বয়স মাত্র সাত বছর। যে বয়সে বইয়ের ব্যাগ কাঁধে নিয়ে হাসিমুখে স্কুলে যাওয়ার কথা, সেই বয়সে মাথায় ছয়টি সেলাই নিয়ে হাসপাতালের বিছানায় যন্ত্রণায় কাতরাচ্ছে ছোট্ট ওমর ফারুক। তার অপরাধ- স্কুলে যাওয়া-আসার পথে প্রতিবেশীর বাড়ির শিশুদের হাতে নিয়মিত মারধরের শিকার হওয়ার কথা সে তার দাদিকে জানিয়েছিল। আর বৃদ্ধা দাদির ওপর যখন প্রতিপক্ষের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে ঝাঁপিয়ে পড়ে, তখন নিজের ছোট্ট শরীর নিয়ে দাদিকে বাঁচাতে ছুটে গিয়েছিল সে।
হৃদয়বিদারক ঘটনাটি ঘটেছে নেত্রকোনার মোহনগঞ্জ উপজেলার মানারকান্দি গ্রামে। গুরুতর আহত ওমর ফারুক ওই গ্রামের রুবেল মিয়ার ছেলে এবং স্থানীয় একটি কিন্ডারগার্টেনের প্রথম শ্রেণির শিক্ষার্থী। বর্তমানে সে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।
এ বিষয়ে শনিবার (১৪ নভেম্বর) দুপুরে মোহনগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুল ইসলাম হারুন জানান, বৃদ্ধা দাদির লিখিত অভিযোগ পাওয়ার পর ওই দিনই বিষয়টি নিয়মিত মামলা হিসেবে রেকর্ড করা হয়েছে। ঘটনার পর থেকে অভিযুক্তরা গা ঢাকা দিয়েছেন। তবে তাদের আইনের আওতায় আনতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
স্থানীয় বাসিন্দা ও ভুক্তভোগী পরিবার সূত্রে জানা যায়, প্রতিদিন স্কুলে যাতায়াতের পথে প্রতিবেশী তাইজ উদ্দিন ওরফে তাজুর বাড়ির সামনে দিয়ে যেতে হতো ওমর ফারুককে। পথে প্রায়ই তাজুর পরিবারের শিশুরা তাকে আটকে মারধর করত। ভয়ে ও কষ্টে শিশুটি বিষয়টি তার দাদি কোকিলা খাতুনকে জানায়। দাদি তখনই এর প্রতিবাদ করেছিলেন। কিন্তু তাতেও থামেনি অত্যাচার।
গত মঙ্গলবার সকালে স্কুল থেকে বাড়ি ফেরার পথে আবারও মারধরের শিকার হয় প্রথম শ্রেণির এই শিক্ষার্থী। নাতির কান্না সইতে না পেরে তাকে হাত ধরে সাথে নিয়েই প্রতিবেশী তাইজ উদ্দিনের বাড়িতে বিচার চাইতে যান দাদি কোকিলা খাতুন। বিচার তো মেলেইনি, উল্টো ফেরার পথে ঘটে যায় রক্তক্ষয়ী ঘটনা।
অভিযোগ সূত্রে জানা গেছে, বিচার চেয়ে নাতিকে নিয়ে বাড়ি ফেরার পথে তাইজ উদ্দিন (৫০), তার ছেলে এমরানসহ (৩২) কয়েকজন দেশীয় অস্ত্র নিয়ে বৃদ্ধা কোকিলা খাতুনের ওপর অতর্কিত হামলা চালান। চোখের সামনে দাদিকে আক্রান্ত হতে দেখে স্থির থাকতে পারেনি সাত বছরের শিশুটি। দাদিকে রক্ষা করতে সে সামনে এগিয়ে যায়। এ সময় অভিযুক্ত এমরান হাতে থাকা রামদা দিয়ে ওমর ফারুকের মাথায় সজোরে কোপ দেন। মুহূর্তেই কপালের ডান পাশ ফেটে রক্তে ভেসে যায় শিশুটির মুখ ও শরীর।
শিশু ও বৃদ্ধার চিৎকারে স্থানীয় লোকজন ছুটে এসে তাঁদের উদ্ধার করে মোহনগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কোকিলা খাতুনকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হলেও ওমর ফারুকের অবস্থা ছিল গুরুতর। চিকিৎসকেরা তাকে দ্রুত ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করেন। সেখানে তার কপালের ক্ষতস্থানে ছয়টি সেলাই দিতে হয়েছে।
এ ঘটনায় গত বুধবার শিশুর দাদি কোকিলা খাতুন বাদী হয়ে অভিযুক্ত তাইজ উদ্দিন, তার ছেলে এমরান এবং অজ্ঞাতনামা আরও চারজনের বিরুদ্ধে মোহনগঞ্জ থানায় লিখিত অভিযোগ দেন। ঘটনার পর থেকেই অভিযুক্ত বাবা ও ছেলে পলাতক রয়েছেন। তাদের বক্তব্য জানতে মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও নম্বরগুলো বন্ধ পাওয়া যায়।
পড়ুন : বিএনপি নেতার কার্যালয়ের সামনে ৪টি ককটেল সদৃশ বস্তু, যা জানা গেলো


