চট্টগ্রামের সাতকানিয়ায় সড়ক দুর্ঘটনায় স্বামী ও দেড় বছর বয়সী মেয়েকে হারানোর ২৪ দিন পর না ফেরার দেশে চলে গেলেন স্ত্রী রেশমী আক্তার (২৫)।
টানা ২৪ দিন হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) মৃত্যুর সঙ্গে লড়াই করে শনিবার (১৪ নভেম্বর) দিবাগত রাত সাড়ে ৩টার দিকে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। তাঁর মৃত্যুতে একই পরিবারের তিন সদস্যের প্রাণহানি ঘটল।
নিহত রেশমী আক্তার সাতকানিয়া উপজেলার কালিয়াইশ ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের রাজমহল ক্লাবের পশ্চিম পাশে শাইরার বাপের বাড়ির মৃত দেলোয়ারের স্ত্রী।
জানা গেছে, গত ২৩ অক্টোবর রাতে স্বামী মো. দেলোয়ার, দুই বছর বয়সী মেয়ে ওয়াসিফা জান্নাত ও পরিবারের পরিচিতজনদের সঙ্গে অটোরিকশায় করে কেরানীহাট স্টেশনের একটি মেলায় যাচ্ছিলেন রেশমী। পথে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের সাতকানিয়ার জাফর আহমদ চৌধুরী ডিগ্রি কলেজ এলাকায় অটোরিকশাটির সঙ্গে একটি মিনিবাসের মুখোমুখি সংঘর্ষ হয়।
এতে ঘটনাস্থলেই মারা যান রেশমীর স্বামী দেলোয়ার। গুরুতর আহত রেশমী ও তাঁর মেয়েকে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক ওয়াসিফা জান্নাতকে মৃত ঘোষণা করেন। আশঙ্কাজনক অবস্থায় রেশমীকে প্রথমে স্থানীয় হাসপাতালে এবং পরে চট্টগ্রাম নগরীর একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে টানা ২৪ দিন চিকিৎসাধীন থাকার পর শনিবার দিবাগত রাতে তাঁর মৃত্যু হয়।
দোহাজারী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরুল আবছার রেশমীর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, রেশমী আক্তার চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। তাঁর মরদেহ বিনা ময়নাতদন্তে দাফনের ব্যবস্থা করা হচ্ছে।
পড়ুন:সিরাজগঞ্জে ট্রেইনি রিক্রুট কনস্টেবল নিয়োগে তদবিরবাজির অভিযোগে দুজন আটক
ইমি/


