গাজীপুরে শ্রীপুরে খাবার হোটেলের গ্যাস সিলিন্ডারের আগুনে দুবাই প্রবাসীর ১৩টি বসত ঘর ও একটি খাবার হোটেল এবং দোকান পুড়ে গেছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট প্রায় আধা ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।
রোববার (১৫ নভেম্বর) সকাল ৯টার দিকে শ্রীপুর পৌরসভার গড়গড়িয়া মাস্টার বাড়ি এলাকার ডেনিম্যাক কারখানার সামনে দুবাই প্রবাসী নিশাত ঢালীর বাড়িতে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
প্রবাসীর স্বজনরা জানান, দুবাই প্রবাসী নিশাত ঢালী ১৩টি বসত ঘর দুটি দোকানসহ এ বাড়িটি কিনেন। বাড়ির ঘর গুলো স্থানীয় বিভিন্ন গার্মেন্টস্ কারখানার শ্রমিকদের কাছে ও দুটি দোকানের একটিতে খাবার হোটেল ভাড়া দেয়া ছিল। হঠাৎ আজ সকাল ৯টার দিকে ভাড়া দেয়া খাবার হোটেলের গ্যাস সিলিন্ডার থেকে আগুন ধরে। মুহুর্তেই আগুন পেছনে থাকা বসতবাড়ির ঘর গুলোতে ছড়িয়ে পড়ে। স্থানীয়রা আগুন নেভাতে কাজ শুরু করে, পাশাপাশি শ্রীপুর ফায়ার সার্ভিসে খবর দেয়া হয়। আগুনে প্রত্যকটি বসতঘর, ঘরে থাকা আসবাবপত্র পুড়ে গেছে।
শ্রীপুর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার নুরুল করিম বলেন, আগুন লাগার খবর পেয়ে শ্রীপুর ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট ঘটনাস্থলে যায়। প্রায় আধ ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। আগুনে ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্ত সাপেক্ষে জানা যাবে।
পড়ুন:সাভার-আশুলিয়ায় অনির্দিষ্টকালের জন্য বন্ধ ১৪৭ কারখানা
ইমি/


