যথাযোগ্য মর্যাদা, ভাবগাম্ভীর্য ও নানা কর্মসূচির মধ্য দিয়ে আগামী ১৪ ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস এবং ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস উদযাপনের লক্ষ্যে ঢাকার ধামরাইয়ে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১৬ নভেম্বর) সকালে ধামরাই উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে উপজেলা প্রশাসনের উদ্যোগে এ প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়।
সভায় উপস্থিত ছিলেন ঢাকা-২০ আসনের সংসদ সদস্য আলহাজ্ব মো. তমিজ উদ্দিন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আল মামুন, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক শামছুল ইসলাম, সহকারী কমিশনার (ভূমি) ফাহিম শাহারিয়ারসহ উপজেলার বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি ও রাজনৈতিক ব্যক্তিবর্গ।
সভায় আগামী ১৪ ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস এবং ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস যথাযোগ্য মর্যাদায় পালনের লক্ষ্যে বিভিন্ন কর্মপরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। দিবস দুটি উপলক্ষে জাতীয় পতাকা উত্তোলন, শহীদদের স্মরণে শ্রদ্ধা নিবেদন, আলোচনা সভা ও অন্যান্য কর্মসূচি আয়োজনের প্রস্তুতি, অনুষ্ঠানসূচি এবং সার্বিক নিরাপত্তা ব্যবস্থার বিষয়গুলো গুরুত্ব পায়।
এ ছাড়া দিবস দুটি সুষ্ঠু ও সুন্দরভাবে উদযাপনে উপজেলা প্রশাসনের পাশাপাশি সংশ্লিষ্ট সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান, জনপ্রতিনিধি ও রাজনৈতিক ব্যক্তিবর্গের সমন্বিত অংশগ্রহণের ওপর গুরুত্বারোপ করা হয়।
সভায় সংশ্লিষ্ট সবাইকে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা পালনের মাধ্যমে শহীদ বুদ্ধিজীবী দিবস ও মহান বিজয় দিবসের কর্মসূচি সফল করার বিষয়ে আলোচনা করা হয়।
পড়ুন: বহিরাগতদের হামলায় আহত শ্রমিকের মৃত্যু, গ্রেপ্তার ৪
ইমি/


