সিরাজগঞ্জ সদর উপজেলার শিয়ালকোল ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থী হতে মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন জেলা বিএনপির অন্যতম সদস্য ও বারবার কারা নির্যাতিত নেতা মোঃ জিব্রাইল হোসেন। দীর্ঘদিন ধরে উন্নয়নবঞ্চিত ইউনিয়নবাসীর পাশে দাঁড়ানো এবং এলাকার সার্বিক উন্নয়নে কাজ করার প্রত্যয় নিয়ে তিনি চেয়ারম্যান পদে প্রার্থী হয়েছেন।
শিয়ালকোল ইউনিয়ন বিএনপির রাজনীতিতে দীর্ঘদিন ধরে সক্রিয় জিব্রাইল হোসেন। বিএনপির স্থায়ী কমিটির সদস্য এবং বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকুর জন্মভূমি এই ইউনিয়ন। তাঁর দাবি, গত ১৭ বছরে শিয়ালকোল ইউনিয়ন কাঙ্ক্ষিত উন্নয়ন থেকে বঞ্চিত হয়েছে। রাস্তাঘাট, শিক্ষা, স্বাস্থ্য ও কৃষিসহ বিভিন্ন খাতে এখনো নানা সমস্যা রয়েছে।
রাজনৈতিক জীবনে নানা প্রতিকূলতা, মামলা-হামলা ও কারাবরণ করেও দলীয় আন্দোলন-সংগ্রামে সক্রিয় ছিলেন তিনি। নিজের রাজনৈতিক জীবনের নির্যাতনের চিত্র তুলে ধরে জিব্রাইল হোসেন বলেন, আমি ৩৭টি মামলার আসামি হয়েছি এবং ১৭ বার কারাগারে গিয়েছি। আমার বাড়িতে চারবার, দোকানে তিনবার ভাঙচুর করা হয়েছে। এ ছাড়া আমার ব্যবসাপ্রতিষ্ঠান জিব্রাইল প্লাস্টিক ফ্যাক্টরিতে হামলা চালিয়ে লুটপাট করা হয়েছে।
ভাসানী কলেজ শাখা ছাত্রদলের মাধ্যমে তাঁর রাজনৈতিক পথচলা শুরু। ২০০৮ সালে শিয়ালকোল ইউনিয়ন বিএনপির প্রচার সম্পাদকের দায়িত্ব পান। পরে ২০১৪ সালে ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হন। দলকে সুসংগঠিত করতে ভূমিকা রাখায় পরবর্তী সময়ে তাঁকে সিরাজগঞ্জ জেলা বিএনপির নির্বাহী কমিটির সদস্য করা হয়।
চেয়ারম্যান পদপ্রার্থী জিব্রাইল হোসেন বলেন, অতীতে আওয়ামী লীগ সরকারের সময় শিয়ালকোল ইউনিয়নে নির্বাচনে প্রার্থী হওয়ার সুযোগ পাননি। এবার তিনি আশাবাদী, দীর্ঘদিনের আন্দোলন-সংগ্রাম ও ত্যাগের মূল্যায়ন করে দল তাঁকে মনোনয়ন দেবে।
তিনি বলেন, দল আমাকে মনোনয়ন দিলে নির্বাচনে বিজয়ের ব্যাপারে আমি শতভাগ আশাবাদী। আমি ব্যক্তিগত স্বার্থে নয়, শিয়ালকোল ইউনিয়নের মানুষের সেবা করতে চেয়ারম্যান প্রার্থী হয়েছি। নির্বাচিত হলে এলাকার রাস্তাঘাটের উন্নয়ন, শিক্ষা ও স্বাস্থ্যসেবার মানোন্নয়ন এবং কৃষকদের সমস্যা সমাধানে অগ্রাধিকার দেব।
এদিকে স্থানীয় বিএনপি নেতাকর্মীদের দাবি, তৃণমূল থেকে উঠে আসা ত্যাগী ও পরীক্ষিত নেতা হিসেবে জিব্রাইল হোসেন শিয়ালকোল ইউনিয়নের চেয়ারম্যান পদে একজন যোগ্য প্রার্থী। তাঁকে দলীয় মনোনয়ন দেওয়া হলে ইউনিয়নের উন্নয়ন ও সাধারণ মানুষের কল্যাণে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারবেন বলে তাঁদের প্রত্যাশা।
পড়ুন:সাভার-আশুলিয়ায় অনির্দিষ্টকালের জন্য বন্ধ ১৪৭ কারখানা
ইমি/


