গোপালগঞ্জের আইনশৃঙ্খলা পরিস্থিতি পরিদর্শন শেষে জনগণকে শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সহযোগিতার আহ্বান জানিয়েছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকির। সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সন্তোষ প্রকাশ করে তিনি বলেছেন, জনগণ যা চাইবে, সরকার সে অনুযায়ী সিদ্ধান্ত নেবে। আইন ও সংবিধান অনুযায়ী প্রয়োজনীয় সব ব্যবস্থা নেওয়া হবে।
শুক্রবার (২০ নভেম্বর) দুপুরে গোপালগঞ্জে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় এসব কথা বলেন তিনি।
সাংবাদিকদের আইজিপি মো. আলী হোসেন ফকির বলেন, ‘আপনারা এই দেশেরই মানুষ, আপনারা শান্তিপ্রিয়। তাই না? আমি মনে করি, শান্তি ও শৃঙ্খলা রক্ষায় পুলিশসহ অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সহযোগিতা করে এলাকার শান্তি-শৃঙ্খলা বজায় রাখুন। এটি আমার অনুরোধ।’
গোপালগঞ্জের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সন্তোষ প্রকাশ করে আইজিপি বলেন, ‘সার্বিক পরিস্থিতি আজ পর্যন্ত অনেক ভালো দেখছি। আগামীতেও ভালো থাকবে। আপনারা সবাই মিলে যারা অশান্তি তৈরি করে, তাদের বিপক্ষে অবস্থান নিন। তাদের সংখ্যা খুব বেশি নয়।’
দেশে আইন মেনে চলা নাগরিক না থাকলে এবং জনগণ পুলিশকে সহযোগিতা না করলে পুলিশ কীভাবে কাজ করবে—এমন প্রশ্ন তুলে তিনি বলেন, ‘ধরুন, এখানে ১০ লাখ লোক আছে, আর পুলিশ আছে ২০ জন। থানায় যদি এই ২০ জনের প্রতি আপনাদের মানসিক সমর্থন বা সার্বিক সহযোগিতা না থাকে, তাহলে তারা কাজ করতে পারবে না।’
আইজিপি বলেন, ‘আপনারা যদি চান, পুলিশ এখানে দরকার নেই, আপনারা আপনাদের আইনশৃঙ্খলা মেইনটেইন করেন।’
গোপালগঞ্জে সাম্প্রতিক সহিংসতার ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণ প্রসঙ্গে পুলিশপ্রধান বলেন, ‘আপনারা কি চান আইনগত ব্যবস্থা? আসল কথা হলো, জনগণ যা চাইবে, সরকার সেটাই সিদ্ধান্ত গ্রহণ করবে। আইন ও সংবিধান অনুযায়ী যা দরকার, সবই করবে।’
এ সময় নিষিদ্ধ আওয়ামী লীগের লাগাতার কর্মসূচি ঘোষণার বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, ‘বাংলাদেশে আগেও অনেক লাগাতার কর্মসূচি হয়েছে। পরিণতি কী হয়, তা আপনারা দেখেছেন। আমরা শান্তি চাই, আমরা শান্তির পক্ষে।’
এর আগে, সকালে আইনশৃঙ্খলা পরিস্থিতির সর্বশেষ অবস্থা পরিদর্শনে গোপালগঞ্জে পৌঁছান আইজিপি মো. আলী হোসেন ফকির। তাঁর সঙ্গে ছিলেন স্পেশাল রেসপন্স ব্যাটালিয়নের (এসআরবি) মহাপরিচালক ফারুক আহমেদ, বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী এবং আনসার ও ভিডিপির মহাপরিচালক মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদ।
পড়ুন : সিরাজগঞ্জে চাঁদাবাজির মামলায় পদ স্থগিত, ক্ষমা চেয়ে ছাড় পেলেন বিএনপি নেতা


