নারীর প্রতি সহিংসতা বন্ধে সচেতনতামূলক সেমিনার অনুষ্ঠিত

​নারীর প্রতি সহিংসতা প্রতিরোধ, মানসিক প্রশান্তি নিশ্চিত এবং নারী ও কন্যাশিশুর নিরাপত্তা বিষয়ে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে ‘ইনার হুইল ক্লাব অব ইম্পেরিয়া ঢাকা’সহ ডিস্ট্রিক্ট ৩২৮-এর ১০টি ক্লাবের যৌথ উদ্যোগে এক সচেতনতামূলক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। রাজধানীর উত্তরার প্লাম ভিউ রেস্টুরেন্টে সেমিনারটি অনুষ্ঠিত হয়। এই আয়োজনে ইনার হুইল ক্লাব অব ইম্পেরিয়া ঢাকার পক্ষে নেতৃত্ব দেন ক্লাবের সভাপতি মমতাজ জাহান হ্যাপি ।

​“ভায়োলেন্স অ্যাগেইনস্ট উইমেন অ্যান্ড মেন্টাল পিস” (নারীর প্রতি সহিংসতা ও মানসিক প্রশান্তি) শীর্ষক এ সেমিনারে নারীর প্রতি সহিংসতা বন্ধে সামাজিক সচেতনতা, পারিবারিক দায়িত্ববোধ এবং নির্যাতনের শিকার নারীদের মানসিক সুরক্ষার ওপর গুরুত্বারোপ করা হয়।

​২৫ নভেম্বর থেকে ১০ ডিসেম্বর পর্যন্ত পালিত আন্তর্জাতিক ‘১৬ ডেজ অব অ্যাক্টিভিজম অ্যাগেইনস্ট জেন্ডার-বেইজড ভায়োলেন্স’ কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত এ সেমিনারের মূল প্রতিপাদ্য ছিল— “ইউনাইট টু এন্ড ভায়োলেন্স অ্যাগেইনস্ট উইমেন অ্যান্ড গার্লস: এনশিওর জাস্টিস, প্রটেক্ট সারভাইভরস, এন্ড ইমপিউনিটি” (নারী ও কন্যাশিশুর প্রতি সহিংসতা বন্ধে ঐক্যবদ্ধ হওয়া, ন্যায়বিচার নিশ্চিত করা, নির্যাতনের শিকার ব্যক্তিদের সুরক্ষা দেওয়া এবং অপরাধীদের দায়মুক্তি বন্ধ করা)।

​সেমিনারে বিশেষজ্ঞ বক্তা হিসেবে উপস্থিত ছিলেন জেন্ডার ইকুইটি ও জেন্ডারভিত্তিক সহিংসতা বিষয়ক বিশেষজ্ঞ এবং বিশ্বব্যাংকের সামাজিক উন্নয়ন পরামর্শক শামিন সুলতানা। আরও উপস্থিত ছিলেন ঢাকা আহছানিয়া মিশনের স্বাস্থ্য ও পুষ্টি বিভাগের সিনিয়র সাইকোলজিস্ট ও অ্যাডিকশন প্রফেশনাল এবং আহছানউল্লাহ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সঙ্গে সংশ্লিষ্ট রাখি পাশুলি। এছাড়াও উপস্থিত ছিলেন ইনার হুইল বাংলাদেশ, ডিস্ট্রিক্ট ৩২৮-এর ২০২৬-২০২৭ মেয়াদের ডিস্ট্রিক্ট চেয়ারম্যান শামীম খন্দকার।

​আলোচনায় নারীর প্রতি সহিংসতার সামাজিক ও পারিবারিক প্রভাব, নির্যাতনের শিকার নারীদের মানসিক স্বাস্থ্য, আত্মবিশ্বাস পুনর্গঠন, আইনি সহায়তা এবং ন্যায়বিচার নিশ্চিত করার বিভিন্ন দিক তুলে ধরা হয়। পাশাপাশি নারী ও কন্যাশিশুর নিরাপত্তা নিশ্চিত করতে পরিবার, সমাজ এবং পুরুষদের সক্রিয় ভূমিকার ওপর গুরুত্বারোপ করেন বক্তারা।

​এই সেমিনারটির অন্যতম প্রধান আয়োজক ‘ইনার হুইল ক্লাব অব ইম্পেরিয়া ঢাকা’-এর পাশাপাশি যৌথ আয়োজক হিসেবে আরও ছিল ইনার হুইল ক্লাব অব আনন্দলোক, বসুন্ধরা কুইন্স, ঢাকা কসমোপলিটান, ঢাকা হেরিটেজ, ঢাকা পেরিউইংকেল, গুলশান, গুলশান গ্রিন, গুলশান লেক সিটি এবং খুলনা।

​আয়োজকরা জানান, নারীর প্রতি সহিংসতা প্রতিরোধ এবং নির্যাতনের শিকার নারীদের পাশে দাঁড়ানো শুধু ১৬ দিনের কর্মসূচির মধ্যে সীমাবদ্ধ রাখা যাবে না। বছরের প্রতিটি দিন নারী-পুরুষ সবাইকে এ বিষয়ে সচেতন ও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে নারীর জন্য নিরাপদ, মর্যাদাপূর্ণ ও সহিংসতামুক্ত সমাজ গড়ে তোলার আহ্বান জানান তাঁরা।

​তাঁরা আশাবাদ ব্যক্ত করেন, এ ধরনের সচেতনতামূলক উদ্যোগ সমাজে ইতিবাচক পরিবর্তন আনতে এবং নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে কার্যকর ভূমিকা রাখবে।

বিজ্ঞাপন

পড়ুন : নেত্রকোনার অতিথপুর স্টেশনে আগুন, তবে ট্রেন চলাচল স্বাভাবিক

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন