জামালপুরের ইসলামপুর প্রেসক্লাবের ত্রি-বার্ষিক নির্বাচনকে ঘিরে সাংবাদিকদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা দেখা দিয়েছে। কার্যনির্বাহী কমিটির ১১টি পদে ১৮ জন প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। এর মধ্যে পাঁচটি পদে একাধিক প্রার্থী প্রতিদ্বন্দ্বিতায় রয়েছেন। বাকি পদগুলোতে কোনো প্রতিদ্বন্দ্বী প্রার্থী নেই।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর ) তফসিল অনুযায়ী সকাল ১১টা থেকে দুপুর ২টা পর্যন্ত প্রেসক্লাবের হলরুমে প্রধান নির্বাচন কমিশনার সাংবাদিক হালিম দুলালের কাছ থেকে প্রার্থীরা মনোনয়নপত্র সংগ্রহ করেন।
প্রধান নির্বাচন কমিশনার হালিম দুলাল জানান, ১১টি পদে মোট ১৮ জন প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।
সভাপতি পদে মনোনয়ন সংগ্রহ করেছেন দৈনিক নয়া দিগন্তের জামালপুর জেলা প্রতিনিধি খাদেমুল হক বাবুল এবং দৈনিক ভোরের ডাক ও চলমান কমিটির সভাপতি মোরাদুজ্জামান।
সিনিয়র সহ-সভাপতি পদে দৈনিক দিনকালের ইসলামপুর প্রতিনিধি শহিদুল ইসলাম কাজল এবং নাগরিক টেলিভিশনের জামালপুর জেলা প্রতিনিধি ও দৈনিক আমার সময়ের নিজস্ব প্রতিনিধি আব্দুল্লাহ আল লোমান মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।
সাধারণ সম্পাদক পদে যায়যায়দিনের প্রতিনিধি হাফিজ লিটন, দৈনিক জামালপুর দিনকালের এম শফিকুল ইসলাম ফারুক, আজকের পত্রিকার এম কে দোলন বিশ্বাস এবং দৈনিক ইত্তেফাকের লিয়াকত হোসেন লায়ন প্রার্থী হয়েছেন।
যুগ্ম সাধারণ সম্পাদক পদে দৈনিক প্রতিদিনের সংবাদের এস এম হোসেন রানা ও নবচেতনার হোসেন শাহ ফকির মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।
এ ছাড়া কার্যনির্বাহী সদস্য পদে ডেইলি বাংলাদেশের আঃ সামাদ ও সকালের সময়ের হেলাল উদ্দিন মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।
নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, তফসিল অনুযায়ী অন্যান্য কার্যক্রম শেষে আগামী ২৮ নভেম্বর আনুষ্ঠানিকভাবে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। প্রেসক্লাবের ২৮ জন ভোটার তাঁদের ভোটাধিকার প্রয়োগ করে আগামী তিন বছরের জন্য নেতৃত্ব নির্বাচন করবেন।
সাংবাদিকদের পেশাগত ঐক্য, সম্প্রীতি ও সংগঠনের গতিশীলতা বজায় রাখতে একটি অবাধ, সুষ্ঠু ও উৎসবমুখর নির্বাচন প্রত্যাশা করছেন সংশ্লিষ্টরা।
পড়ুন : দিনাজপুরে বিরল ও হরিপুর সীমান্তে বিজিবির রাতব্যাপী অভিযানে ৮০ বোতল ভারতীয় মদ উদ্ধার


