লালমনিরহাটের আদিতমারী উপজেলায় ‘সার কার্ডের’ মাধ্যমে সুশৃঙ্খল ও স্বচ্ছ প্রক্রিয়ায় রাসায়নিক সার বিতরণ শুরু হয়েছে। এতে সারের জন্য কৃষকদের দীর্ঘদিনের ভোগান্তি ও দুশ্চিন্তার অবসান ঘটেছে। গত ১ নভেম্বর থেকে উপজেলার ৮টি ইউনিয়নে শুরু হওয়া এই কার্যক্রমে প্রকৃত কৃষকদের হাতে সহজে নির্ধারিত পরিমাণ সার পৌঁছানো নিশ্চিত হওয়ায় স্থানীয় কৃষকমহলে ব্যাপক স্বস্তি ফিরেছে।
আদিতমারী উপজেলা কৃষি অফিস সূত্রে জানা যায়, কৃষকদের মাঝে সরকারি বরাদ্দকৃত সারের সুষম বণ্টন, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার পাশাপাশি সিন্ডিকেট বা যেকোনো ধরনের অনিয়ম রোধ করতেই এই যুগান্তকারী উদ্যোগ নেওয়া হয়েছে। উপজেলায় বর্তমানে মোট ৩৯ হাজার ১৪৩ জন নিবন্ধিত কৃষক রয়েছেন। এর মধ্যে ইতোমধ্যে ৩৫ হাজার কৃষকের মাঝে ‘সার কার্ড’ বিতরণ সম্পন্ন হয়েছে। বাকি কৃষকদের হাতেও দ্রুত কার্ড পৌঁছে দেওয়ার কার্যক্রম চলমান রয়েছে।
সরেজমিনে বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে, সার কার্ড চালুর পর থেকে ডিলারদের দোকানগুলোতে আগের মতো সারের জন্য দীর্ঘ লাইন বা কোনো বিশৃঙ্খল পরিস্থিতি নেই। কৃষকরা দোকানে গিয়ে শুধু কার্ড প্রদর্শন করেই নিজেদের নির্ধারিত কোটার সার স্বাচ্ছন্দ্যে সংগ্রহ করতে পারছেন।
সার কার্ডের সুফল সম্পর্কে উপজেলার কমলাবাড়ি ইউনিয়নের চন্দনপাট গ্রামের কৃষক মো. আজগার আলী বলেন, আগে সার তুলতে গিয়ে আমাদের নানা ঝামেলা পোহাতে হতো। এখন সার কার্ড থাকায় খুব সহজেই নির্দিষ্ট পরিমাণ সার পাওয়ার সুযোগ তৈরি হয়েছে।
একই ইউনিয়নের পূর্ব শালমারা গ্রামের কৃষক সুশীল চন্দ্র রায় সন্তোষ প্রকাশ করে বলেন, আগে সার সংগ্রহ করতে গিয়ে অনেক সময় ভোগান্তির শিকার হতে হতো। এখন সার কার্ডের মাধ্যমে হয়রানি একেবারে কমেছে এবং সারের প্রাপ্যতা নিয়ে আমাদের দুশ্চিন্তাও দূর হয়েছে। কৃষি বিভাগের এই উদ্যোগে আমরা কৃষকরা অনেক উপকৃত হচ্ছি।
শুধু কৃষকরাই নন, সার বিতরণের দায়িত্বে থাকা ডিলাররাও এই নতুন ব্যবস্থার ভূয়সী প্রশংসা করছেন। কমলাবাড়ি চন্দনপাটের বিএডিসি ডিলার মেসার্স সজীব ট্রেডার্সের স্বত্বাধিকারী মো. বাচ্চু মিয়া বলেন, সার কার্ডের মাধ্যমে কার্যক্রম পরিচালনা করায় কৃষকদের অত্যন্ত সুশৃঙ্খলভাবে সার সরবরাহ করা সম্ভব হচ্ছে। প্রকৃত কৃষক সহজেই শনাক্ত করা যাচ্ছে এবং সারের সঠিক হিসাব সংরক্ষণ ও সুষ্ঠু বণ্টন নিশ্চিত করা আমাদের জন্যও অনেক সহজ হয়েছে।
সার্বিক বিষয়ে আদিতমারী উপজেলা কৃষি অফিসার মো. আব্দুল জব্বার বলেন, উপজেলায় সারের পর্যাপ্ত মজুত রয়েছে। কৃষকদের কাছে সরকারি বরাদ্দকৃত সার স্বচ্ছতা, জবাবদিহিতা ও সুশৃঙ্খলভাবে পৌঁছে দেওয়ার লক্ষ্যেই এই সার কার্ড কার্যক্রম বাস্তবায়ন করা হচ্ছে। এর মাধ্যমে প্রকৃত কৃষকের প্রাপ্যতা শতভাগ নিশ্চিত এবং অনিয়ম পুরোপুরি প্রতিরোধ করা সম্ভব হচ্ছে।
তিনি আরও জানান, কৃষকবান্ধব এই উদ্যোগের ফলে সামগ্রিক কৃষি উৎপাদন কার্যক্রম আরও গতিশীল হবে। পুরো কার্যক্রমটি সুষ্ঠু ও স্বচ্ছভাবে বাস্তবায়নের জন্য উপসহকারী কৃষি কর্মকর্তাগণ সর্বদা মাঠে উপস্থিত থেকে তদারকি করছেন। এছাড়া উপজেলা কৃষি অফিস থেকেও নিয়মিত মনিটরিং ও প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করা হচ্ছে।
পড়ুন:বহিরাগতদের হামলায় আহত শ্রমিকের মৃত্যু, গ্রেপ্তার ৪
ইমি/


