সীমান্তে অবৈধ অনুপ্রবেশ ও চোরাচালান বিরোধী পৃথক অভিযান চালিয়ে বিগত আড়াই মাসে ১৭৫ জনকে আটক করেছে মহেশপুর ৫৮ বিজিবি ব্যাটেলিয়ন। পৃথক এসব অভিযানে জব্দ করা হয়েছে আনুমানিক ৪ কোটি ৩৮ লাখ ৮২ হাজার ২৬৯ টাকা মূল্যের মাদক ও অন্যান্য চোরাই মালামাল। এ ছাড়া সীমান্ত দিয়ে পুশইন ঠেকাতে টহল ও নজরদারি জোরদার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) এর মহেশপুর ৫৮ ব্যাটেলিয়ন।
আজ শনিবার (২১ নভেম্বর) বেলা দেড়টার দিকে মহেশপুর ৫৮ বিজিবি ব্যাটেলিয়ানের সহকারী পরিচালক ইমদাদুর রহমানের পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, মহেশপুর ব্যাটালিয়ন (৫৮ বিজিবি) নিরলস প্রচেষ্টার মাধ্যমে ঝিনাইদহের মহেশপুর ও চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার সীমান্ত এলাকা থেকে গত আড়াই মাসে প্রায় ৪ কোটি ৩৮ লাখ ৮২ হাজার ২৬৯ টাকা মূল্যের মাদক ও অন্যান্য চোরাচালানি মালামাল জব্দ করা হয়েছে। সেই সাথে সীমান্ত এলাকা থেকে অবৈধ অনুপ্রবেশ ও চোরাচালানের অভিযোগে অন্তত ১৭৫ জনকে আটক করেছে বিজিবি।
এ ছাড়া গত ১ সেপ্টেম্বর থেকে চলতি মাসের ২০ তারিখ পর্যন্ত মহেশপুর ৫৮ বিজিবি ব্যাটেলিয়নের অধীন সীমান্ত এলাকায় পরিচালিত পৃথক অভিযানে ২টি আগ্নেয়াস্ত্র, ৪ রাউন্ড তাজা গুলি উদ্ধার করা হয়। বিজিবির বিশেষ অভিযানে উদ্ধার করা হয় ৫৭৫ দশমিক ০৩ গ্রাম স্বর্ণ।
বিজ্ঞাপ্তিতে আরও বলা হয়েছে, মহেশপুর ৫৮ বিজিবির পৃথক টহল দল সীমান্তের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে গত আড়াই মাসে ১ হাজার ২৫২ বোতল বিদেশি মদ জব্দ করেছে। একই সাথে ৫ হাজার ৯৫৭ বোতল ভারতীয় নেশা জাতীয় নিষিদ্ধ সিরাপ, ৬ হাজার ৭৪৩ পিস ইয়াবা ট্যাবলেট, ৪৯ কেজি ৭২ গ্রাম গাঁজা ও ৮ হাজার ৩৬১ পিস নেশাজাতীয় ট্যাবলেট জব্দ করা হয়েছে। এসব ঘটনায় ঝিনাইদহের মহেশপুর ও চুয়াডাঙ্গার জীবননগর থানায় একাধিক মামলাও দায়ের হয়েছে।
মহেশপুর ৫৮ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. রফিকুল আলম বলেন, সীমান্তের ঝুঁকিপূর্ণ এলাকাসমূহ চিহ্নিত করে টহল বৃদ্ধি, গোয়েন্দা নজরদারি জোরদার এবং স্থানীয় প্রশাসন ও পুলিশের সমন্বয়ে যৌথ টাস্কফোর্স অভিযান পরিচালনা করা হচ্ছে। পাশাপাশি সীমান্তবর্তী জনগণের মধ্যে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে মতবিনিময় সভা ও জনসচেতনতামূলক কার্যক্রম অব্যাহত রয়েছে। সীমান্ত এলাকায় শান্তি-শৃঙ্খলা বজায় রাখা এবং যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় বিজিবি সদস্যরা সর্বদা সতর্ক ও প্রস্তুত রয়েছে।
পড়ুন : টাঙ্গাইলে গ্রামীণ ব্যাংকের শাখা অফিসে পেট্রোল ঢেলে আগুন


