সিরাজগঞ্জের তাড়াশে পুলিশের নিয়মিত চেকপোস্ট বসিয়ে স্মৃতি ইসলাম হাওয়া (২৯) নামে এক নারীকে ইয়াবা ও দেশি অস্ত্রসহ আটক করেছে পুলিশ। এ সময় তার নিকট থেকে দুই পিস ইয়াবা ট্যাবলেট ও একটি চায়না চাকু উদ্ধার করা হয়েছে।
রবিবার গভীর রাতে উপজেলার মাধাইনগর ইউনিয়নের ঝুরঝুরি বাজার এলাকায় তাকে আটক করেছে। আটক স্মৃতি ইসলাম হাওয়া রায়গঞ্জ উপজেলার সাতকুশী গ্রামের জালাল উদ্দীনের মেয়ে।
সোমবার বিকালে তাড়াশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমাম জাফর এই বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, চুরি-ছিনতাই প্রতিরোধ এবং সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ঝুরঝুরি বাজার এলাকায় নিয়মিত চেকপোস্ট পরিচালনা করছিল পুলিশ। এ সময় দ্রুতগতিতে মোটরসাইকেল চালিয়ে আসা ওই নারীকে থামার সংকেত দেওয়া হয়। কিন্তু পুলিশের নির্দেশ অমান্য করে তিনি পালিয়ে যাওয়ার চেষ্টা করেন। পরে পুলিশ ধাওয়া করে তাকে আটক করে।
তিনি আরো বলেন, পরবর্তীতে স্থানীয়দের উপস্থিতিতে তল্লাশি চালিয়ে তার নিকট থেকে দুই পিস ইয়াবা ট্যাবলেট ও একটি চায়না চাকু উদ্ধার করা হয়। তার বিরুদ্ধে মামলা দায়ের শেষে আজ সোমবার দুপুরে তাকে জেল হাজতে পাঠানো হয়েছে।
পড়ুন : গাজীপুরে কাশিমপুর কারাগারে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামির ঝুলন্ত লাশ উদ্ধার


