কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সন্ত্রাস, নৈরাজ্য ও দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রের প্রতিবাদে চুয়াডাঙ্গায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জেলা যুবদল।
বুধবার (১৮ নভেম্বর) বিকেলে শহরের কোর্ট মোড় থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে চুয়াডাঙ্গা সরকারি কলেজের সামনে গিয়ে শেষ হয়। পরে সেখানে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
জেলা যুবদলের সাধারণ সম্পাদক সাইফুর রশীদ ঝন্টুর সভাপতিত্বে এবং সাংগঠনিক সম্পাদক রাজীব খানের সঞ্চালনায় সমাবেশে প্রধান অতিথি ছিলেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ প্রশাসক শরীফুজ্জামান শরীফ।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদলসহ সব অঙ্গসংগঠনের নেতাকর্মীদের ছোট ছোট টিম গঠন করে প্রতিদিন চুয়াডাঙ্গার প্রতিটি গ্রাম, পাড়া-মহল্লায় সতর্ক অবস্থানে থাকতে হবে। কেউ যেন কোনো ধরনের বিশৃঙ্খলা বা নাশকতা সৃষ্টি করতে না পারে, সে বিষয়ে সবাইকে সজাগ থাকতে হবে। তবে আইন নিজের হাতে তুলে না নিয়ে শান্তিশৃঙ্খলা রক্ষায় দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।
এ সময় উপস্থিত ছিলেন জেলা জাসাসের সাধারণ সম্পাদক সেলিমুল হাবীব সেলিম, চুয়াডাঙ্গা উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক মতিউর রহমান মিশরসহ বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
পড়ুন : জিলানীর বাড়িতে হামলার প্রতিবাদে কালিয়াকৈরে স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল


