লাঠি, লগি-বৈঠা, রামদা, চায়নিজ কুড়াল, টেঁটা ও বল্লমসহ বিভিন্ন দেশি অস্ত্র নিয়ে গোপালগঞ্জ শহরে বিক্ষোভ মিছিল ও মহড়া দিয়েছেন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ এবং সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। এ সময় জুলাই স্মৃতিস্তম্ভ, পুলিশ বক্স, পুলিশের সাঁজোয়া যান (এপিসি) এবং গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের হাদি চত্বরের নামফলক ভাঙচুরের ঘটনা ঘটে। পাশাপাশি গোপালগঞ্জ সরকারি কলেজের প্রধান ফটকের নামফলক পরিবর্তন করে আগের নামসংবলিত ব্যানার টাঙিয়ে দেন বিক্ষোভকারীরা। পরে কয়েকটি সড়কে টায়ার জ্বালিয়ে অবরোধ করেন তাঁরা।
১৯ নভেম্বর আওয়ামী লীগের আহ্বান করা দেশব্যাপী সকাল-সন্ধ্যা লকডাউন কর্মসূচি সফল করার প্রস্তুতি হিসেবে রোববার (১৫ নভেম্বর) এ কর্মসূচি পালন করেন দলটির নেতাকর্মীরা। এ সময় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনা এবং দলীয় আট দফা দাবির পক্ষে বিভিন্ন স্লোগান দেন তাঁরা।
স্থানীয় সূত্রে জানা যায়, রোববার সকাল থেকেই গোপালগঞ্জ সদর উপজেলার লতিফপুর ইউনিয়নের ঘোষেরচর উত্তরপাড়ার গাবতলা মোড়ে বিভিন্ন এলাকা থেকে নেতাকর্মীরা জড়ো হতে থাকেন। পরে পৌর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সালাহউদ্দিন খানের নেতৃত্বে একটি বড় মিছিল বিসিক ব্রিজ হয়ে শহরে প্রবেশ করে।
একই সময়ে ঘোষেরচর দক্ষিণপাড়া থেকে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা সামিউল হক তনুর নেতৃত্বে আরেকটি মিছিল বের হয়। এ ছাড়া শহরের মিয়াবাড়ি ও নবীনবাগ এলাকা থেকে সাবেক কাউন্সিলর আলামিনের নেতৃত্বেও পৃথক মিছিল বের করা হয়। সদর উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে আসা নেতাকর্মীরাও ছোট ছোট মিছিল নিয়ে শহরে প্রবেশ করেন।
পরে মিছিলগুলো শহরের পুরোনো লঞ্চঘাট এলাকায় একত্র হয়। সেখানে সমবেত নেতাকর্মীরা জাতীয় পতাকা, লাঠিসোঁটা ও বিভিন্ন দেশি অস্ত্র নিয়ে দলীয় কার্যালয়ের দিকে অগ্রসর হন। তাঁদের অনেকের মাথায় হেলমেটও দেখা যায়।
তালাবদ্ধ কার্যালয় খুলে উল্লাস
পুরোনো লঞ্চঘাট থেকে মিছিল নিয়ে নেতাকর্মীরা শহরের ব্যাংকপাড়ায় আওয়ামী লীগের জেলা কার্যালয়ে যান। দীর্ঘদিন ধরে তালাবদ্ধ থাকা কার্যালয়টির দরজা খুলে সেখানে উল্লাস করেন তাঁরা।
এরপর বিক্ষোভকারীরা শহরের বিভিন্ন স্থানে ভাঙচুর চালান। গোপালগঞ্জ লঞ্চঘাট এলাকায় অবস্থিত জুলাই স্মৃতিস্তম্ভের বিভিন্ন অংশ ক্ষতিগ্রস্ত করা হয়। একই সঙ্গে সেখানকার একটি পুলিশ বক্সেও ভাঙচুরের ঘটনা ঘটে।
গোপালগঞ্জ সরকারি কলেজের প্রধান ফটকের নামফলক মুছে সেখানে ‘সরকারি বঙ্গবন্ধু কলেজ’ লেখা একটি ব্যানার টাঙিয়ে দেওয়া হয়। অন্যদিকে গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের হাদি চত্বরের নামফলকও ভেঙে ফেলেন বিক্ষোভকারীরা।
প্রত্যক্ষদর্শীদের ভাষ্য অনুযায়ী, বিক্ষোভের একপর্যায়ে পুলিশের একটি সাঁজোয়া যানকে ঘিরেও ভাঙচুর চালানো হয়। এপিসির পেছনের লুকিং গ্লাস ক্ষতিগ্রস্ত করা হয় এবং গায়ে লাল রং দিয়ে ‘জয় বাংলা’ স্লোগান লিখে দেওয়া হয়। পরে কয়েকজন নেতাকর্মীকে সাঁজোয়া যানটির ওপর দাঁড়িয়ে স্লোগান দিতে দেখা যায়।
টায়ার জ্বালিয়ে সড়ক অবরোধ
ভাঙচুরের পর বিক্ষোভকারীরা গোপালগঞ্জ-পাটগাতী সড়কের পুরোনো লঞ্চঘাট, সরকারি কলেজ এবং প্রেসক্লাবের সামনে টায়ার জ্বালিয়ে অবরোধ সৃষ্টি করেন। এতে গুরুত্বপূর্ণ এই সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়।
স্থানীয় সূত্র জানায়, বেলা ১১টা থেকে দুপুর পৌনে ২টা পর্যন্ত ওই সড়কে সব ধরনের যানবাহন চলাচল বন্ধ ছিল। শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে পুলিশ সদস্যদের অবস্থান দেখা গেলেও পরিস্থিতি নিয়ন্ত্রণে তাঁদের উল্লেখযোগ্য তৎপরতা চোখে পড়েনি।
কার্যক্রম নিষিদ্ধ গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ইলিয়াস হক বলেন, বঙ্গবন্ধু ও শেখ হাসিনার প্রশ্নে গোপালগঞ্জের মানুষ আপসহীন। শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে না আনা পর্যন্ত তাঁদের আন্দোলন অব্যাহত থাকবে।
এ বিষয়ে বক্তব্য জানতে গোপালগঞ্জের পুলিশ সুপার মো. হাবীবুল্লাহর মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাঁকে পাওয়া যায়নি। জেলা পুলিশের কয়েকজন দায়িত্বশীল কর্মকর্তাও এ বিষয়ে মন্তব্য করতে রাজি হননি।
আগের রাতেও হামলা ও অগ্নিসংযোগ
এদিকে রোববারের বিক্ষোভের আগের রাতেও গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বিএনপি ও যুবদলের কার্যালয়সহ কয়েকটি স্থানে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে।
স্থানীয় বাসিন্দাদের ভাষ্য অনুযায়ী, শনিবার রাত আটটার দিকে টুঙ্গিপাড়ার খালেক বাজার এলাকার কয়েকটি দোকানে হামলার পর আগুন দেওয়া হয়। পরে কুশলী ইউনিয়ন বিএনপির কার্যালয় এবং আশপাশের কয়েকটি দোকানেও অগ্নিসংযোগ করা হয়। একই রাতে নিলফা বাজারে বিএনপির কার্যালয়ে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটে।
টুঙ্গিপাড়া উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মোক্তার হোসেন মোল্লা এসব ঘটনার জন্য কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ, যুবলীগ ও নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকর্মীদের দায়ী করেন।
পরপর দুই দিনের এসব ঘটনায় গোপালগঞ্জের বিভিন্ন এলাকায় রাজনৈতিক উত্তেজনা ও সহিংস পরিস্থিতির চিত্র সামনে এসেছে। বিশেষ করে শহরের গুরুত্বপূর্ণ সড়কে অবরোধ, সরকারি স্থাপনা ও স্মৃতিস্তম্ভে ভাঙচুর এবং পুলিশি যানবাহন ক্ষতিগ্রস্ত হওয়ার ঘটনায় স্থানীয় জনজীবন ও যান চলাচল ব্যাহত হয়েছে।
পড়ুন : নোয়াখালীতে অবসরপ্রাপ্ত পুলিশ সদস্যের বিরুদ্ধে বসতবাড়ি দখলের অভিযোগ


