নেত্রকোনার কেন্দুয়া উপজেলার নওপাড়া ইউনিয়নের পাছহার বড়বাড়ী গ্রামের সড়কটির দুই পাশ ছিল ছোট-বড় অর্ধশতাধিক গাছে ঘেরা। গ্রামীণ পথের চেনা সেই সবুজ দৃশ্যপট হঠাৎই বদলে গেছে। একে একে কেটে নেওয়া হয়েছে রাস্তার দুই পাশের গাছগুলো। এখন ফাঁকা সড়কটির দিকে তাকিয়ে গ্রামবাসীর মনে ঘুরপাক খাচ্ছে কেবল একরাশ প্রশ্ন- গাছগুলো কাটল কারা? কার নির্দেশেই বা এমন কাণ্ড ঘটল? আদৌ কি গাছ কাটার কোনো বৈধ অনুমতি ছিল?
অথচ এমন সহজ প্রশ্নগুলোর কোনো স্পষ্ট উত্তর মিলছে না। বরং গাছ কাটার ঘটনাকে কেন্দ্র করে সামনে এসেছে দুই উপজেলার সীমানা-সংক্রান্ত এক জটিল হিসাব। সেই জটিলতার ফাঁকেই এখন চাপা পড়ে যাওয়ার উপক্রম হয়েছে মূল ঘটনাটি, যা নিয়ে এলাকার সাধারণ মানুষের মধ্যে দানা বেঁধেছে তীব্র ক্ষোভ।
স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলে জানা যায়, সম্প্রতি প্রায় এক সপ্তাহের মধ্যে পাছহার বড়বাড়ী গ্রামের শাহীন মিয়াসহ কয়েকজন মিলে সড়কের দুই পাশের ছোট-বড় অর্ধশতাধিক গাছ কেটে নিয়ে যান। প্রকাশ্যে এতগুলো গাছ কাটার ঘটনায় স্বাভাবিকভাবেই এলাকায় আলোচনার ঝড় ওঠে। সাধারণ মানুষের অভিযোগ, বিষয়টি জানাজানি হওয়ার পর থেকেই প্রভাবশালী একটি মহল ঘটনাটি ধামাচাপা দেওয়ার চেষ্টা চালিয়ে যাচ্ছে।
এরই মধ্যে সবচেয়ে বড় ধোঁয়াশা তৈরি হয়েছে গাছগুলোর মালিকানা নিয়ে। কেটে নেওয়া গাছগুলো সরকারি সম্পত্তি, রাস্তার নিজস্ব গাছ, নাকি ব্যক্তি মালিকানাধীন- তা এখনো পরিষ্কার নয়। ফলে বৈধতা যাচাইয়ের আগেই গাছগুলো সরিয়ে নেওয়ায় জনমনে সন্দেহ আরও ঘনীভূত হয়েছে।
গাছ কাটার বিষয়টি প্রশাসনের নজরে আসার পর সমাধানের বদলে তৈরি হয়েছে নতুন জটিলতা। গত বৃহস্পতিবার সরেজমিনে ঘটনাস্থল পরিদর্শন করেন নওপাড়া ইউনিয়ন ভূমি অফিসের নায়েব আব্দুল জলিল। পরিদর্শন শেষে তিনি জানান, যে স্থান থেকে গাছগুলো কাটা হয়েছে, তার মৌজা পড়েছে পাশের মদন উপজেলায়; কিন্তু প্রশাসনিক এলাকা হিসেবে জায়গাটি কেন্দুয়া উপজেলার অন্তর্ভুক্ত।
নায়েবের বক্তব্যের পরই কেন্দুয়া উপজেলা প্রশাসনের প্রাথমিক অবস্থান নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে। এ বিষয়ে কেন্দুয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নাঈম উল ইসলাম চৌধুরী বলেন, ঘটনাটি জানার পর তিনি নওপাড়া ইউনিয়নের নায়েবকে সরেজমিনে ঘটনাস্থলে পাঠিয়েছিলেন। নায়েবের দেওয়া পরিদর্শন প্রতিবেদনে ঘটনাস্থল মদন উপজেলায় বলে উল্লেখ করা হয়েছে। সে কারণে মদন উপজেলা প্রশাসন এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেবে বলে জানান তিনি।
একদিকে ভূমি কর্মকর্তার বক্তব্য অনুযায়ী মৌজা মদন উপজেলায় হলেও প্রশাসনিক সীমানা কেন্দুয়ার; অন্যদিকে প্রশাসনের পক্ষ থেকে দায়িত্ব ঠেলে দেওয়া হচ্ছে মদন উপজেলার দিকে। দুই ধরনের ভাষ্যের কারণে পুরো বিষয়টি অদ্ভুত অচলাবস্থায় আটকে গেছে। স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠেছে- এই ঘটনার তদন্ত আসলে কোন উপজেলা প্রশাসন করবে? গাছ কাটার অনুমতি দেওয়ার এখতিয়ার কার ছিল এবং কাটা গাছের বৈধতা যাচাইয়ের দায়িত্বই বা কে নেবে?
প্রশাসনিক টানাপোড়েন দেখে ক্ষুব্ধ ও হতাশ পাছহার বড়বাড়ী গ্রামের মানুষ। স্থানীয়দের সংশয়, দুই উপজেলার সীমানা নিয়ে দীর্ঘদিনের জটিলতার সুযোগ নিয়েই কি নির্বিঘ্নে অর্ধশতাধিক গাছ কেটে নেওয়া হয়েছে? প্রশাসনিক নজরদারির ফাঁকফোকর জানা থাকায় কেউ ইচ্ছাকৃতভাবে এই পথ বেছে নিয়েছে কি না, তা নিয়েও চলছে নানা আলোচনা।
এদিকে, গাছ কাটার অভিযোগের বিষয়ে বক্তব্য জানতে পাছহার বড়বাড়ী গ্রামের শাহীন মিয়ার সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তার বক্তব্য পাওয়া যায়নি।
এলাকাবাসীর স্পষ্ট দাবি, সীমানার অজুহাতে কোনোভাবেই যেন ঘটনাটি আড়াল না হয়। কেন্দুয়া ও মদন- সংশ্লিষ্ট দুই উপজেলা প্রশাসনের সমন্বয়ে দ্রুত সরেজমিনে নিরপেক্ষ তদন্ত পরিচালনা করা হোক। সেই তদন্তের মাধ্যমেই প্রকাশ্যে আসুক গাছগুলোর প্রকৃত মালিকানা, কাটার অনুমতির সত্যতা এবং নেপথ্যে থাকা ব্যক্তিদের পরিচয়। নইলে সীমানার কাগজে-কলমে হিসাব কষতে কষতেই হারিয়ে যাবে গ্রামের সবুজ আর প্রশাসনিক জবাবদিহির ন্যূনতম ভরসাটুকু।
পড়ুন : আন্তর্জাতিক আদালতের রায় ‘ন্যায়সঙ্গত’ হয়নি বলে প্রতিক্রিয়া মিয়ানমারের


