ব্রাহ্মণবাড়িয়ায় পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্যের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জেলা যুবদল।
বুধবার (১৮ নভেম্বর) বিকেলে জেলা পরিষদের সামনে থেকে বিক্ষোভ মিছিলটি বের করা হয়। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাবের সামনে গিয়ে সমাবেশের মধ্য দিয়ে শেষ হয়।
ব্রাহ্মণবাড়িয়া জেলা যুবদলের উদ্যোগে আয়োজিত এ কর্মসূচিতে অংশগ্রহণকারীরা আওয়ামী লীগ এবং নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ, যুবলীগ ও স্বেচ্ছাসেবক লীগের নেতাকর্মীদের কথিত নৈরাজ্য ও অপতৎপরতার প্রতিবাদে বিভিন্ন স্লোগান দেন।
সমাবেশে জেলা যুবদলের সভাপতি শামীম মোল্লার সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক ইয়াসিন মাহমুদের সঞ্চালনায় জেলা ও বিভিন্ন উপজেলা যুবদলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
সমাবেশে বক্তারা অভিযোগ করেন, আওয়ামী লীগ এবং নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ, যুবলীগ ও স্বেচ্ছাসেবক লীগের নেতাকর্মীরা দেশের বিভিন্ন স্থানে অগ্নিসংযোগ ও নাশকতামূলক কর্মকাণ্ড চালিয়ে পরিবহন, বসতবাড়ি ও বিভিন্ন সরকারি-বেসরকারি স্থাপনায় আগুন দিচ্ছে।
বক্তারা আরও বলেন, আওয়ামী লীগ ও তাদের সহযোগী সংগঠনের কেউ নাশকতামূলক কর্মকাণ্ডে জড়িত থাকলে তাদের আইনের হাতে তুলে দিতে হবে। পাশাপাশি জেলা, উপজেলা, ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের যুবদলের নেতাকর্মীদের নিজ নিজ অবস্থান থেকে সতর্ক ও সোচ্চার থাকার আহ্বান জানান, যাতে আওয়ামী লীগের সন্ত্রাসীরা কোনো ধরনের অরাজকতা সৃষ্টি করতে না পারে।
পড়ুন : জিলানীর বাড়িতে হামলার প্রতিবাদে কালিয়াকৈরে স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল


