নোয়াখালীর বেগমগঞ্জে সাত বছরের শিশু তাইফা ইনহাম নুহার রহস্যজনক মৃত্যুর ঘটনায় শোক ও ক্ষোভ বিরাজ করছে পরিবার ও স্থানীয়দের মধ্যে। মাদ্রাসা থেকে নিখোঁজ হওয়ার পর পাশের একটি নবনির্মিত ঘরের পাশে তার মরদেহ পাওয়া যায়। পরিবারের দাবি, নুহাকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। এ ঘটনায় সুষ্ঠু তদন্তের মাধ্যমে মৃত্যুর প্রকৃত রহস্য উদঘাটন এবং জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন স্বজনরা।
গত ৯ নভেম্বর নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার ছয়ানি ইউনিয়নের দক্ষিণ নয়নপুর গ্রামের ইকবাল হোসেন সুমনের মেয়ে নুহা প্রতিদিনের মতো বড় ভাই ইয়াছিন আরাফাতের সঙ্গে মাদ্রাসায় যায়। সে পাশের সদর উপজেলার মহতাপুর তালিমুল কোরআন নুরানী মাদ্রাসার প্রথম শ্রেণির শিক্ষার্থী ছিল।
মাদ্রাসায় টিফিনের বিরতিতে বাড়ি ফিরে দুপুরের খাবার খেয়ে আবারও মাদ্রাসায় যায় নুহা। এ সময় বাড়ি থেকে বের হওয়ার আগে মাকে সালাম করে সে। পরে মাদ্রাসা ছুটির পর ছোট বোনকে মাঠে দাঁড় করিয়ে ওয়াশরুমে যায় বড় ভাই ইয়াছিন আরাফাত। ফিরে এসে বোনকে না পেয়ে বাড়িতে খোঁজ নেয়। তবে নুহা বাড়িতে না ফেরায় পরিবারের সদস্যরা খোঁজাখুঁজি শুরু করেন।
প্রায় ১০ মিনিট পর খবর আসে, মাদ্রাসার পাশেই জসিম উদ্দিনের একটি নবনির্মিত ঘরের পাশে পড়ে আছে নুহার নিথর দেহ। পরে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়।
নুহার মা নাসরিন আক্তার ও বাবা ইকবাল হোসেন সুমনের অভিযোগ, এটি স্বাভাবিক মৃত্যু নয়, বরং হত্যাকাণ্ড। ঘটনার পর থানায় অভিযোগ জানাতে গিয়ে শুরুতে মামলা গ্রহণে গড়িমসির শিকার হয়েছেন বলেও দাবি তাদের। নুহার মা-বাবা, দাদি, নানা, জেঠা ও বড় ভাইসহ স্বজনরা এ ঘটনার সুষ্ঠু তদন্ত এবং হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন।
এদিকে ঘটনার দিন মাদ্রাসায় নুহার উপস্থিতি নিয়েও প্রশ্ন উঠেছে। মাদ্রাসার পরিচালক মাওলানা আহসান উল্লাহর ভাষ্য অনুযায়ী, সকাল ৮টা থেকে দুপুর ১টা পর্যন্ত ক্লাসে উপস্থিত ছিল নুহা। তবে বর্ধিত সময়ে দুপুর আড়াইটা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত তাকে ক্লাসে পাওয়া যায়নি। মাদ্রাসা ছুটির পরই তারা নুহার মৃত্যুর খবর পান। মাদ্রাসা কর্তৃপক্ষও ঘটনাটিকে হত্যাকাণ্ড বলে সন্দেহ প্রকাশ করে সুষ্ঠু তদন্ত ও বিচারের দাবি জানিয়েছে।
নুহার মৃত্যুর ঘটনায় আতঙ্কিত স্থানীয় বাসিন্দারাও। হত্যার বিচার দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ করেছেন তারা। এ সময় মরদেহের অবস্থান এবং শিশুটির হাতের মুঠোয় চুল পাওয়ার বিষয়টি গুরুত্ব দিয়ে তদন্তের দাবি জানান স্থানীয়রা। পাশাপাশি হত্যার আলামত নষ্টের কোনো চেষ্টা হয়েছে কি না, সেটিও খতিয়ে দেখার আহ্বান জানান তারা।
এ বিষয়ে সুধারাম মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নজরুল ইসলাম জানান, নুহার মরদেহের ময়নাতদন্ত সম্পন্ন হয়েছে। পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে একটি অপমৃত্যুর মামলা করা হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে। মৃত্যুর প্রকৃত কারণ উদঘাটনে পুলিশ গোপনে ও প্রকাশ্যে তদন্ত চালিয়ে যাচ্ছে। ইতিমধ্যে কয়েকজনকে থানায় ডেকে জিজ্ঞাসাবাদও করা হয়েছে।
স্বজনদের প্রত্যাশা, দ্রুত তদন্তের মাধ্যমে সাত বছরের শিশু নুহার মৃত্যুর প্রকৃত রহস্য উন্মোচিত হবে এবং অপরাধীদের আইনের আওতায় এনে নিশ্চিত করা হবে ন্যায়বিচার।
পড়ুন : সিরাজগঞ্জে নকশাবহির্ভূত ছয়তলা ভবন নির্মাণের অভিযোগ ভূমি কর্মকর্তার বিরুদ্ধে


