“আমরাও ছড়াবো আলোর সুবাস”এই প্রতিপাদ্যকে সামনে রেখে গাইবান্ধায় মাদকের অপব্যবহার প্রতিরোধে সামাজিক জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
গাইবান্ধা সচেতন শিক্ষার্থী সমন্বয় পরিষদের আয়োজনে আজ বুধবার বেলা ১১টার দিকে গাইবান্ধা সরকারি মহিলা কলেজের হলরুমে এই সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে কলেজটির বিপুলসংখ্যক শিক্ষার্থীর পাশাপাশি শহরের রজত জয়ন্তী বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা অংশ নেন। সভার শুরুতে শিক্ষার্থীরা আগত অতিথিদের ফুল দিয়ে উষ্ণ অভ্যর্থনা জানান।
গাইবান্ধা সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর শামছুল হকের সভাপতিত্বে এবং আয়োজক সংগঠনের আহ্বায়ক ময়নুল ইসলামের সঞ্চালনায় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সবুজ কুমার বসাক।সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন গাইবান্ধা সরকারি মহিলা কলেজের বাংলা বিভাগের সহকারী অধ্যাপক মো. হাসান কবির এবং গণমাধ্যমকর্মী ও নারী নেত্রী রিক্তু প্রসাদ।
এ সময় বক্তারা সমাজে মাদকের কুপ্রভাব ও এর ভয়াবহ পরিণতি নিয়ে বিস্তারিত আলোচনা করেন। তারা যুবসমাজকে মাদকের ছোবল থেকে দূরে রাখতে পরিবার ও শিক্ষাপ্রতিষ্ঠানের ভূমিকার কথা তুলে ধরেন এবং সুস্থ ও সুন্দর সমাজ গঠনে সম্মিলিতভাবে সচেতনতামূলক পদক্ষেপ গ্রহণের ওপর গুরুত্বারোপ করেন।
পড়ুন : পদত্যাগ করলেন ওসমান ফারুক, কিশোরগঞ্জ-৩ আসন শূন্য
সা/


