গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় পারিবারিক কলহের জেরে এক নারী ও তার পাঁচ বছর বয়সী শিশুসন্তানকে শ্বাসরোধে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য নিহতের সতীনকে আটক করেছে পুলিশ।
মঙ্গলবার (১৭ নভেম্বর) সন্ধ্যায় উপজেলার কঞ্চিবাড়ী ইউনিয়নের দুলাল গ্রামে এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন—দুলাল গ্রামের বাসিন্দা ও রেলওয়ে কর্মচারী আব্দুর রাজ্জাক মিয়ার প্রথম স্ত্রী আঁখি বেগম (৩৫) এবং তাদের তৃতীয় সন্তান আদিল মিয়া (৫)।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, আব্দুর রাজ্জাক মিয়ার দুই স্ত্রী আঁখি বেগম ও শাহিনা বেগম (৩২) একই বাড়িতে বসবাস করতেন। দীর্ঘদিন ধরেই দুই সতীনের মধ্যে পারিবারিক বিভিন্ন বিষয় নিয়ে কলহ চলছিল। মঙ্গলবার সন্ধ্যায় এই বিরোধের জেরে আঁখি বেগম ও তার শিশুসন্তানকে শ্বাসরোধে হত্যা করা হয়ে থাকতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করছেন স্থানীয়রা।
খবর পেয়ে সুন্দরগঞ্জ থানা-পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মা ও ছেলের মরদেহ উদ্ধার করে। এ সময় ঘটনার সঙ্গে জড়িত থাকার সন্দেহে দ্বিতীয় স্ত্রী শাহিনা বেগমকে আটক করে থানায় নিয়ে যাওয়া হয়।
সুন্দরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সেলিম রেজা বলেন, “প্রাথমিক সুরতহালে মা ও ছেলেকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে। এ ঘটনায় নিহতের সতীন শাহিনা বেগমকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।”
তিনি আরও জানান, মরদেহ দুটি ময়নাতদন্তের জন্য গাইবান্ধা জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে। এ ঘটনায় থানায় হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
পড়ুন : আজ বিশ্বের দ্বিতীয় দূষিত বায়ুর শহর ঢাকা
সা/


