মজুরি বোর্ড সাথে ভর্তুকি চাল তবুও অশান্ত শিল্পখাত, এই আন্দোলনের নেপথ্যে কারা!

দেশের তৈরি পোশাক শিল্পের প্রাণকেন্দ্র গাজীপুরের শিল্পাঞ্চলে অস্থিরতা নিরসনে সরকারের পক্ষ থেকে মজুরি বোর্ড গঠন, বিশেষ ওএমএস (খোলাবাজারে বিক্রি) প্রকল্প এবং ১০০ শয্যাবিশিষ্ট হাসপাতাল নির্মাণের ঘোষণা দেওয়া হলেও তা শ্রমিকদের পুরোপুরি শান্ত করতে পারছে না। শ্রমিক নেতা, শিল্প মালিক ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পর্যবেক্ষণ অনুযায়ী, শ্রমিকদের দৃশ্যমান অর্থনৈতিক দাবির আড়ালে এই দীর্ঘস্থায়ী অস্থিরতার পেছনে রহস্যজনক ভিন্ন কারণ রয়েছে।

বিজ্ঞাপন

জানা যায়, শ্রমিকদের দীর্ঘদিনের দাবি বাস্তবায়নের লক্ষ্যে ১ নভেম্বর (রবিবার) রাষ্ট্রপতির আদেশক্রমে উপসচিব মো. মাহবুবুর রহমান স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনের মাধ্যমে বাংলাদেশ শ্রম আইন, ২০০৬ (সংশোধিত ২০২৬)-এর ১৩৮ ধারার উপধারা (২) ও (৪)-এর বিধান অনুযায়ী নতুন মজুরি বোর্ড গঠন করে সরকার। পাশাপাশি ৯ নভেম্বর (সোমবার) ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশনের প্রথম দিনে সংসদ সদস্য শামছুর রহমান শিমুল বিশ্বাসের এক অনির্ধারিত প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী তারেক রহমান জানান, শ্রমিকদের চিকিৎসাসেবা নিশ্চিত করতে দেশের ছয়টি শিল্পাঞ্চলে ছয়টি ১০০ শয্যার হাসপাতাল নির্মাণ করা হবে। প্রাথমিকভাবে গাজীপুরের টঙ্গী, আশুলিয়া, কালিয়াকৈর, নারায়ণগঞ্জ, সাভার ও চট্টগ্রামে এসব হাসপাতাল গড়ে তোলা হবে।

এ ছাড়া তৈরি পোশাক শিল্পে কর্মরতদের জন্য ভর্তুকি মূল্যে বিশেষ ওএমএস (ওপেন মার্কেট সেল) কর্মসূচি চালু করা হয়েছে। এর আওতায় একজন শ্রমিক মাসে একবার ৩০ টাকা কেজি দরে সর্বোচ্চ ১০ কেজি চাল কিনতে পারবেন। শ্রমিকদের সুবিধার্থে প্রতি শুক্রবার সকাল ১০টা থেকে দুপুর সাড়ে ১২টা এবং বিকেল আড়াইটা থেকে ৫টা পর্যন্ত ট্রাকের মাধ্যমে এই চাল বিক্রি করা হবে। তবে আন্দোলনরত শ্রমিকদের মতে, এসব পদক্ষেপ তাৎক্ষণিক স্বস্তি দিলেও নিত্যপণ্যের লাগামহীন ঊর্ধ্বগতি এবং বিদ্যুৎ, গ্যাস ও বাড়িভাড়া বৃদ্ধির তুলনায় তা যথেষ্ট নয়। আর এই সুযোগেই একটি সুবিধাবাদী মহল শ্রমিকদের ঢাল হিসেবে ব্যবহার করে গার্মেন্টস খাতে অস্থিরতা সৃষ্টি করছে।

অস্থিরতার নেপথ্যের কারণ খুঁজতে গিয়ে সংশ্লিষ্ট বিভিন্ন পক্ষের বক্তব্য ও শিল্পাঞ্চলের সামগ্রিক পরিস্থিতি বিশ্লেষণ করে জানা গেছে, গাজীপুরের কারখানাগুলোর পরিত্যক্ত কাপড় বা ‘ঝুট’ ব্যবসা নিয়ন্ত্রণ নিয়ে স্থানীয় প্রভাবশালী ও রাজনৈতিক গোষ্ঠীগুলোর মধ্যে দীর্ঘদিনের দ্বন্দ্ব রয়েছে। ক্ষমতার পালাবদল বা স্থানীয় নেতৃত্বের পরিবর্তনের পর এই ব্যবসার নিয়ন্ত্রণ নিতে অনেক সময় বহিরাগতদের ইন্ধনে কারখানায় অস্থিরতা তৈরি করা হয়, যাতে উৎপাদন বন্ধ থাকে এবং মালিকপক্ষ চাপে পড়ে।

এ বিষয়ে গাজীপুর-১ আসনের সংসদ সদস্য মুজিবুর রহমান সম্প্রতি এক সংবাদ সম্মেলনে বলেন, “আমরা চিহ্নিত করেছি যে এই আন্দোলনে সাধারণ মানুষের কোনো অংশগ্রহণ নেই। শ্রমিকরা যখন কারখানায় কাজ করছেন, তখন চব্বিশের পরাজিত ফ্যাসিস্টদের দোসর ছাত্রলীগ, যুবলীগ, শ্রমিক লীগের পাশাপাশি ক্ষমতার লোভে আমাদের কিছু বিপরীতমুখী পক্ষের নেতাকর্মীরাও এতে সম্পৃক্ত হয়েছেন। তারা সশস্ত্র অবস্থায় কারখানার ফটকে গিয়ে শ্রমিকদের লাঠিপেটা করে বেরিয়ে আসতে বাধ্য করছেন।”

তবে সাংসদের মন্তব্যের সাথে দ্বিমত পোষণ করে নাম প্রকাশে অনিচ্ছুক এক বিএনপি নেতা বলেন, “বর্তমানে কারা আন্দোলনে উসকানি ও আশ্রয় দিচ্ছে তা প্রশাসনসহ সবাই জানে! কিন্তু মামা-খালুদের পরিচয়ে তারা ধরাছোঁয়ার বাইরে। তা ছাড়া যারা (সরকারদলীয় নেতা) ফ্যাক্টরির ব্যবসা-বাণিজ্য করেন, এই আন্দোলনে তাদের ভূমিকা কী?” তিনি আরও বলেন, কেন্দ্র সবাইকে নিয়ে বসলে একদিনেই সব সমাধান হয়ে যাবে।

অনুসন্ধানে শিল্পাঞ্চলের বেশ কিছু ঋণখেলাপি কারখানার তথ্যও উঠে এসেছে। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, চলমান এই অস্থিরতায় কারখানা বন্ধ থাকলে একটি বিশেষ পক্ষের বড় ধরনের সুবিধা হবে। অন্যদিকে, গাজীপুরের অধিকাংশ বড় কারখানায় নিয়মিত বেতন পরিশোধ করা হলেও কিছু সাব-কন্ট্রাক্টিং প্রতিষ্ঠানে দুই থেকে তিন মাসের মজুরি বকেয়া রয়েছে। এমন পরিস্থিতিতে কোনো একটি কারখানায় বকেয়া বেতনের দাবিতে আন্দোলন শুরু হলে গুজব ও সহমর্মিতার জেরে আশপাশের সচল কারখানার শ্রমিকরাও রাস্তায় নেমে পড়েন। পাশাপাশি ঊর্ধ্বতন কর্মকর্তাদের অসদাচরণ ও মজুরি বৈষম্য নিয়েও শ্রমিকদের মধ্যে তীব্র অসন্তোষ বিরাজ করছে। ফলে অভিজ্ঞ শ্রমিকদের মধ্যে যে ক্ষোভের সঞ্চার হয়েছে, তা কেবল ভর্তুকির চাল কিংবা হাসপাতালের প্রতিশ্রুতি দিয়ে প্রশমন করা সম্ভব হবে না বলে মনে করছেন অনেক শ্রমিক।

এরই ধারাবাহিকতায় গত ১৫ নভেম্বর (রবিবার) সকাল ৮টা ৪০ মিনিটে গাজীপুরের কালিয়াকৈর উপজেলার মৌচাক এলাকায় অবস্থিত ল্যাভেন্ডার ফ্যাশনস, এটিএস অ্যাপারেলস, লগোজ অ্যাপারেলস, বে-ফুটওয়্যার ও পূর্বাণী গ্রুপসহ আশপাশের সব কারখানা ছুটি ঘোষণা করা হয়। শ্রমিকরা যথাসময়ে কারখানায় প্রবেশ করলেও ল্যাভেন্ডার কারখানার শ্রমিকরা কাজ বন্ধ করে বাইরে বের হয়ে আশপাশের কারখানার গেটের সামনে ভাঙচুর শুরু করলে সব ফ্যাক্টরি একসঙ্গে ছুটি ঘোষণা করা হয়। এরপর শ্রমিকরা রাস্তায় অবস্থান নেন। পরে পুলিশ, বিজিবি ও আনসার যৌথভাবে সাউন্ড গ্রেনেড ও টিয়ারশেল নিক্ষেপ করে মহাসড়ক থেকে শ্রমিকদের ছত্রভঙ্গ করে দেয়।

অপরদিকে আজ সোমবার (১৬ নভেম্বর) সকালে কোনাবাড়ী এলাকায় এবিএম ফ্যাশন ও যমুনা কারখানার শ্রমিকরা কাজে যোগদান না করে বাইরে অবস্থান নেয় পরবর্তীতে বিক্ষোভ শুরু করে তারা। পরে কোনাবাড়ী-কাশিমপুর সড়ক অবরোধ করে রাখে আন্দোলনকারীরা। খবর পেয়ে পুলিশ ও বিজিবি সদস্যরা শ্রমিকদের সড়ক থেকে সরে যেতে অনুরোধ করেন। এ সময় শ্রমিকরা উত্তেজিত হয়ে ওঠলে প্রশাসন টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে শ্রমিকদের ছত্রভঙ্গ করে দেয়। পরবর্তীতে শ্রমিকরা ওই সড়ক থেকে সরে গেলে পরিস্থিতি স্বাভাবিক হয়।

সরেজমিনে দেখা যায়, ঢাকা-টাঙ্গাইল ও গাজীপুর-চন্দ্রা মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে। তবে কোনাবাড়ী এলাকার বেস্ট উল সোয়েটার, যমুনা ডেনিম লিমিটেড, এ.বি.এম ফ্যাশন লিমিটেড, কে.এম. নোবলী, টি-ডিজাইন সোয়েটার, ইসলাম গ্রুপ, রিপন নিটওয়্যার, রেজাউল অ্যাপারেলস, ফ্যাশন সামিট, ফ্যাশন পয়েন্ট, বণিকা ফ্যাশন, পি.বি.এল নিট কম্পোজিট, গ্রিনল্যান্ড গার্মেন্টসসহ অধিকাংশ কারখানা বন্ধ রয়েছে। পাশাপাশি কালিয়াকৈর উপজেলার ১৩(১) ধারায় ফারইষ্ট নিটিং এন্ড ডাইং, আহসান কম্পোজিট লিঃ,এপেক্স হোল্ডিং লিঃসহ ১১টি গার্মেন্টস বন্ধ ও পূরবানী ফ্যাশন, বে ফুটওয়্যার লিঃ,সহ ১৯ কারখানা সাধারণ ছুটি ঘোষণা করেছে কর্তৃপক্ষ।

অন্যদিকে, আন্দোলনে সম্পৃক্ততার অভিযোগে ইব্রাহিম খলিল (২৩), দুর্জয় হোসেন (২৪), ফজলে রাব্বি (২৪), রিফাত হাসান (২৩), ওয়াশিংটন বৈরাগী (২৬), পিয়াস প্রধানসহ (১৮)সহ ২০ জন নেতাকর্মীকে আটক করেছে কালিয়াকৈর থানা পুলিশ (মামলা নং ৩০)। এ ছাড়া অদ্যাবধি কালিয়াকৈর থানায় আন্দোলন সংশ্লিষ্ট ৪টি মামলায় ৫০ জনকে আটক করেছে পুলিশ। পাশাপাশি গাজীপুর মেট্রোপলিটন পুলিশের ৫টি থানায় ১৪টি মামলায় ৮১ জনকে আটক করা হয়েছে।

কালিয়াকৈর উপজেলা নির্বাহী অফিসার এ এইচ এম ফখরুল হোসাইন বলেন, চলমান গার্মেন্টস শ্রমিক আন্দোলনে সাধারণ শ্রমিকরা জড়িত না। আমরা সাংবাদিক ও গোয়েন্দা সংস্থার মাধ্যমে জেনেছি একটি বিশেষ চক্র ঘোলা পানিতে মাছ শিকারের চেস্টা করছে।

এ বিষয়ে গাজীপুর-১ আসনের সংসদ সদস্য মো. মুজিবুর রহমানের সাথে যোগাযোগ করা হলে, তিনি জানান, সংসদে আছি, পরে কথা বলব।

পড়ুন : পটিয়ায় বাস-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে প্রবাসী নিহত

সা/

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন