নারায়ণগঞ্জের বন্দরে বেপরোয়া গতির মোটরসাইকেল ও যাত্রীবাহী অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে ছয় মাস বয়সী শিশু সাইফান নিহত হয়েছে। এ ঘটনায় শিশুটির মা সুমী বেগম (২৫) ও খালা শারমিন বেগম (২৯) গুরুতর আহত হয়েছেন। স্থানীয়রা আহতদের উদ্ধার করে বন্দর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠিয়েছেন।
শনিবার (২১ নভেম্বর) দুপুর সোয়া ২টার দিকে বন্দর উপজেলার মদনগঞ্জ-মদনপুর সড়কের ফরাজীকান্দা এলাকায় দেলোয়ার প্রধানের পেট্রোল পাম্পের সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহত শিশু সাইফান বন্দর থানার সোনাকান্দা এনায়েতনগর এলাকার তোফাজ্জল মিয়ার বাড়ির ভাড়াটিয়া ও দিনমজুর মোজাম্মেল মিয়ার ছেলে।
এ ঘটনায় উত্তেজিত জনতা দুর্ঘটনাকবলিত মোটরসাইকেলটি (পটুয়াখালী-ল-১১-০৮৬৬) আটক করে চালক ইয়াসিন আরাফাতকে পুলিশের কাছে সোপর্দ করে। আটক ইয়াসিন আরাফাত সিদ্ধিরগঞ্জ থানার পাঠানটুলি এলাকার পিয়ার আলী মিয়ার ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানান, শনিবার দুপুরে ফরাজীকান্দার দেলোয়ার প্রধানের পেট্রোল পাম্প থেকে তেল নিয়ে বেপরোয়া গতিতে বের হচ্ছিল মোটরসাইকেলটি। এ সময় চালক নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী অটোরিকশাটিকে সামনে থেকে সজোরে ধাক্কা দেন। এতে অটোরিকশায় থাকা ছয় মাসের শিশু সাইফান ঘটনাস্থলেই নিহত হয়। এ ঘটনায় তার মা ও খালা গুরুতর আহত হন।
দুর্ঘটনার খবর পেয়ে বন্দর থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন বন্দর থানার উপপরিদর্শক (এসআই) মামুন ইসলাম।
বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জামাল উদ্দিন জানান, এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে। মোটরসাইকেল চালক পুলিশ হেফাজতে রয়েছেন।
পড়ুন : টাঙ্গাইলে গ্রামীণ ব্যাংকের শাখা অফিসে পেট্রোল ঢেলে আগুন


