নিষিদ্ধ সংগঠন ফ্যাসিস্ট আওয়ামীলীগ কর্তৃক পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে যারা দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্র করছে তাদের সমুচিত জবাব দেয়া হবে বলে হুশিয়ারী দিয়েছেন-কেন্দ্রীয় কৃষকদলের সহ-সভাপতি ও রাজবাড়ী জেলা বিএনপির যুগ্ম আহবায়ক এ্যাডভোকেট মোঃ আসলাম মিয়া।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সকাল থেকে দুপুর পর্যন্ত রাজবাড়ী সদর উপজেলার গোয়ালন্দ মোড় এলাকায় এ প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ করে এ হুশিয়ারী দেন।
প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিলের আয়োজন করেন- রাজবাড়ী জেলা বিএনপি ও রাজবাড়ী সদর ও পৌর বিএনপি, গোয়ালন্দ উপজেলা ও পৌর বিএনপি এবং সকল অঙ্গ সংগঠন।
রাজবাড়ী সদর উপজেলা বিএনপির আহবায়ক আবুল হোসেন গাজী’র সভাপতিত্বে-সেখানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কৃষকদলের সহ-সভাপতি ও জেলা বিএনপির যুগ্ম আহবায়ক এ্যাডভোকেট মোঃ আসলাম মিয়া।
এসময় অন্যান্যের মধ্যে সেখানে আরো উপস্থিত ছিলেন- গোয়ালন্দ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোশারফ আহমেদ, সাংগঠনিক সম্পাদক মোঃ আমজাদ হোসেন, পৌর বিএনপির সভাপতি আবুল কাশেম মন্ডল, সাধারণ সম্পাদক মজিবর রহমান মোল্লা মজিসহ রাজবাড়ী জেলা বিএনপি ও রাজবাড়ী সদর ও পৌর বিএনপি, গোয়ালন্দ উপজেলা ও পৌর বিএনপি এবং সকল অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।
প্রতিবাদ সমাবেশে কেন্দ্রীয় কৃষকদলের সহ-সভাপতি ও জেলা বিএনপির যুগ্ম আহবায়ক এ্যাডভোকেট মোঃ আসলাম মিয়া আরো বলেন, দীর্ঘ ১৭ বছর আমরা এভাবে কোনো প্রোগ্রাম করতে পারিনি। ফ্যাসিস্ট আওয়ামীলীগ আমাদের প্রোগ্রাম করতে দেয়নি এবং আমাদের নেতা কর্মীদের বিভিন্ন হয়রানিমূলক মামলা দিয়ে জেলে ঢুকিয়েছে। আমরা ফ্যাসিস্ট আওয়ামীলীগের বিরুদ্ধে আগেও যেভাবে রাস্তায় ছিলাম এখনো সেভাবেই রাস্তায় থাকবো। আমরা শান্তিপ্রিয় দল, বিএনপি হিংসার রাজনীতি করেনা এবং ভবিষ্যতেও করবেনা। তবে আমাদের দেশ যদি কেউ অশান্ত করে তোলে তাহলে আমরাও তাদের ছেড়ে দেবোনা।
তিনি নেতা কর্মীদের উদ্দেশ্যে আরো বলেন, ফ্যাসিস্ট আওয়ামীলীগ গোপালগঞ্জে যে সন্ত্রাসী কার্যক্রম করছে, আমরা তার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। রাজবাড়ী জেলা সবসময়ই বিএনপির ঘাঁটি। আমরা আমাদের প্রিয় রাজবাড়ীকে কখনোই অস্থিতিশীল পরিস্থিতিতে পড়তে দিবো না। আওয়ামীলীগ যদি কোনো রকম অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করতে চায় তাহলে আমরা তার সমুচিত জবাব দিবো। রাজবাড়ীতে কোনো রকম সন্ত্রাসী কার্যক্রম বরদাস্ত করা হবে না। তিনি নেতাকর্মীদের ৩১ ডিসেম্বর পর্যন্ত মাঠে সজাগ থাকার আহ্বান জানান।
পড়ুন : বরিশালে নানকের বাসভবনসহ দুইটি বাড়িতে অগ্নিসংযোগ, যুবলীগ নেতাকে মারধর


