চট্টগ্রামের পটিয়ায় আল-জামিয়াতুল মাদানিয়াতুল ইসলামিয়া ও এতিমখানার ৫৩তম বার্ষিক সভা সম্পন্ন হয়েছে।
শুক্রবার (২০ নভেম্বর) দিনব্যাপী ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে এ সভা অনুষ্ঠিত হয়।
১৯৭৭ সালে প্রতিষ্ঠিত এ দ্বীনি শিক্ষাপ্রতিষ্ঠানের বার্ষিক সভায় মাদ্রাসা শিক্ষার গুরুত্ব, ইসলামী শিক্ষার প্রসার, কোরআন-সুন্নাহর আলোকে জীবন পরিচালনা এবং দুনিয়া ও আখিরাতের কল্যাণ নিয়ে আলোচনা করা হয়।
বক্তারা বলেন, দ্বীনি শিক্ষা মানুষকে নৈতিকতা, সততা, মানবিকতা ও আল্লাহভীতির শিক্ষা দেয়। একটি আদর্শ সমাজ ও সুশৃঙ্খল জাতি গঠনে ইসলামী শিক্ষার ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কোরআন-সুন্নাহর শিক্ষা ব্যক্তি, পরিবার ও সমাজজীবনে বাস্তবায়নের মাধ্যমে শান্তি, সম্প্রীতি ও ন্যায়বিচার প্রতিষ্ঠা সম্ভব। নতুন প্রজন্মকে ইসলামী মূল্যবোধে গড়ে তুলতে আলেম-ওলামা, অভিভাবক ও শিক্ষাপ্রতিষ্ঠানকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান তাঁরা।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামিয়া ইসলামিয়া পটিয়ার স্বনামধন্য শায়খুল হাদিস আল্লামা মুফতি শামসুদ্দীন জিয়া। প্রধান মুফাসসির হিসেবে বক্তব্য দেন আল-জামিয়া ইসলামিয়া পটিয়ার সিনিয়র মুহাদ্দিস আল্লামা জাহেদুল্লাহ ও জামিয়া ইসলামিয়া পটিয়ার নির্বাহী পরিচালক আল্লামা জাকারিয়া আল-আজহারি। প্রধান আলোচক ছিলেন জামিয়া আরাবিয়া জিরির সিনিয়র মুহাদ্দিস আল্লামা শাহাদাত হোসেন আরমান।
এ ছাড়া উপস্থিত ছিলেন আঞ্জুমানে ইত্তেহাদুল মাদারিস বাংলাদেশের মহাসচিব আল্লামা আব্দুল জলিল কওকব, হাফেজ আহমদ হোছাইন আজিজী, মাওলানা মহিউদ্দিন মুমেন এবং আল্লামা মুফতি আমিনুল ইসলাম।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাদ্রাসার প্রধান পরিচালক আল্লামা মুফতি নুরুল ইসলাম।
সভা শেষে দেশ, জাতি, মুসলিম উম্মাহর শান্তি ও সমৃদ্ধি এবং প্রতিষ্ঠানের উত্তরোত্তর উন্নতি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।
পড়ুন : সিরাজগঞ্জে চাঁদাবাজির মামলায় পদ স্থগিত, ক্ষমা চেয়ে ছাড় পেলেন বিএনপি নেতা


