দক্ষিণ এশিয়ার বৃহত্তম ও ঐতিহ্যবাহী রেলওয়ে কারখানা—সৈয়দপুর রেলওয়ে কারখানা। প্রজন্মের পর প্রজন্ম ধরে এই কারখানার কারিগররা তাদের অসামান্য মেধা, শ্রম ও নিখুঁত কাজের মাধ্যমে রেলের চাকা সচল রেখেছেন। কিন্তু যেকোনো নতুন বা ব্যতিক্রমী কাজের শুরুতে কিছু চ্যালেঞ্জ বা সমালোচনা আসাই স্বাভাবিক। ঠিক তেমনই, সৈয়দপুর কারখানায় সদ্য মেরামত ও আধুনিকায়ন করা একটি কোচ নিয়ে কাজের প্রাথমিক পর্যায়ে উপর মহলের পক্ষ থেকে নানা প্রশ্ন ও সমালোচনা উঠেছিল। তবে সব বাধা আর আলোচনা-সমালোচনাকে পেছনে ফেলে কারখানার কারিগররা তাদের নিপুণ হাতের ছোঁয়ায় কাজ শেষ করেছেন এক নজরকাড়া ও সফল রূপ দিয়ে।
সম্প্রতি সৈয়দপুর রেলওয়ে কারখানায় মেরামত করা পিটি ইনকা বিজির ৭৩১৭ নম্বর কোচটি ডাউন তিতুমীর এক্সপ্রেসের ‘জ’ বগি হিসেবে যুক্ত করা হয়েছে। আর এর মাধ্যমেই দেশীয় প্রযুক্তির কারিগরি উৎকর্ষের এক অনন্য নজির স্থাপন করলেন এখানকার দক্ষ কারিগররা
রেলওয়ে সূত্রে জানা যায়, কোচটির আধুনিকায়নের কাজ যখন চলমান ছিল এবং ফিনিশিংয়ের কাজটি পুরোপুরি শেষ হয়নি, তখন তা নিয়ে সংশ্লিষ্ট উপর মহলে কিছু অসন্তোষ ও নানা আলোচনা-সমালোচনা তৈরি হয়েছিল। কাজ শেষ হওয়ার আগে কিছুটা হৈচৈ ও সংশয় দেখা দিলেও কারখানার কারিগররা তাতে দমে যাননি। তারা সম্পূর্ণ পেশাদারিত্ব ও নিখুঁত মনোযোগ দিয়ে কাজটির চূড়ান্ত ফিনিশিং দেন।
কাজ শেষ হওয়ার পর কোচটির যে রূপ দাঁড়িয়েছে, তা আগের সমস্ত সমালোচনাকে ভুলিয়ে দিতে বাধ্য। কোচটির জানালা মডিফিকেশনের মাধ্যমে এর পরিসর ৫৮ ফুট থেকে বাড়িয়ে সরাসরি ১১০ ফুট করা হয়েছে। এর ফলে কোচটির বাহ্যিক ও অভ্যন্তরীণ রূপের দৃশ্যমান পরিবর্তন এসেছে। ফিনিশিংয়ের পর কোচটিকে এখন অত্যন্ত আধুনিক এবং দৃষ্টিনন্দন দেখাচ্ছে, যা দেখে এখন সবাই কারিগরদের কাজের ভূয়সী প্রশংসা করছেন।
সৈয়দপুর রেলওয়ে কারখানার এই সফলতার পর জানা গেছে, পর্যায়ক্রমে তিতুমীর এক্সপ্রেসের বাকি কোচগুলোর জানালাও একইভাবে আধুনিকায়ন করা হবে।
ব্রিটিশ আমল থেকে শুরু করে আজ অব্দি সৈয়দপুর রেলওয়ে কারখানার কারিগররা তাদের কাজের মাধ্যমে বারবার প্রমাণ করে চলেছেন যে, সুযোগ ও সঠিক তত্ত্বাবধান পেলে দেশীয় এই কারিগররাই বিশ্বমানের এবং আধুনিক কাজ উপহার দিতে সক্ষম। তিতুমীর এক্সপ্রেসে যুক্ত হওয়া এই আধুনিক কোচটি কেবল একটি বগির রূপান্তর নয়, এটি সৈয়দপুরের কারিগরদের অদম্য মেধা ও সমালোচনার জবাব দিয়ে সফলতার শিখরে পৌঁছানোর এক উজ্জ্বল দৃষ্টান্ত।
পড়ুন : কিশোর মোতালিব হত্যা মামলায় সাঈদ খোকনের ৭ দিনের রিমান্ড
সা/


