২০২৬-২৭ অর্থবছরের রবি মৌসুমে কৃষি উৎপাদন বৃদ্ধি ও প্রান্তিক কৃষকদের চাষাবাদে উৎসাহিত করতে ঢাকার ধামরাইয়ে ৬ হাজার ৫০০ ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে উন্নত জাতের সরিষা ও খেসারির বীজসহ বিভিন্ন ধরনের রাসায়নিক সার বিতরণ করা হয়েছে।
সোমবার (১৬ নভেম্বর) সকালে ধামরাই উপজেলা অডিটোরিয়ামে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কৃষকদের হাতে এসব কৃষি উপকরণ তুলে দেন ঢাকা-২০ আসনের সংসদ সদস্য মো. তমিজ উদ্দিন।
উপজেলা কৃষি অফিস সূত্রে জানা গেছে, এ কর্মসূচির আওতায় উপজেলার ৬ হাজার ৪০০ কৃষককে এক কেজি করে উন্নত জাতের সরিষার বীজ এবং ১০০ কৃষককে আট কেজি করে খেসারির বীজ দেওয়া হয়েছে। পাশাপাশি প্রত্যেক কৃষককে প্রয়োজনীয় রাসায়নিক সার সরবরাহ করা হয়।
ধামরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আল মামুনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ও অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা মো. ওমর ফারুক, ধামরাই উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক শামসুল ইসলাম, উপজেলা প্রশাসন ও কৃষি বিভাগের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, উপসহকারী কৃষি কর্মকর্তাবৃন্দ, রাজনৈতিক নেতৃবৃন্দ এবং স্থানীয় কৃষকরা।
অনুষ্ঠানে বক্তারা বলেন, দেশের কৃষি উৎপাদন বৃদ্ধি, খাদ্য নিরাপত্তা নিশ্চিত করা এবং আমদানিনির্ভরতা কমাতে কৃষকদের জন্য সরকারি প্রণোদনা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। সময়মতো উন্নত জাতের বীজ ও সার সরবরাহ করা গেলে কৃষকরা চাষাবাদে আরও উৎসাহিত হবেন এবং উৎপাদন বাড়বে।
বিনামূল্যে কৃষি উপকরণ পেয়ে সন্তোষ প্রকাশ করেন সুবিধাভোগী কৃষকরা। তাঁদের প্রত্যাশা, সরকারি এ সহায়তা সরিষা ও খেসারির আবাদ বাড়ানোর পাশাপাশি উৎপাদন খরচ কমাতে সহায়ক হবে।
কৃষি বিভাগের এ উদ্যোগের ফলে ধামরাইয়ে রবি মৌসুমে তেলজাতীয় ও ডাল ফসলের আবাদ সম্প্রসারণ এবং স্থানীয় কৃষি অর্থনীতিতে ইতিবাচক প্রভাব পড়বে বলে আশা করা হচ্ছে।
পড়ুন:বহিরাগতদের হামলায় আহত শ্রমিকের মৃত্যু, গ্রেপ্তার ৪
ইমি/


