‘শব্দ শেখো, ভাষা শেখো’ প্রতিপাদ্যকে সামনে রেখে সিরাজগঞ্জে জেলা পর্যায়ে ওয়ার্ড মাস্টার কম্পিটিশন-২০২৬ অনুষ্ঠিত হয়েছে। শিক্ষার্থীদের ইংরেজি শব্দভাণ্ডার সমৃদ্ধ করা, ভাষাগত দক্ষতা বৃদ্ধি এবং যোগাযোগ ও সামাজিক দক্ষতা উন্নয়নের লক্ষ্যে এ প্রতিযোগিতার আয়োজন করা হয়।
রোববার (১৫ নভেম্বর) সকাল ১১টায় সিরাজগঞ্জ সার্কিট হাউসের হলরুমে গুডনেইবারস বাংলাদেশ সিরাজগঞ্জ সিডিপির উদ্যোগে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
গুডনেইবারস সিরাজগঞ্জ সিডিপির ম্যানেজার মো. মোশারফ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে সঞ্চালনা করেন সহকারী প্রোগ্রাম অফিসার মোছা. রিয়াদুন জান্নাত রিয়া। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিরাজগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক গণপতি রায়।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. শফিকুল ইসলাম, রায়গঞ্জ উপজেলা একাডেমিক সুপারভাইজার মুহা. নূরুন্নবী মিয়া। এ ছাড়া গুডনেইবারস সিরাজগঞ্জ সিডিপির সহকারী প্রোগ্রাম অফিসার পনুয়েল মণ্ডল, আইটি কর্মকর্তা মো. রুহুল আমিনসহ জেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষকরা উপস্থিত ছিলেন।
প্রতিযোগিতায় রায়গঞ্জ ও তাড়াশ উপজেলার ছয়টি বিদ্যালয়ের অষ্টম শ্রেণির মোট আটজন শিক্ষার্থী অংশ নেয়। তাদের মধ্যে পাঁচজন ছেলে ও তিনজন মেয়ে শিক্ষার্থী ছিল। প্রতিযোগিতা শেষে বিজয়ীদের হাতে সম্মাননা ও পুরস্কার তুলে দেওয়া হয়।
আয়োজকরা জানান, শিক্ষার্থীদের ইংরেজি শব্দ শেখার প্রতি আগ্রহ সৃষ্টি, শব্দভাণ্ডার সমৃদ্ধ করা এবং ইংরেজি ভাষার ব্যবহারিক দক্ষতা বাড়াতে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
পড়ুন : নেত্রকোনায় প্রেমের ফাঁদে ফেলে স্কুলছাত্রীকে দলবদ্ধ ধর্ষণ, ভিডিও ধারণ


