বিরোধিতার পরও নারায়ণগঞ্জে আসছেন আমির হামজা

বিরোধিতা ও আপত্তির মধ্যেও নারায়ণগঞ্জের বন্দরে তাফসিরুল কোরআন মাহফিলে যোগ দিতে আসছেন কুষ্টিয়া-৩ আসনের সংসদ সদস্য ও ইসলামি বক্তা মুফতি আমির হামজা। তাঁর আগমন নিয়ে স্থানীয় আলেম-ওলামা ও বিভিন্ন রাজনৈতিক দলের একাংশের আপত্তি থাকলেও আয়োজকেরা মাহফিল আয়োজনের বিষয়ে অনড় রয়েছেন। এ নিয়ে প্রশাসনের সঙ্গে আলোচনার পর মাহফিল আয়োজনের বিষয়ে এক ধরনের সমঝোতা হয়েছে বলে জানিয়েছেন আয়োজকেরা। তবে আমির হামজার বক্তব্য দেওয়ার বিষয়ে আপত্তি রয়েছে পুলিশের।

বিজ্ঞাপন

সোমবার (১৬ নভেম্বর) বন্দরের ২৫ নম্বর ওয়ার্ডের দক্ষিণ লক্ষণখোলা এলাকার পৌর মাঠে ‘তারতীলুল কোরআন আহমাদীয়া মাদ্রাসা’র উদ্যোগে এ মাহফিল অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে মুফতি আমির হামজার উপস্থিত থাকার কথা জানিয়েছেন আয়োজকেরা।

আয়োজক কমিটির সদস্য ও বন্দর উত্তর থানা জামায়াতের আমীর মাওলানা আতিকুর রহমান বলেন, মাহফিল আয়োজনের জন্য জেলা প্রশাসক ও পুলিশ সুপারের কার্যালয়ে লিখিত আবেদন করা হয়েছে। প্রশাসনের বিভিন্ন পর্যায় থেকে তাঁদের সঙ্গে যোগাযোগ হয়েছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরাও কথা বলেছেন। সব মিলিয়ে মাহফিল আয়োজনে কোনো সমস্যা হবে না বলে তাঁরা আশাবাদী।

আমির হামজার আগমন নিয়ে আপত্তির বিষয়ে তিনি বলেন, তাঁর বিরুদ্ধে বিতর্কিত হওয়ার অভিযোগ ছাড়া সুনির্দিষ্ট কোনো অপরাধের তথ্য-প্রমাণ নেই। সংবাদপত্রে কোনো প্রতিবেদন প্রকাশিত হলেই সেটিকে অপরাধের প্রমাণ হিসেবে বিবেচনা করা যায় না। দেশের বিভিন্ন স্থানে আমির হামজা নিয়মিত মাহফিলে বক্তব্য দিচ্ছেন।

আতিকুর রহমান আরও বলেন, প্রশাসনের পক্ষ থেকে মাহফিল আয়োজনে ইতিবাচক মনোভাব দেখানো হলেও আমির হামজাকে নিয়ে আপত্তির কথা জানানো হয়েছে। তবে তাঁকে প্রধান অতিথি করেই মাহফিল আয়োজন করতে চান তাঁরা।

অন্যদিকে, বন্দর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মিজানুর রহমান বলেন, মাহফিল আয়োজনের অনুমতি দেওয়া হলেও মুফতি আমির হামজাকে সেখানে বক্তব্য না দেওয়ার অনুরোধ করা হয়েছে।

অতিরিক্ত পুলিশ সুপার তারেক আল মেহেদী বলেন, এ ধরনের অনুষ্ঠানের জন্য জেলা প্রশাসনকে অবহিত করতে হয়। জেলা প্রশাসকের কার্যালয় থেকে পুলিশ সুপারের কার্যালয়ে প্রতিবেদন চাওয়া হলে তাঁরা সংশ্লিষ্ট থানাকে খোঁজখবর নেওয়ার দায়িত্ব দেন। পরে থানা থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে প্রতিবেদন জেলা প্রশাসকের কাছে পাঠানো হয়েছে।

তিনি বলেন, “ওয়াজ মাহফিলের বিষয়ে কোনো বাধা নেই। কিন্তু যেহেতু একটি বিষয়ে আপত্তি উঠেছে, তাই আমরা পরামর্শ দিয়েছি উনি (আমির হামজা) না আসেন। আমরা সরাসরি নিষেধ করছি না, মূলত পরিস্থিতি বিবেচনায় নিরুৎসাহিত করছি।”

এর আগে গত শনিবার (১৪ নভেম্বর) বন্দরের লক্ষণখোলা মাহমুদীয়া মাদ্রাসায় স্থানীয় একাংশের আলেম-ওলামা ও বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা বৈঠক করেন। সেখানে নারায়ণগঞ্জ জেলা ওলামা পরিষদ, হেফাজতে ইসলাম, ইসলামী আন্দোলন বাংলাদেশ ও স্থানীয় বিএনপির নেতারা উপস্থিত ছিলেন। বৈঠক থেকে যেকোনো মূল্যে আমির হামজার আগমন প্রতিহত করার ঘোষণা দেওয়া হয়।

তবে বিরোধিতার মধ্যেও আয়োজকেরা মাহফিলের প্রস্তুতি চালিয়ে যাচ্ছেন। এরই মধ্যে প্রস্তুতি দেখতে অনুষ্ঠানস্থল পরিদর্শন করেছেন মহানগর জামায়াতে ইসলামীর আমীর মাওলানা আবদুল জব্বার ও সাবেক আমীর মাওলানা মঈনুদ্দিন আহমাদ। জামায়াতের স্থানীয় নেতারাও জানিয়েছেন, আপত্তি থাকলেও আমির হামজা মাহফিলে আসবেন। এ বিষয়ে প্রশাসনের সঙ্গে তাঁদের কথা হয়েছে। মাহফিলের শৃঙ্খলা রক্ষায় তাঁদের নিজস্ব স্বেচ্ছাসেবী দলও দায়িত্ব পালন করবে।

পড়ুন:নারায়ণগঞ্জে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত ২১ পরিবার পেল ৬৯ লাখ টাকা

ইমি/

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন