ফ্যাসিবাদবিরোধী লড়াই অব্যাহত রাখা এবং সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টির অপতৎপরতা রুখে দাঁড়ানোর আহ্বানে মেহেরপুরের গাংনীতে গণমিছিল করেছে জেলা যুবদল। মঙ্গলবার (১৭ নভেম্বর) সন্ধ্যায় গাংনীতে আয়োজিত এ গণমিছিলে বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা অংশ নেন।
‘ফ্যাসিবাদবিরোধী লড়াই অব্যাহত রাখুন, সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টির অপতৎপরতা রুখে দাঁড়ান’—এ স্লোগানকে সামনে রেখে গণমিছিলটি বের করা হয়। গাংনী হাসপাতাল বাজার এলাকায় অবস্থিত সংসদ সদস্যের কার্যালয় থেকে মিছিলটি শুরু হয়ে শহরের বাসস্ট্যান্ডসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। পরে আমিরুল মার্কেটের সামনে গিয়ে মিছিলটি শেষ হয়।
মেহেরপুর জেলা ছাত্রদলের সাবেক সভাপতি নাজমুল হোসাইনের নেতৃত্বে আয়োজিত গণমিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য দেন মেহেরপুর জেলা যুবদলের সহসভাপতি মফিজুল ইসলাম, ঢাকা কলেজ ছাত্রদলের সাবেক সহসাধারণ সম্পাদক রাশেদুল ইসলাম, গাংনী পৌর ৫ নং ওয়ার্ডের সভাপতি মিজানুর রহমান তোতা এবং কৃষক নেতা আমিনুল ইসলাম।
সমাবেশে নাজমুল হোসাইন বলেন, গোপালগঞ্জে আওয়ামী লীগের সন্ত্রাসীরা বিভিন্ন ধরনের নৈরাজ্য সৃষ্টির চেষ্টা করছে। সেখানে বিএনপির কার্যালয়ে ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে বলে তিনি অভিযোগ করেন। এ ছাড়া দেশের বিভিন্ন স্থানে সড়কে টায়ার জ্বালিয়ে যান চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি করা হচ্ছে। এসব কর্মকাণ্ডের মাধ্যমে সাধারণ মানুষের স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত করার অপচেষ্টা চলছে বলেও তিনি মন্তব্য করেন।
তিনি আরও বলেন, দেশের মানুষ দীর্ঘদিন ধরে গণতন্ত্র, ভোটাধিকার ও রাজনৈতিক স্থিতিশীলতার প্রত্যাশা করছে। কিন্তু একটি গোষ্ঠী পরিকল্পিতভাবে অস্থিতিশীল পরিস্থিতি তৈরির চেষ্টা করছে। কোনো ধরনের সন্ত্রাস, সহিংসতা কিংবা বিশৃঙ্খলা সৃষ্টি করে জনগণের স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত করার সুযোগ দেওয়া যাবে না। এ ধরনের অপতৎপরতার বিরুদ্ধে দলীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধ ও সজাগ থাকার আহ্বান জানান তিনি।
মেহেরপুর জেলা যুবদলের সহ-সভাপতি মফিজুল ইসলাম তাঁর বক্তব্যে বলেন, রাজনৈতিক মতপার্থক্য থাকলেও দেশের শান্তি, শৃঙ্খলা ও মানুষের নিরাপত্তা নিশ্চিত করা সবার দায়িত্ব। সন্ত্রাস ও নৈরাজ্যের মাধ্যমে রাজনৈতিক ফায়দা হাসিলের চেষ্টা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। গণতান্ত্রিক পরিবেশ বজায় রাখতে সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।
ঢাকা কলেজ ছাত্রদলের সাবেক সহসাধারণ সম্পাদক রাশেদুল ইসলাম বলেন, ফ্যাসিবাদবিরোধী আন্দোলনের চেতনা ধরে রাখতে হবে। দেশের মানুষের অধিকার প্রতিষ্ঠা এবং যেকোনো ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ড প্রতিহত করতে ছাত্রদল ও যুবদলের নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। একই সঙ্গে সাধারণ মানুষের পাশে থেকে গণতান্ত্রিক আন্দোলনকে এগিয়ে নেওয়ার আহ্বান জানান তিনি।
কৃষক নেতা আমিনুল ইসলাম বলেন, দেশের কৃষক, শ্রমজীবী ও সাধারণ মানুষ শান্তিপূর্ণ পরিবেশে বসবাস করতে চান। রাজনৈতিক অস্থিরতা ও সহিংসতার প্রভাব সবচেয়ে বেশি পড়ে সাধারণ মানুষের ওপর। তাই দেশের স্বার্থে সব ধরনের নৈরাজ্য ও সন্ত্রাসী কর্মকাণ্ডের বিরুদ্ধে ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তুলতে হবে।
গণমিছিলে স্থানীয় বিএনপি, যুবদল, ছাত্রদল ও কৃষকদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। মিছিল চলাকালে তাঁরা বিভিন্ন স্লোগান দেন এবং ফ্যাসিবাদবিরোধী আন্দোলন অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন।
পড়ুন : কিশোর মোতালিব হত্যা মামলায় সাঈদ খোকনের ৭ দিনের রিমান্ড
সা/


