এক বুক স্বপ্ন আর পরিবারের মুখে হাসি ফোটানোর প্রত্যয় নিয়ে প্রায় চার বছর আগে পাড়ি জমিয়েছিলেন প্রবাসে। ইচ্ছা ছিল বিদেশে কঠোর পরিশ্রম করে পরিবারের অভাব-অনটন দূর করবেন। কিছুদিন পর দেশে ফিরে বিয়ে করবেন, সাজাবেন নিজের সংসার, শুরু করবেন জীবনের নতুন অধ্যায়। কিন্তু ভাগ্যের নির্মম পরিহাস, সেই স্বপ্ন আর পূরণ হলো না। বিয়ের পিঁড়িতে বসার আগেই থেমে গেল পুলকের জীবনের পথচলা।
জীবিকার সন্ধানে সংযুক্ত আরব আমিরাতে যাওয়া পটিয়ার যুবক পুলক নাথ ফিরলেন নিথর দেহে। প্রিয়জনদের কাছে ফিরে এলেন ঠিকই, তবে জীবিত নয়—কফিনবন্দি হয়ে।
সংযুক্ত আরব আমিরাতের আবুধাবিতে রুমমেট এক মিশরীয় নাগরিকের ছুরিকাঘাতে নিহত পুলক নাথের মরদেহ দেশে পৌঁছেছে। শনিবার (১৪ নভেম্বর) নিজ গ্রামে পারিবারিক শ্মশানে ধর্মীয় রীতি অনুযায়ী তার শেষকৃত্য সম্পন্ন হয়েছে। শেষবারের মতো প্রিয়জনকে বিদায় জানাতে স্বজন ও এলাকাবাসী ভিড় করেন। এ সময় পরিবার ও স্বজনদের মধ্যে নেমে আসে শোকের আবহ।
মাত্র ২৫ বছর বয়সী পুলক চট্টগ্রামের পটিয়া উপজেলার জিরি ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের মৃত মধুসূদন নাথের ছেলে। পরিবারের আর্থিক স্বচ্ছলতা ফেরানোর আশায় চার বছর আগে প্রবাসে পাড়ি জমিয়েছিলেন তিনি। পরিবারের সদস্যদের প্রত্যাশা ছিল, একদিন সব কষ্ট দূর করে হাসিমুখে দেশে ফিরবেন পুলক। কিন্তু সেই প্রত্যাশার জায়গায় এখন শুধুই শূন্যতা।
একটি পরিবারের স্বপ্ন ছিল পুলককে ঘিরে, ছিল মায়ের বুকভরা আশা আর স্বজনদের অপেক্ষা। সেই অপেক্ষার অবসান হলেও ঘরে ফেরেনি কাঙ্ক্ষিত মানুষটি। পুলকের অকাল মৃত্যুতে পরিবার, স্বজন ও পুরো এলাকায় নেমে এসেছে গভীর শোকের ছায়া।
পড়ুন : সিরাজগঞ্জে নকশাবহির্ভূত ছয়তলা ভবন নির্মাণের অভিযোগ ভূমি কর্মকর্তার বিরুদ্ধে


