গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় দায়িত্বরত অবস্থায় থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মোসলেম আলীর হামলা ও কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা। এতে তিনি গুরুতর আহত হয়েছেন ।
রোববার (১৫ নভেম্বর) বিকেলে উপজেলার পাটগাতি বাজারে দায়িত্বরত অবস্থায় তার উপর এ হামলার ঘটনা ঘটে।বর্তমানে তিনি টুঙ্গিপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।
আহত পুলিশ কর্মকর্তা মোসলেম আলী গত ১০ নভেম্বর টুঙ্গিপাড়ায় পুলিশের গাড়ি ভাংচুর ও হামলার ঘটনায় সন্ত্রাস বিরোধী আইনে দায়ের হওয়া মামলার বাদি ছিলেন।
টুঙ্গিপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আইয়ুব আলী ঢাকা পোস্ট কে জানান, বিকালে টুঙ্গিপাড়া থানার এসআই মোসলেম আলী পাটগাতি বাজারে দায়িত্ব পালন করছিলেন। এসময় বেশ কয়েকজন দুর্বৃত্ত এসে মোসলেম আলীর ওপর হামলা ও তাকে কুপিয়ে যখম করে । গুরুতর আহত অবস্থায় মোসলেম আলী কে টুঙ্গিপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
এরআগে গত ১০ নভেম্বর গোপালগঞ্জে দিনভর তাণ্ডব চালায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। ওই দিন সকাল থেকেই তারা লগি-বৈঠা, ঢাল-সড়কি ও দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে টুঙ্গিপাড়া উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে অবস্থান নেন এবং বিক্ষোভ, ভাঙচুরসহ নানা সহিংসতা চালান। একপর্যায়ে হামলাকারীরা পুলিশের একটি পিকআপ ভ্যানে ভাঙচুর চালিয়ে তাতে আগুন ধরিয়ে দেন। এছাড়া পুলিশের উপর হামলা চালানো হয় । এঘটনায় গত ১৩ নভেম্বর টুঙ্গিপাড়া থানার উপ পরিদর্শক মোসলেম আলী বাদী হয়ে সন্ত্রাস বিরোধী আইনে একটি মামলা দায়ের করেন।
পুলিশের গাড়িতে অগ্নিসংযোগ ও সহিংসতার ঘটনায় দায়ের করা ওই মামলায় মোট ২ হাজার ২২৪ জনকে আসামি করা হয়েছে। এর মধ্যে ২২৪ জনের নাম উল্লেখ করা হয়েছে এবং অজ্ঞাতনামা আরও ২ হাজার জনকে আসামি করা হয়েছে।
পড়ুন : গোপালগঞ্জে দেশি অস্ত্র নিয়ে আওয়ামী লীগের বিক্ষোভ, ভাঙচুর ও সড়ক অবরোধ


