মাত্র কলমের এক খোঁচা! আর তাতেই নাকি ৫ বছরের চাকরি হয়ে গেলো ৪ বছর! প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের সিএসই বিভাগের প্রাক্তন প্রভাষক মোঃ নেয়ামুল হকের সাথে নাকি ঠিক এমনটাই ঘটেছে। ৭ বছর ৬ মাস চাকরি করার পর বিদায় নিলেন। হাতে পেলেন শুধু নিজের জমানো টাকা। বিশ্ববিদ্যালয়ের দেওয়ার কথা ছিলো সমান টাকা।
নেয়ামুল হকের অভিযোগ, ২০১৮ সালের ৩ অক্টোবর তার স্থায়ীকরণের চিঠিতে লেখা ছিলো, ২০২০ সালের ৩ অক্টোবর থেকে তিনি স্থায়ী। কিন্তু তৎকালীন ভিসি আর রেজিস্ট্রার তাকে না জানিয়ে কলম দিয়ে কেটে ২০২০ কে বানিয়ে দিলেন ২০২১! আর এই এক বছরের কাটাকাটিতেই তার স্থায়ী চাকরিকাল ৫ বছর ২৮ দিন থেকে কমে গেলো। আর ৫ বছর না হওয়ায় আটকে গেলো তার প্রাপ্য ১ লাখ ৪৬ হাজার ১৩০ টাকা!শুধু এটাই না, অভিযোগ আরো আছে!সবার প্রবেশনকাল ১ বছর, তার বেলায় ২ বছর!
তাও আবার ৪ বছর পর থেকে!নেয়ামুল হক বলছেন, “আমার সাথে যে বৈষম্য হচ্ছে, সেটা প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের সকলেই বলছেন। কিন্তু বর্তমানে যারা আছেন, তারা আগের ভিসির নেওয়া অন্যায় সিদ্ধান্তকেই এখনো মেইনটেইন করে যাচ্ছেন। তিনি প্রশ্ন তুলেছেন, পরিবর্তনের জন্য যাদের সরানো হলো, তাদের সিদ্ধান্তই যদি এখনো চলে, তাহলে পরিবর্তনটা হলো কোথায়?
প্রতিকার পেতে নেয়ামুল হক এবার লিখিত আবেদন করেছেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের প্রশাসক ডা. শাহাদাত হোসেন বরাবর। ডা. শাহাদাত বিষয়টি নিয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে বলেছেন। এরপর চসিকের প্রধান হিসাব রক্ষণ কর্মকর্তা আবেদনটি প্রিমিয়ার বিশ্ববিদ্যালয় বরাবর প্রেরণ করেছেন।
এ বিষয়ে যোগাযোগ করা হলে প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক এস. এম. নছরুল কদির বলেন, বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মো. ইফতেখার মনির বলেন, “যেহেতু চসিকের প্রশাসক মহোদয়ও বিষয়টি নিয়ে সুপারিশ করেছেন, আবেদনটি কমিটিতে উঠবে। দেখা যাক কি হয়?
সম্প্রতি সিটি কর্পোরেশনের এক অনুষ্ঠানে প্রিমিয়ার বিশ্ববিদ্যালয় নিয়ে বিস্ফোরক মন্তব্য করেছেন ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দীন। তিনি বলেন, “প্রতিষ্ঠানটিকে নিজের বাপের সম্পত্তি মনে করে এক অবৈধ বেয়াদব এতদিন দখল করে রেখেছিলেন। সেটি জনগণের স্বার্থে, নগরবাসীর স্বার্থে ফিরিয়ে দিয়েছে সিটি করপোরেশন। ২০০১ সালে চট্টগ্রাম সিটি করপোরেশনের অর্থ ও সহায়তায় প্রিমিয়ার বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হলেও, পরবর্তীতে রাজনৈতিক প্রভাব খাটিয়ে প্রয়াত মেয়র এবিএম মহিউদ্দিন চৌধুরীর পরিবার বিশ্ববিদ্যালয়টিকে প্রায় ব্যক্তিগত সম্পত্তিতে পরিণত করেছিলেন বলে অভিযোগ রয়েছে।
এ নিয়ে চসিক প্রশাসক ডা. শাহাদাত হোসেন বলেছেন, “২০০১ থেকে ২০১৬ সাল পর্যন্ত প্রিমিয়ার ইউনিভার্সিটি চট্টগ্রাম সিটি করপোরেশনের অধীনেই ছিল। কিন্তু দুর্ভাগ্যবশত ২০১৬ সালের পরে রাজনৈতিক বিভিন্ন কারণে এটি সিটি করপোরেশন থেকে ব্যক্তিগত সম্পত্তিতে পরিণত হয়েছিল। কিন্তু সম্পত্তিটা অবশ্যই সিটি করপোরেশনের থাকবে। এটা আমার ব্যক্তিগত সম্পত্তি কখনোই হতে পারে না।
সিটি করপোরেশনের বৈধ সম্পত্তি প্রিমিয়ার ইউনিভার্সিটি। ছাত্র-ছাত্রীদের আন্দোলনের ফলশ্রুতিতে আজ সিটি করপোরেশন প্রিমিয়ার ইউনিভার্সিটি ফেরত পেয়েছে বলেন চসিক প্রশাসক।
সিএসই বিভাগের প্রাক্তন প্রভাষক মোঃ নেয়ামুল হক নাগরিককে বলেন, আগের প্রশাসন যদি কোনো শাস্তিমূলক ব্যবস্থা নিয়ে থাকেন, তবে তার বিপরীতে তো কোনো কারণ দর্শানোর নোটিশ (শোকজ) বা লিখিত নথিপত্র থাকার কথা।
আমাকে কোনো চিঠি ইস্যু না করে, কোনো আনুষ্ঠানিক নথি ছাড়া কেবল কাগজে কলম দিয়ে কেটে কীভাবে স্থায়ীকরণের তারিখ পরিবর্তন করা হয়? কোনো শোকজ বা দাপ্তরিক অভিযোগ ছাড়া এটি কীভাবে শাস্তি হিসেবে গণ্য হতে পারে?
এর আগে আমার প্রভিডেন্ট ফান্ড কাটতে দেরি হওয়ার বিষয়টি তৎকালীন কর্তৃপক্ষকে জানালে তারা আমাকে মৌখিকভাবে আশ্বাস দিয়েছিলেন যে দ্রুতই সব ঠিক করে দেওয়া হবে এবং আমার প্রভিডেন্ট ফান্ড এর সকল সুবিধা আমার চাকরির বয়স ৫ বছর হলেই পাবো। এখন বর্তমান রেজিস্ট্রার অফিস সেই মৌখিক আশ্বাসের লিখিত প্রমাণ চাইছে। কিন্তু বিশ্ববিদ্যালয়ের শীর্ষ কর্তারা যখন মৌখিকভাবে কোনো আশ্বাস দেন, তার লিখিত রূপ আমাদের কাছে কীভাবে থাকবে?
পূর্ববর্তী ভিসি ও প্রশাসনের এমন অনিয়ম ও বৈষম্যমূলক আচরণের বিরুদ্ধে অসন্তোষ থেকেই শিক্ষার্থীরা আন্দোলন করে তাদের পদত্যাগে বাধ্য করেছেন এবং বর্তমান প্রশাসনকে দায়িত্বে এনেছেন। এখন তো সাবেক ভিসি ড. অনুপম সেন স্যার দায়িত্বে নেই যে আমি উনার কাছ থেকে কাগজ নিয়ে আসব। বর্তমানে যারা ভিসি ও রেজিস্ট্রারের পদে আছেন, পদাধিকারবলে এই অন্যায় ও বৈষম্যমূলক সিদ্ধান্ত সংশোধন করার পূর্ণ ক্ষমতা ও দায়িত্ব উনাদেরই। কিন্তু দুঃখের বিষয় হলো, উনারা আগের প্রশাসনের প্রহসনণমূলক সিদ্ধান্ত পরিবর্তন না করে তাদের সিদ্ধান্ত গুলো মেনে নিয়ে তাদের দেখানো পথে চলছেন।
নেয়ামুল আরো বলেন, সিএসসি বিভাগের শিক্ষক মিনহাজ হোসেন—যিনি আমার কাছাকাছি সময়ে যোগদান করেছিলেন এবং আমি যে মাসে চাকরি ছেড়েছি, উনিও সেই একই মাসে চলে গেছেন— তাকে সকল সুবিধা প্রদান করা হয়েছে । কোনো আইনি ভিত্তি বা সুনির্দিষ্ট কারণ ছাড়া একজন শিক্ষককে এভাবে তার ন্যায্য অধিকার থেকে বঞ্চিত করা চরম বৈষম্য।
চসিক প্রশাসকের তৎপরতায় প্রতিষ্ঠানটি সিটি কর্পোরেশন ফিরে পেলেও আগের সিন্ডিকেট বহাল তবিয়তে আছে বলে অভিযোগ রয়েছে। বর্তমান ভিসিও ওই সিন্ডিকেটের বাইরে কিছু করতে পারছেন না বলেও অভিযোগ।এখন দেখার বিষয়, কমিটিতে উঠার পর নেয়ামুল হক তার প্রাপ্য ১ লাখ ৪৬ হাজার ১৩০ টাকা ফেরত পান কিনা, নাকি কলমের খোঁচাতেই হারিয়ে যাবে একজন শিক্ষকের ৭ বছরের পরিশ্রম!
পড়ুন : পদত্যাগ করলেন ওসমান ফারুক, কিশোরগঞ্জ-৩ আসন শূন্য
সা/


