সারাদেশে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নৈরাজ্যের প্রতিবাদে চট্টগ্রামের ফটিকছড়িতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) বিকেলে সংসদ সদস্য সরোয়ার আলমগীরের নেতৃত্বে এ কর্মসূচি পালন করা হয়। বিক্ষোভ মিছিলটি চট্টগ্রাম-খাগড়াছড়ি মহাসড়কসহ ফটিকছড়ি সদরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে বিবিরহাট বাসস্টেশন এলাকায় গিয়ে শেষ হয়। পরে সেখানে সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য সরোয়ার আলমগীর বলেন, সারাদেশে একটি গণতান্ত্রিক সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্র শুরু হয়েছে। যারা অতীতে মাফিয়াতন্ত্র কায়েম করেছে এবং তাঁর ভাইদের হত্যা করেছে, তারা আবারও দেশে নৈরাজ্যে মেতে উঠেছে। ২০২৪ সালের ৫ আগস্টের আগে যে জাতীয় ঐক্য সৃষ্টি হয়েছিল, সেই ঐক্য গড়ে তুলে ফ্যাসিবাদীদের বাংলাদেশ থেকে বিতাড়িত করতে হবে।
তিনি আরও বলেন, দলমত নির্বিশেষে প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে ফ্যাসিবাদের বিরুদ্ধে অবস্থান নিতে হবে। ফ্যাসিবাদ যেভাবে পালিয়ে গিয়েছিল, একইভাবে যারা দেশে হত্যাযজ্ঞ চালাচ্ছে, তাদেরও শেখ হাসিনার পথ অনুসরণ করতে হবে।
শান্তিপ্রিয় বাংলাদেশকে যারা অশান্ত করার চেষ্টা করছে, তারা সফল হবে না উল্লেখ করে সরোয়ার আলমগীর বলেন, দেশের মানুষ সজাগ ও সচেতন রয়েছে।
এ সময় প্রশাসনের ভেতরে আওয়ামী লীগের গুপ্তচর রয়েছে বলেও অভিযোগ করেন তিনি। তাঁর ভাষায়, ৫ আগস্টের আগে পুলিশ, প্রশাসন কিংবা আওয়ামী লীগের কোনো পক্ষই শেখ হাসিনা ও তাঁর সন্ত্রাসীদের রক্ষা করতে পারেনি। আবারও জনগণকে ঐক্যবদ্ধ হয়ে ৫ আগস্টের মতো বিপ্লবের মাধ্যমে এসব সন্ত্রাসীকে দেশছাড়া করতে হবে। গণতন্ত্র ও উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখতে সবাইকে মাঠে নামার আহ্বান জানান তিনি।
ফটিকছড়ি পৌরসভা বিএনপির আহ্বায়ক মোবারক হোসেন কাঞ্চনের সভাপতিত্বে এবং উপজেলা বিএনপির সদস্যসচিব জহির আজম চৌধুরীর সঞ্চালনায় সমাবেশে উপস্থিত ছিলেন প্রবীণ বিএনপি নেতা আহমেদ হোসেন তালুকদার, জেলা কৃষক দলের সদস্যসচিব নাজিম উদ্দীন শাহীন, বীর মুক্তিযোদ্ধা মাহবুবুল আলম চৌধুরী, নাজিরহাট পৌরসভা বিএনপির আহ্বায়ক এজহার মিয়া, সদস্যসচিব শাহনেওয়াজ সেবুল, নাছির উদ্দীন, জাহাঙ্গীর আলম চৌধুরী চেয়ারম্যান, মনসুর আলম চৌধুরী, সরোয়ার মফিজ, আজিজ উল্লাহ, হাসানুল কবির, মো. হানজাল্লা, দৌলত মিয়া, আহমদ রশিদ চৌধুরী, জাহেদুল ইসলাম মেম্বার, মো. সাইফুদ্দীন, মোজাহারুল ইকবাল লাভলু, এমদাদুল ইসলাম মুন্না, প্রিন্স ওমর ফারুক, একরামুল হক, সাইফুল হায়দার রাসেল, আরফাত তোষার ও মো. ফোরকানসহ বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
পড়ুন : ঢাকার বসুন্ধরা থেকে দর্শনা পৌরসভার সাবেক মেয়র আতিয়ার রহমান হাবু গ্রেফতার


