মেহেরপুরের গাংনী উপজেলার রামকৃষ্ণপুর ও তেঁতুলবাড়িয়া সীমান্তে পৃথক অভিযান চালিয়ে ৯০ হাজার টাকা মূল্যের ৬০ বোতল ভারতীয় মদ উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
বুধবার (১৮ নভেম্বর) ভোরে ৪৭ বিজিবির সদস্যরা এসব অভিযান পরিচালনা করেন। এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছেন ৪৭ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল রাশেদ কামাল রানি।
বিজিবি সূত্রে জানা গেছে, ভোরে রামকৃষ্ণপুর বিওপির দায়িত্বপূর্ণ এলাকার মোহাম্মদপুর মাঠে অভিযান চালিয়ে ৪১ বোতল ভারতীয় মদ উদ্ধার করা হয়। উদ্ধার করা মদের আনুমানিক সিজার মূল্য ৬১ হাজার ৫০০ টাকা।
একই দিন তেঁতুলবাড়িয়া বিওপির দায়িত্বপূর্ণ এলাকার তেঁতুলবাড়িয়া মাঠপাড়া মাঠে পৃথক অভিযান চালিয়ে আরও ১৯ বোতল ভারতীয় মদ উদ্ধার করা হয়। এসব মদের আনুমানিক সিজার মূল্য ২৮ হাজার ৫০০ টাকা।
উদ্ধার করা মদের মোট সিজার মূল্য ৯০ হাজার টাকা। জব্দ করা মালামাল গাংনী থানায় জমা দেওয়া হয়েছে। এ ঘটনায় পৃথক দুটি মামলা দায়ের করা হয়েছে।
পড়ুন : নেত্রকোনার অতিথপুর স্টেশনে আগুন, তবে ট্রেন চলাচল স্বাভাবিক


