ভারতে অবস্থান করে বিভিন্ন মাধ্যম ও ‘টোকাই’ ব্যবহার করে বাংলাদেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি এবং আবারও লুটপাটের রাজত্ব কায়েমের চেষ্টা করছে আওয়ামী লীগ—এমন অভিযোগ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা রুহুল কবির রিজভী। তবে দেশের সচেতন মানুষ আওয়ামী লীগের সেই স্বপ্ন বাস্তবায়ন হতে দেবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন তিনি।
বুধবার (১৮ নভেম্বর) দুপুরে রাজধানীর জাতীয় প্রেস ক্লাবের কাজী নজরুল ইসলাম মিলনায়তনে মজলুম জননেতা মওলানা আবদুল হামিদ খান ভাসানীর ৫০তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে বিএনপি আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
রিজভী অভিযোগ করেন, পতিত ফ্যাসিবাদী শক্তি ভারতে বসে বাংলাদেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্র করছে। দেশের বিভিন্ন স্থানে বোমা ও ককটেল হামলা, পুলিশের গাড়িতে হামলা এবং বিএনপি নেতাকর্মীদের বাড়িতে অগ্নিসংযোগের মাধ্যমে অস্থিতিশীল পরিস্থিতি তৈরির চেষ্টা চলছে। এসব কাজে কিছু টোকাইকে ব্যবহার করা হচ্ছে বলেও দাবি করেন তিনি।
আওয়ামী লীগের সমালোচনা করে রিজভী বলেন, ১৯৪৯ সালে মওলানা ভাসানী যে আওয়ামী লীগ প্রতিষ্ঠা করেছিলেন, পরবর্তী সময়ে তিনি ন্যাপ গঠন করলে সেই দলের লোকেরাই তাঁকে ‘ভারতের চর’ বলে আখ্যায়িত করেছিলেন। অথচ আজ তারাই ভারতের মাটিতে বসে বাংলাদেশকে অস্থিতিশীল করার জন্য উসকানি দিচ্ছেন।
তিনি বলেন, কলকাতা, দিল্লি ও ব্যাংককে ফ্ল্যাট কিনে সেখানে অবস্থান করে ভিডিও বার্তার মাধ্যমে দেশে নাশকতার নির্দেশ দেওয়া হচ্ছে। তাদের কর্মীরা থানা, পুলিশের গাড়ি ও বিএনপি নেতাদের বাড়িতে বোমা-ককটেল হামলা চালাচ্ছে। বিভিন্ন স্থানে বোমাবাজি ও বাসে অগ্নিসংযোগের ঘটনাও ঘটছে বলে অভিযোগ করেন তিনি।
রিজভী বলেন, দীর্ঘ ১৭ বছর বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া এবং পরবর্তী সময়ে তারেক রহমানের নেতৃত্বে গণতান্ত্রিক আন্দোলন চলেছে। এরপর ২০২৪ সালের জুলাই বিপ্লবে ছাত্র-জনতা ও শ্রমিকদের আত্মত্যাগের মধ্য দিয়ে অবাধ ও সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে সরকার গঠিত হয়েছে। কিন্তু বাংলাদেশ ব্যাংক ও সোনালী ব্যাংকের অর্থ লুটপাট এবং পূর্বাচলে প্লট দখলের পুরোনো ‘জমিদারি’ ফিরিয়ে আনতেই বোমাবাজির মাধ্যমে আবারও ক্ষমতায় ফেরার চেষ্টা করা হচ্ছে।
তিনি আরও বলেন, যে জাতি মওলানা ভাসানী ও শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মতো নেতার জন্ম দিয়েছে, সেই জাতিকে বিদেশ থেকে উসকানি দিয়ে কিংবা বোমা হামলা চালিয়ে দমিয়ে রাখা যাবে না। রক্তের দাগ এখনো শুকায়নি। বিদেশ থেকে উসকানি দিয়ে কোনো লাভ হবে না। তবে ধৈর্যের সীমা যাতে অতিক্রম না করে, সেদিকেও খেয়াল রাখতে হবে।
মওলানা ভাসানীর রাজনৈতিক জীবনের স্মৃতিচারণ করে রিজভী বলেন, ব্রিটিশ ভারত থেকে শুরু করে আসাম ও শ্রীলঙ্কায় কৃষক-শ্রমিকের অধিকার প্রতিষ্ঠা এবং সাম্রাজ্যবাদ ও আধিপত্যবাদের বিরুদ্ধে আজীবন সংগ্রাম করেছেন তিনি। ১৯৫৭ সালেই ভাসানী উপলব্ধি করেছিলেন, পাকিস্তান টিকবে না এবং একসময় বাংলাদেশ স্বাধীন হবে। সে সময়ই তিনি পাকিস্তানকে ‘ওয়ালাইকুম আসসালাম’ বলেছিলেন।
মুক্তিযুদ্ধের সময় প্রবাসী সরকারের উপদেষ্টা কমিটির চেয়ারম্যান হিসেবে জাতীয় স্বার্থে সবাইকে ঐক্যবদ্ধ রাখতেও ভূমিকা পালন করেন মওলানা ভাসানী।
রিজভী বলেন, ১৯৭৫ সালের ১৫ আগস্ট-পরবর্তী অস্থির সময় এবং ১৯৭৬ সালের ফারাক্কা মিছিলের মাধ্যমে মওলানা ভাসানী আধিপত্যবাদের বিরুদ্ধে জাতিকে ঐক্যবদ্ধ করেছিলেন। তবে এখনো তাঁর পূর্ণাঙ্গ জীবনী রচিত হয়নি। নতুন প্রজন্মের কাছে তাঁর আদর্শ ও সংগ্রামের ইতিহাস তুলে ধরতে এ নিয়ে আরও গবেষণা প্রয়োজন।
আলোচনা সভায় বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেন, দেশে কোনো ধরনের বিশৃঙ্খলা বা অস্থিতিশীলতা বিএনপি বরদাস্ত করবে না। দেশের চলমান পরিস্থিতি ও গণতন্ত্র রক্ষার স্বার্থে সব অপচেষ্টার বিরুদ্ধে দেশবাসীকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তিনি।
সভায় আরও বক্তব্য দেন মওলানা ভাসানীর দৌহিত্র নজরুল হক নান্নু, বিএনপির স্বেচ্ছাসেবকবিষয়ক সম্পাদক মীর সরাফত আলী সপু, জাতীয় নির্বাহী কমিটির সদস্য মাইনুল ইসলাম, স্বেচ্ছাসেবক দলের সহসভাপতি জাহিদুর রহমান, ছাত্রদলের সহসভাপতি তৌহিদুর রহমান আউয়াল ও ওলামা দলের সাধারণ সম্পাদক আবুল হোসেন প্রমুখ।
বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদুর সভাপতিত্বে আলোচনা সভাটি সঞ্চালনা করেন দলটির প্রচার সম্পাদক ও মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু।
পড়ুন : কালিয়াকৈরে পেট্রোল বোমা ও ককটেলসহ ছাত্রলীগ-আ.লীগের ৫ নেতাকর্মী গ্রেপ্তার


