক অসন্তোষের কারণে শিল্পাঞ্চলের অধিকাংশ পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে বলে জানা গেছে। তবে রপ্তানি ও শিপমেন্টের নির্ধারিত সময়সীমা থাকায় কয়েকটি কারখানা খোলা রেখে উৎপাদন চালুর চেষ্টা করে কর্তৃপক্ষ। অভিযোগ রয়েছে, এসব কারখানায় কাজে যোগ দিতে আসা শ্রমিকদের বাধা দেন বিক্ষোভকারীদের একটি অংশ।

কোথাও কোথাও ইটপাটকেল নিক্ষেপ ও ভাঙচুরের চেষ্টার অভিযোগও পাওয়া গেছে। এতে কয়েকটি কারখানার উৎপাদন কার্যক্রম বন্ধ হয়ে যায়।

এক কারখানা কর্মকর্তা জানান, শ্রমিকদের নিরাপত্তার কথা বিবেচনা করে শেষ পর্যন্ত তাঁদের কারখানা বন্ধ রাখতে হয়েছে। অন্যদিকে কাজে যোগ দিতে আসা এক শ্রমিক বলেন, তাঁরা কাজ করে সংসার চালাতে চান। কিন্তু কারখানায় প্রবেশে বাধা দেওয়ায় তাঁদের আয় ও চাকরি নিয়ে অনিশ্চয়তা তৈরি হচ্ছে।

পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ, শিল্প পুলিশ ও বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা মাঠে দায়িত্ব পালন করছেন। চন্দ্রা ত্রিমোড়, মৌচাক, সফিপুর ও পল্লীবিদ্যুৎসহ গুরুত্বপূর্ণ এলাকায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের সতর্ক অবস্থানে রয়েছে।

প্রত্যক্ষদর্শীদের দাবি, শ্রমিকদের মহাসড়ক থেকে সরানোর চেষ্টা করা হলে উত্তেজনা সৃষ্টি হয়। এ সময় কয়েক রাউন্ড টিয়ারশেল নিক্ষেপ করা হয়েছে।
এদিকে ঘটনাস্থলে ছবি ও ভিডিও ধারণের সময় কয়েকজন সাংবাদিককে বাধা ও হেনস্তা করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। তাঁদের মুঠোফোন কেড়ে নেওয়ার চেষ্টার অভিযোগও করেছেন স্থানীয় সংবাদকর্মীরা। তাঁরা সাংবাদিকদের নিরাপত্তা ও পেশাগত দায়িত্ব পালনের পরিবেশ নিশ্চিত করার দাবি জানিয়েছেন।

শ্রমিকদের দাবিগুলোর মধ্যে রয়েছে,ন্যূনতম মাসিক মজুরি ৩০ হাজার টাকা নির্ধারণ, অযৌক্তিকভাবে শ্রমিকদের ব্ল্যাকলিস্ট করা বন্ধ, ছাঁটাই হওয়া শ্রমিকদের পুনর্বাসন গ্রেপ্তার হওয়া শ্রমিকদের মুক্তি। শ্রমিকদের দাবি, দ্রব্যমূল্য, বাসাভাড়া, চিকিৎসা ও সন্তানদের শিক্ষার ব্যয় বেড়ে যাওয়ায় বর্তমান বেতনে সংসার চালানো কঠিন হয়ে পড়েছে।

কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শহিদুল ইসলাম জানিয়েছিলেন, শিল্পাঞ্চলে কোনো ধরনের বিশৃঙ্খলা, ভাঙচুর কিংবা জননিরাপত্তা বিঘ্নিত করার ঘটনা বরদাস্ত করা হবে না। শ্রমিকদের শান্তিপূর্ণভাবে দাবি জানানোর সুযোগ রয়েছে। তবে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটে, এমন কর্মকাণ্ড থেকে সবাইকে বিরত থাকতে হবে।

পড়ুন:শরীয়তপুর-চাঁদপুর নৌরুটে ফেরি চলাচল বন্ধ

ইমি/

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন