বিআইডব্লিউটিসির ফেরি কাকলীর প্রথম শ্রেণির মাস্টার মোশারফকে গ্রেপ্তারের প্রতিবাদে শরীয়তপুর-চাঁদপুর নৌরুটে চার ঘণ্টা ধরে ফেরি চলাচল বন্ধ রয়েছে। এতে নৌরুটের দুই প্রান্তে যানবাহন পারাপারে ভোগান্তি সৃষ্টি হয়েছে। আজ সকাল ০৬ টা থেকে মাস্টারকে মুক্তি না দেওয়া পর্যন্ত ফেরি চলাচল বন্ধ রাখার ঘোষণা দিয়েছেন কর্মকর্তা-কর্মচারীরা।
গতকাল পৌনে ৮টার দিকে এম বি আলী আকবর নামের একটি মালবাহী কার্গো জাহাজের সঙ্গে ফেরি কাকলীর ধাক্কায় শিক্ষা সফরে যাওয়া ১২ বছর বয়সী মাদ্রাসাছাত্র তরিকুল ইসলাম ট্রাকের চাপায় নিহত হন। এ ঘটনায় ফেরি কাকলীর প্রথম শ্রেণির মাস্টার মোশারফকে গ্রেপ্তার করে চাঁদপুরের আলুবাজার নৌ পুলিশ ফাঁড়ি।
মাস্টার অ্যাসোসিয়েশন (বিমা) কেন্দ্রীয় কমিটির সুত্র জানায় , দুর্ঘটনায় নিহত শিক্ষার্থীর বাবা ও স্বজনরা লিখিতভাবে জানিয়েছেন, ফেরির কোনো কর্মকর্তা-কর্মচারীর বিরুদ্ধে তাদের কোনো মামলা বা অভিযোগ নেই। এ বিষয়ে স্থানীয় সংসদ সদস্য শফিকুর রহমান কিরনকেও তারা সরাসরি অবহিত করেছেন বলে দাবি করেন।
এদিকে মাস্টারকে গ্রেপ্তারের প্রতিবাদে শরীয়তপুর-চাঁদপুর অঞ্চলের ফেরির কর্মকর্তা-কর্মচারীরা তাকে মুক্তি না দেওয়া পর্যন্ত অনির্দিষ্টকালের জন্য ফেরি চলাচল বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছেন। এরই মধ্যে চার ঘণ্টা ধরে ফেরি চলাচল বন্ধ থাকায় নৌরুটে পারাপারের অপেক্ষায় থাকা যানবাহনের চাপ বাড়ছে।
ফেরি বন্ধের সিদ্ধান্তের বিষয়ে বিআইডব্লিউটিসি মাস্টার অ্যাসোসিয়েশন (বিমা) কেন্দ্রীয় কমিটির ১ নম্বর সহসভাপতি মাস্টার আব্দুর রব বলেন, মাস্টারকে অন্যায়ভাবে গ্রেপ্তার করা হয়েছে। তাকে মুক্তি না দেওয়া পর্যন্ত ফেরি চলাচল বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
তিনি আরও জানান, সংগঠনের সভাপতি অসুস্থ থাকায় বর্তমানে তিনি ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্ব পালন করছেন।
ফেরি বন্ধের কারণে নৌরুটে আটকে পড়া যানবাহন ও যাত্রীদের মধ্যে ভোগান্তি দেখা দিয়েছে। পরিস্থিতি স্বাভাবিক করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দ্রুত পদক্ষেপের দাবি জানিয়েছেন যাত্রী ও চালকরা।
বিষয়ে ফেরি ইনচার্জ ইকবাল হোসেন বলেন, ফেরি চলাচল বন্ধ থাকায় ঘাটে যানবাহন আটকা পড়েছে। পরিস্থিতি সম্পর্কে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অবহিত করা হচ্ছে। ফেরি চলাচল স্বাভাবিক না হওয়া পর্যন্ত যাত্রী ও চালকদের ভোগান্তি অব্যাহত থাকতে পারে।
বিষয়টি জানার জন্য আলুর বাজার নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ নুরুল আলম কে একাধিকবার কল দিলে তিনি ফোনটি রিসিভ করেননি।
পড়ুন:শরীয়তপুর-চাঁদপুর নৌরুটে ফেরি চলাচল বন্ধ
ইমি/


