দেশের অন্যান্য স্থানের ন্যায় বাগেরহাটের কয়েকটি জায়গায় নৈরাজ্য সৃষ্টি ও সন্ত্রাসী হামলা চালিয়েছে নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের নেতাকর্মীরা। লকডাউন সফল করতে আজ ১৯ নভেম্বর বৃহস্পতিবার ভোর চারটায় বাগেরহাট সদর উপজেলার বারুইপাড়া ইউনিয়নের ৭ নং ওয়ার্ড বিএনপির কার্যালয়ে অজ্ঞাত দুর্বৃত্তরা আগুন ধরিয়ে দেয়। এতে অফিসে থাকা প্রধানমন্ত্রীর ছবি, চেয়ার ও টেবিল পুড়ে যায়। এ সময় বিএনপি কার্যালয়ের দেয়ালে জয় বাংলা ও লকডাউন লিখে দিয়ে যায় তারা। এছাড়া বাগেরহাট-খুলনা মহাসড়কের ফুলবাড়ী বেইলি ব্রিজের পাশে মেইন রাস্তায় গাছ কেটে ফেলে পালিয়ে যায়।
ঘটনার সংবাদ পেয়ে বাগেরহাট সদর মডেল থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে রাস্তার উপর থেকে গাছ সরিয়ে ফেলে। গোপালগঞ্জে আইনশৃঙ্খলা পরিস্থিতি অস্বাভাবিক থাকায় ঢাকা-বাগেরহাট-খুলনা রুটসহ দূরপাল্লার বাস চলাচল বন্ধ রয়েছে। তবে লোকাল বাসসহ অন্যান্য ছোট ছোট যানবাহন চলাচল স্বাভাবিক রয়েছে। এদিকে বাগেরহাট সদর উপজেলা যাত্রাপুর ইউনিয়নের রহিমাবাদ মোড়ের আঞ্চলিক সড়কের উপর দুষ্কৃতিকারীরা রাস্তায় ইট পাটকেল ও টায়ার জ্বালিয়ে পালিয়ে যায়।
বাগেরহাটের আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শামসুল আরেফিন বলেন, দু একটি ঘটনা ব্যতীত বড় কোন সহিংসতার ঘটনা ঘটেনি। বারুইপাড়ায় বিএনপি অফিস পোড়ানোর তথ্য পাওয়া গেছে। তবে এ সকল ঘটনায় কোনো মামলা দায়ের করা হয়নি বলে জানান তিনি।
পড়ুন : বরিশালে নানকের বাসভবনসহ দুইটি বাড়িতে অগ্নিসংযোগ, যুবলীগ নেতাকে মারধর


