মাগুরার নহাটা বাজারে জমি সংক্রান্ত বিষয়ে হয়রানির অভিযোগে সংবাদ সম্মেলন

মাগুরার মহম্মদপুরের নহাটা বাজারের জমির মালিকানা নিয়ে নতুন করে উত্তেজনা সৃষ্টি হয়েছে। বৈধ কাগজপত্র থাকা সত্ত্বেও ব্যবসায়ীদের দোকান বন্ধ করে দেওয়ার নির্দেশ এবং দোকানে তালা লাগানোর হুমকির অভিযোগ উঠেছে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. সাদমান আকিফের বিরুদ্ধে। এ ঘটনায় তীব্র ক্ষোভ ও উদ্বেগ প্রকাশ করে সংবাদ সম্মেলন করেছেন বাজারের ঘরমালিক ও ব্যবসায়ীরা।

বিজ্ঞাপন

সংবাদ সম্মেলনে জানানো হয়, কোনো ধরনের লিখিত নোটিশ, শোকজ কিংবা কাগজপত্র যাচাই-বাছাই না করেই তাদের ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ করে দেওয়ার হুমকি দেওয়া হচ্ছে।

মঙ্গলবার (১৭ নভেম্বর) সকালে নহাটা কাঁচাবাজার জামে মসজিদের সামনে নহাটা বাজার ব্যবসায়ী ও দোকান মালিকদের আয়োজনে সংবাদ সম্মেলনে বাজারের দোকান মালিক, ব্যবসায়ী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে ব্যবসায়ী ও দোকান মালিকরা জানান, গত ৪ নভেম্বর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. সাদমান আকিফ নহাটা বাজারে গিয়ে আকস্মিকভাবে ব্যবসায়ীদের দোকান বন্ধ করার নির্দেশ দেন। এ সময় তিনি প্রায় ২০০ থেকে ২৫০টি তালা নিয়ে বাজারে উপস্থিত হয়েছিলেন এবং দোকান বন্ধ না করলে তালা লাগিয়ে দেওয়ার কথা বলেন।

ব্যবসায়ীদের দাবি, সহকারী কমিশনার (ভূমি) তাদের উদ্দেশে বাজারের প্রায় অধিকাংশ মানুষই অবৈধভাবে ব্যবসা করে আসছে এবং এসব জমি সরকারি সম্পত্তি। যারা দোকান চালু রাখতে চান, তাঁদের ভূমি অফিসের মাধ্যমে লিজ নিতে হবে। আর তাই ছয় হাজার টাকা করে দিতে হবে বলেও অভিযোগ করেন ব্যবসায়ীরা।

বাজার বণিক সমিতির সভাপতি মো. মনির হোসেন বলেন, “গত ৪ নভেম্বর এসিল্যান্ড সাহেব নহাটা বাজারে আসেন। তার সঙ্গে ২০০ থেকে ২৫০টি তালা ছিল। এসে বলেন, সব দোকান বন্ধ করেন, দোকানে তালা মারব। তিনি বলেন, এসব দোকান সরকারি জমির ওপর। যারা লিজ নিতে চান, তাঁরা ছয় হাজার টাকা করে দিয়ে লিজ নেবেন এবং তাঁর অফিসে যোগাযোগ করবেন। এ ঘটনায় আমরা ব্যবসায়ীরা আতঙ্কিত।”

ব্যবসায়ী মো. আবুল হাসানাত পান্নু প্রশ্ন তুলে বলেন, “আমাদের কোনো ধরনের নোটিশ দেওয়া হয়নি, শোকজ করা হয়নি। তাহলে কীভাবে এসিল্যান্ড সাহেব সরাসরি দোকানে তালা লাগাতে আসেন? আইনগত প্রক্রিয়া অনুসরণ না করে এভাবে ব্যবসায়ীদের হয়রানি করা কতটা যুক্তিসংগত!

ব্যবসায়ী মো. বাহারুল ইসলাম বলেন, “এই বাজারের জমি আমাদের বাবা-দাদাদের পৈতৃক সম্পত্তি। প্রায় ১০০ বছর ধরে এখানে বাজার পরিচালিত হয়ে আসছে। আমাদের জমির দলিল, পর্চা ও রেকর্ডের কাগজপত্র রয়েছে। কিন্তু এসব কাগজপত্রের গুরুত্ব না দিয়ে শুধু লিজ নেওয়ার কথা বলা হচ্ছে। ছয় হাজার টাকা করে দিতে হবে বলেও অভিযোগ করা হচ্ছে।

ব্যবসায়ী সুভাষ চন্দন বলেন, “আমরা দীর্ঘদিন ধরে এই বাজারে ব্যবসা করছি। বাজারের সব জমি সরকারি নয়। কিছু জমি খাস থাকতে পারে, কিন্তু অনেক জমি আমাদের ব্যক্তিমালিকানাধীন সম্পত্তি। অথচ হঠাৎ করে এসিল্যান্ড এসে দোকান বন্ধ করতে বলছেন। অন্যথায় সব দোকানে তালা লাগিয়ে দেওয়ার হুমকি দিচ্ছেন। এতে আমাদের ব্যবসা-বাণিজ্য ও জীবিকা হুমকির মুখে পড়েছে।

ব্যবসায়ী মো. জাহিদুল ইসলাম বলেন, “আমরা একাধিকবার এসিল্যান্ডকে জানিয়েছি, আমাদের কাছে জমির সঠিক কাগজপত্র রয়েছে এবং এ নিয়ে আদালতে মামলাও চলমান। তারপরও তিনি আমাদের বক্তব্য ও কাগজপত্রকে গুরুত্ব দিতে রাজি নন।

ব্যবসায়ী মো. ইমরান হোসাইন অভিযোগ করে বলেন, “এসিল্যান্ড সাহেব বলেছেন, পারলে সব কাগজপত্র নিয়ে অফিসে যেতে। তিনি রেকর্ড সংশোধন করবেন, না হলে বাতিল করে দেবেন। অথচ আমাদের কোনো লিখিত নোটিশ বা শোকজ করা হয়নি। শুধু মাইকিং করে দোকান বন্ধের কথা জানানো হয়েছে।”
সংবাদ সম্মেলনে ব্যবসায়ী ও ঘরমালিকরা বলেন, একটি শতবর্ষী বাজারের জমির মালিকানা নিয়ে বিরোধ থাকলে তা অবশ্যই প্রচলিত আইন ও যথাযথ প্রক্রিয়ার মাধ্যমে নিষ্পত্তি করতে হবে। ব্যক্তিমালিকানাধীন জমিকে একতরফাভাবে সরকারি সম্পত্তি দাবি করে ব্যবসায়ীদের উচ্ছেদ বা দোকান বন্ধের হুমকি দেওয়া হলে তা তাঁদের দীর্ঘদিনের ব্যবসা, বিনিয়োগ ও জীবিকার ওপর মারাত্মক প্রভাব ফেলবে।

বিশিষ্ট সমাজসেবক ও স্থানীয় বিএনপি নেতা আক্কাশ মোল্যা বলেন, সরকারি জমি থাকলে তা আইন অনুযায়ী শনাক্ত করা হোক। একই সঙ্গে ব্যক্তিমালিকানাধীন জমির দলিল, খতিয়ান, পর্চা ও রেকর্ড যথাযথভাবে যাচাই করা হোক। কাগজপত্র যাচাই না করে কিংবা আদালতে চলমান মামলার বিষয়টি বিবেচনায় না নিয়ে কোনো একতরফা সিদ্ধান্ত গ্রহণ করা হলে সাধারণ ব্যবসায়ী ও ঘরমালিকরা চরম ক্ষতির মুখে পড়বেন।

সংবাদ সম্মেলন থেকে বলা হয় অবিলম্বে হয়রানি ও দোকান বন্ধের হুমকি বন্ধ, জমির প্রকৃত মালিকানা নিরপেক্ষভাবে যাচাই এবং আইনানুগ প্রক্রিয়া অনুসরণ করে সিদ্ধান্ত গ্রহণ করা হোক।

পাশাপাশি কোনো ব্যবসায়ী বা ঘরমালিককে যেন অন্যায়ভাবে উচ্ছেদ কিংবা আর্থিক ক্ষতির মুখে পড়তে না হয়, সে বিষয়ে প্রশাসনের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেন তাঁরা।

নহাটা বাজারের জমির প্রকৃত মালিকানা নিয়ে ওঠা এসব অভিযোগের বিষয়ে সংশ্লিষ্ট এসিল্যান্ড কোনো বিষয়ে কোনো উত্তর না দিয়ে কেটে দেন।

পড়ুন : পদত্যাগ করলেন ওসমান ফারুক, কিশোরগঞ্জ-৩ আসন শূন্য

সা/

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন